০৮:১৫ পি.এম
যুক্তরাষ্ট্র ইরানকে তেল বিক্রির প্রতি সাময়িক ছাড় দিয়েছে। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে। এই লাইসেন্সের আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনুমোদিত থাকবে।
সোমবার (২২ জুন) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। একইসাথে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে তারা রাজি হয়েছে।
বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ এবং সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তিনি আরও জানান, ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স জারি করছে।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক ইতোমধ্যে শেষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে হওয়া এই সমঝোতাতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ-চলাচল পুনরুদ্ধার ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনও বিস্তারিত কোনও তথ্য দেয়নি।
সূত্র : আল জাজিরা
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন