০৬:০৭ পি.এম
রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. কাউসার হোসেন (২৭), তানভীর হাসান (২৩), মো. সাগর (৩২), মো. শামীম (২৯), মো. ইয়াসিন আরাফাত (২৫), মো. নূর আল হোসেন (৩২), মো. দুলাল (৪৫), মো. জাহিদ হোসেন (২৯), মো. লিটন (১৮), মো. রাজিন (১৯), ওমর ফারুক (২৯), মো. কাউসার ইসলাম (১৯) এবং অপরাধে জড়িত এক শিশু।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন বিবিসিএল অফিসের বিপরীত পাশে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৩১৬টি চোরাই মোবাইল, ৯টি ট্যাব এবং বিপুল পরিমাণ মোবাইল এক্সেসরিজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে যে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করে আসছিল। পরে, সংগৃহীত এসব চোরাই মোবাইল তারা গুলিস্তানের গোলাপ শাহ মাজার মোড় সংলগ্ন ফুটপাতে বেআইনিভাবে ক্রয়-বিক্রয় করত। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন