০৮:১০ এম
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবরটি সংগঠনটি নিশ্চিত করেছে। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
সামির আবু ইউনুসের পূর্বে রাফাহ ব্রিগেডের দায়িত্ব পালন করেছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। তার মৃত্যুর পর সামির আবু ইউনুস দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি অনুযায়ী, হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া অন্যান্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া ও প্রার্থীরা
তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। হামলাটির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। হামাসের বক্তব্য, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দাবি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্রগুলো সুরক্ষিত।
এর আগে হামাস এক বিবৃতিতে বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কারে আদালতের নতুন নির্দেশনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন