ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব


ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় একটি তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব আয়োজন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র এবং স্মৃতি পরিষদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. ইব্রাহিম সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। সংগঠনের প্রধান উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র এবং কবি আল মাহমুদের মামা হাফিজুর রহমান মোল্লা কচি চিন্তা-ভাবনা ও লিখিত বক্তব্য পাঠ করেন। এই সময় পরিষদের উপদেষ্টা এইচ. এম. বাশারও উপস্থিত ছিলেন।

বাংলা সাহিত্য এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি এবং সাহিত্যিক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হবে। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় এই তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা ভাষা এবং সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি আল মাহমুদের সাহিত্য, জীবনদর্শন ও সৃজনকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখাই স্মরণোৎসবের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।

আগামী ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিভিত্তিক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নতুন এই স্মরণোৎসবের সূচনা ৯ জুলাই সকালে কবি আল মাহমুদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলের মাধ্যমে হবে। এরপর বিকেলে নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১০ জুলাই সকালে কবির রচনা পাঠ এবং স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এরপর বিকেলে ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ এবং রাতে ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভাগুলিতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

১১ জুলাই বিকেলে কবিতা পাঠ এবং স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মো. ইব্রাহিম সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ বলেন, কবি আল মাহমুদের সাহিত্য, চিন্তা ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই স্মরণোৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি স্মরণোৎসব সফল করতে সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তারা।

আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতের দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন।

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তামিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অবস্থিত।

ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে এবং পরবর্তীকালে ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে অগ্নিদগ্ধ ৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেদিন ঢাকা নেওয়ার পথে দগ্ধ গ্রিজার মো. রুবেল এবং শাহ আলম মারা যান। নিহত মো. রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়, আর শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরী রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ ১ জুলাই সকালে ছাড়পত্র পেয়েছিলেন। জানা গেছে, তারা বর্তমানে সুস্থ আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টি বিশ্বকাপে নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টি বিশ্বকাপে নেই

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির জাদুকরী গোল আলজেরিয়ার জালে স্পর্শ করতেই ঢাকার রাজপথ উল্লাসে ফেটে পড়ে। গায়ে আর্জেন্টিনার আকাশি-নীল জার্সি জড়ানো এই সমর্থকরা কেউই আর্জেন্টিনার নাগরিক নয়; তারা সবাই বাংলাদেশি। শুধু ঢাকা নয়, ভারত থেকে জাকার্তা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোটি কোটি মানুষের ফুটবলের প্রতি আবেগ এভাবে চলে আসে অন্য দেশের জয়-পরাজয়কে কেন্দ্র করে।

বিবিসির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উন্মাদনার আড়ালে লুকানো একটি দীর্ঘশ্বাসের গল্প। বিশ্বের অন্যতম জনবহুল এই অঞ্চলের দেশগুলো নিজেদের কেন কখনোই বিশ্ব ফুটবলের মহোৎসবে জায়গা করে নিতে পারছে না, তার একটি গভীর বিশ্লেষণ দেখা গেছে।

আসলেই কি আকার বা জনসংখ্যা গুরুত্বপূর্ণ?

তাত্ত্বিকভাবে বলা হয়, জনসংখ্যা যত বেশি, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার সুযোগ তত উন্নত। কিন্তু ২০২৬ সালের আসরের দিকে তাকালে দেখা যায়, বিশ্বের শীর্ষ ১০টি জনবহুল দেশের মধ্যে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল খেলার যোগ্যতা অর্জন করেছে। চীন বা ইন্দোনেশিয়া মাত্র একবার করে বিশ্বকাপে অংশ নিয়েছে। অন্য দুটি দেশ - রাশিয়া ও নাইজেরিয়া আগের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছিল। কিন্তু ভারত, বাংলাদেশ ও পাকিস্তান এখনো কেবল স্বপ্নই দেখে চলেছে।

যদিও ভারত ১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়ম অনুযায়ী খেলার যোগ্যতা অর্জন করেছিল, তবে প্রতিযোগিতা শুরু হওয়ার এক মাসেরও কম সময় আগে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।

ব্রিটিশ অর্থনীতিবিদ ও ‘সকারনমিকস’ গ্রন্থের সহলেখক স্টেফান শিমানস্কির মতে, ফুটবলে সফল হতে জনসংখ্যা কেবল একটি প্রাথমিক উপাদান। এর সাথে প্রয়োজন তিনটি মূল স্তম্ভ:

অর্থনৈতিক সমৃদ্ধি ও মূলধন: ফুটবলীয় অবকাঠামো এবং উন্নত প্রশিক্ষণ সুবিধার জন্য অর্থের যোগান অপরিহার্য। সাধারণত কোনো বড় শিরোপা জিততে দেশের মাথাপিছু বার্ষিক আয় কমপক্ষে ১৫,০০০ ডলার হওয়া প্রয়োজন।

অভিজ্ঞতালব্ধ জ্ঞান: ব্রাজিল ও আর্জেন্টিনার মাথাপিছু আয় কম হলেও তারা সফল, কারণ তাদের রয়েছে এক শতাব্দীরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবল খেলার অভিজ্ঞতা।

প্রতিযোগিতামূলক ম্যাচ: ইউরোপ বা দক্ষিণ আমেরিকার দেশগুলো দীর্ঘদিন ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে, যা এশিয়া বা আফ্রিকার অনেক দেশ পায়নি। উদাহরণস্বরূপ, মাত্র ৩৫ লক্ষ মানুষের দেশ উরুগুয়ে ১৯০২ সাল থেকে আন্তর্জাতিক ফুটবল খেলছে এবং দুটি বিশ্বকাপ জিতেছে।

আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেগুলোর রাষ্ট্র হিসেবে ইতিহাস তুলনামূলকভাবে নতুন কিংবা যেখানে ফুটবলের বিকাশ পরে শুরু হয়েছে, তাদেরও অন্যদের সমকক্ষ হতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

তবে কিছু দেশ ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছেন। যেমন - ১৯৫৬ সালে স্পেন ও ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়া মরক্কো ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ইতিহাসের একমাত্র আফ্রিকান দেশ হয়ে যায়।

অন্যদিকে, ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে অংশ নিয়ে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে শেষ চার দলে পৌঁছানো ইতিহাসের একমাত্র এশীয় দেশ হয়।

তবে শিমানস্কি বলেন, “এরপর আমরা ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশসহ আরও কিছু দেশকে দেখি, যারা এখনো সেই ব্যবধান কমিয়ে আনতে পারছে না। মূলত পর্যাপ্ত সম্পদ ও সক্ষমতার অভাবের কারণে এসব দেশ পিছিয়ে রয়েছে।”

বিভিন্ন দেশের চিত্র: সংকট ও সীমাবদ্ধতা

ইথিওপিয়ার পরিকাঠামোর সংকট: ২০১৪ সালে ইথিওপিয়া বিশ্বকাপের কাছাকাছি গেলেও বর্তমানে তারা তীব্র মাঠ সংকটে ভুগছে। বর্তমানে ইথিওপিয়ার ফুটবল এমন এক পরিস্থিতির মুখোমুখি, যাকে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম খেলাটিতে চরম বিনিয়োগ-সংকট বলে বর্ণনা করছে। এর একটি উদাহরণ হলো দেশটির চলমান পেশাদার লিগে ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত মাঠের সংকট দেখা দেওয়ায় পুরো মৌসুমই সমস্যার মধ্যে পড়েছে।

ইথিওপিয়ার পেশাদার লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা কিফলে সাইফে ২৭ জুন দ্য রিপোর্টার পত্রিকাকে জানান, “এই মৌসুমে আমরা মাত্র তিনটি অনুমোদিত মাঠ ব্যবহার করে ৩৮০টিরও বেশি ম্যাচ আয়োজন করেছি।”

ভারত ও বাংলাদেশ: ভারতের সাবেক ফুটবলার শ্যাম থাপার মতে, আইপিএলের আকাশচুম্বী আর্থিক সাফল্যের কারণে মধ্যবিত্ত পরিবারগুলো সন্তানদের ফুটবলের চেয়ে ক্রিকেটের দিকে বেশি ঠেলে দিচ্ছে। তবে বাংলাদেশের অদিতে করিম এই যুক্তি মানতে নারাজ। তার মতে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেটে পরাশক্তি হয়েও ফুটবলে উন্নতি করছে। আসল সমস্যা হলো দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব।

চীন: অলিম্পিকে সফল হলেও ফুটবলে চীন ব্যর্থ। ফুটবল বিশেষজ্ঞ মার্ক ড্রায়ারের মতে, ফুটবলের সিদ্ধান্তগুলো অভিজ্ঞদের হাতে না রেখে ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কোটি কোটি ডলার বিনিয়োগের পরও চীন ২০০২ সালের পর বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি।

ইন্দোনেশিয়া: ১৯৩৮ সালে নেদারল্যান্ডসের উপনিবেশ ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ নামে ইন্দোনেশিয়া বিশ্বকাপে খেলেছিল। তবে ২০২৬ সালের বাছাইপর্বে দক্ষিণ-পূর্ব এশিয়র এই দলটি বেশ ভালো খেলেছে এবং শেষ বাছাইপর্ব পর্যন্ত পৌঁছেছিল। তবে সেই সাফল্যের পেছনে নিজেদের দেশে গড়ে ওঠা খেলোয়াড়দের চেয়ে ইউরোপে বেড়ে ওঠা ইন্দোনেশীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের দলে নেওয়ার সিদ্ধান্তই বেশি ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।

বিবিসির ইন্দোনেশিয়া বিভাগের সংবাদ সম্পাদক জেরোম উইরাওয়ান বলেন, “কখনো কখনো ইন্দোনেশিয়ার প্রথম একাদশে আট বা নয়জন ইউরোপে জন্ম নেওয়া খেলোয়াড় ছিল।”

এছাড়া, ফুটবল পরিচালনাকারী সংস্থার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে আন্তর্জাতিক ফুটবল সংস্থা পাকিস্তানকে তিনবার আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশ ও পাকিস্তান এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ছয়টি ম্যাচ খেললেও দুটি দলই একটি ম্যাচেও জয় পায়নি।

ফুটবল উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হতে চান না এই দেশের মানুষ। অদিতে করিমের ভাষায়: “বর্তমান বাস্তবতায় আমার জীবদ্দশায় বাংলাদেশকে বিশ্বকাপে দেখা হয়তো সম্ভব নয়। তবে ফুটবলের এই বৈশ্বিক মহোৎসবের প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করব।”

নিজের দেশের অনুপস্থিতিতেও ফুটবলের প্রতি এই নিঃশর্ত ভালোবাসাই দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্কৃতির সবচেয়ে বড় সৌন্দর্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭১ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭১ জন

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু’জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৩ জন রয়েছেন।

এই সময়ে ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৪০৪ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৪ শতাংশ নারী। এই বছর ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ, সদস্য সচিব ইফতেহার নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ইবি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ, সদস্য সচিব ইফতেহার নির্বাচিত

জাতীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এই কমিটিতে আহ্বায়ক হিসেবে ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন তামিম এবং মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমানকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। রবিবার (৫ জুলাই) কেন্দ্রীয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবমনোনীত সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, "সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে স্মরণ করছি চব্বিশের শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠন এর একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেনো শহীদদের সেই আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি।"

নবমনোনীত আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, "আমরা মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান-সহ এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগ করা প্রতিটি শহীদের আকাঙ্খাকে ধারণ করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা দলীয় এজেন্ডার বাহিরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করে যাবো ইনশাআল্লাহ। আমরা ধর্ম বর্ণ লিঙ্গের উর্ধ্বে গিয়ে একটি নতুনধারার মধ্যমপন্থী রাজনীতি বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি। এই পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা পাশে চাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%