ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

পোরশায় ১০ কন্যাশিশুকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান


পোরশায় ১০ কন্যাশিশুকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান

নওগাঁর পোরশায় বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ১০ জন কন্যাশিশুকে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদের হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় গার্লস সাপোর্ট প্রকল্পের আওতায় এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ছাওড় ও নিতপুর ইউনিয়নের নির্বাচিত ১০ জন কন্যাশিশুকে শিক্ষার সহায়তা হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, কন্যাশিশুদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, ঝরে পড়া রোধ করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ সময় ডাসকো ফাউন্ডেশনের সমন্বয়ক মিঃ ম্যানুয়েল টুডু, প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কন্যাশিশুদের অভিভাবক এবং এলআরপি-৫৭-এর স্টাফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পূর্বধলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা, গঠন হলো নির্মূল কমিটি

বক্তারা বলেন, "কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।" তারা আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষা বৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত কন্যাশিশুরা পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত কন্যাশিশু ও তাদের অভিভাবকদের হাতে শিক্ষা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে।

 

এই সহায়তার অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পের ৩ ও ৪ নম্বর ক্যাম্পে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করতে এবং তাদের পাশে থাকতে সংযুক্ত আরব আমিরাত এই সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

 

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করা।

সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমো হ্যাকারের ‘গোয়ালঘরেও’ এসি, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ইমো হ্যাকারের ‘গোয়ালঘরেও’ এসি, গ্রেপ্তার ৪

 

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যদের গরুর গোয়ালঘর পর্যন্ত এসি রয়েছে, তবে তাদের কোনো নির্দিষ্ট কর্ম নেই। পুলিশ এই চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যানড্রয়েড মোবাইল এবং ৩১ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

লালপুর থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২৫ আগস্ট ভোর ৩টা ২৫ মিনিটে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া এলাকায় সাগর আহম্মেদের বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)।

 

তারা সকলেই লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ব্যবহৃত ঘরটি বাইরের দিকে সাধারণ গোয়ালঘরের মতো মনে হলেও ভেতরে আধুনিক সুযোগ-সুবিধা ছিল। এমনকি ঘরের ভেতরে এসি লাগানো ছিল, যার মাধ্যমে তারা দীর্ঘ সময় ধরে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত।

 

তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানার রেকর্ড যাচাই করে জানা গেছে, প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে পূর্বে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হ্যাকার চক্রকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো মঙ্গলবার বলেছেন, মিডফিল্ডার রদ্রিকে দলে না পেলেও নিজের স্কোয়াড নিয়ে তিনি ‘খুবই সন্তুষ্ট’ এবং তার মতে দলটি পূর্ণাঙ্গ। রদ্রি এবারের গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিয়েছে।

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে। রেকর্ড মূল্যের নতুন সংযোজন ইয়ান দিয়োমান্দে, বার্নান্ডো সিলভা ও মার্ক কুকুরেয়াসহ ছয়জন খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। তবে রদ্রিকে দলে ভেড়ানোর রিয়ালের চেষ্টা সফল হয়নি। ফলে সাবেক ম্যানচেস্টার সিটি প্লেমেকার সিলভাকে ছাড়া মিডফিল্ডে আর কোনো শক্তি যোগ করতে পারেনি মাদ্রিদ।

মরিনহো সাংবাদিকদের বলেন, “আমার কাছে স্কোয়াড সম্পূর্ণ, কিন্তু ট্রান্সফার মার্কেট এখনো খোলা- কখন কী হয় বলা যায় না। কোনো খেলোয়াড় এসে বলতে পারে, ‘আমি দুইবার বেঞ্চে বসেছি এবং চলে যেতে চাই।’”

“তাত্ত্বিকভাবে আর কোনো চুক্তি নয়... তবে যেকোনো কিছু ঘটতে পারে। আমার মনে হয়েছে স্কোয়াড পুরোপুরি সম্পূর্ণ এবং আমি কারও জন্য অনুরোধ করিনি। আমার হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে আমি খুবই সন্তুষ্ট।”

২০২৪ ও ২০২৫ সালে মিডফিল্ডের দুই মাস্টারমাইন্ড লুকা মদ্রিচ ও টনি ক্রুস চলে যাওয়ার পর থেকে ম্যাচ নিয়ন্ত্রণে রিয়াল মাদ্রিদকে বেশ কিছুটা সংগ্রাম করতে হচ্ছে।

শনিবার লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলের জয় পায় মরিনহোর দল। ওই ম্যাচে মিডফিল্ডে বার্নান্ডো সিলভা ও ফেডেরিকো ভালভার্দে একসঙ্গে খেলেন।

মরিনহো জানান, ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়েন টিচুয়ামেনি বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত নন।

“তার একটি সমস্যা আছে। ছুটির সময়টা ইনজুরি থেকে সেরে ওঠার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচগুলো এগিয়ে আসায় খেলোয়াড়টি চেষ্টা করতে চেয়েছিল... কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভুগতে ভুগতে একটি মৌসুম শুরু করা যায় না,” ব্যাখ্যা করেন কোচ।

“মৌসুমের শেষ দিকে, শেষ কয়েক মাসে কিছুটা কষ্ট নিয়ে খেলেও শেষ করা যায়। কিন্তু আগস্টে শতভাগ ফিট না হয়ে মৌসুম শুরু করা যায় না। তাই আমরা তার সঙ্গে, কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, তাকে শতভাগ ফিট অবস্থায় ফিরিয়ে আনব।”

উরুগুয়ের আন্তর্জাতিক খেলোয়াড় ভালভার্দেও উপর মিডফিল্ডার হিসেবে মরিনহোর পূর্ণ আস্থা রয়েছে। যদিও আগের কোচরা তাকে রাইট-ব্যাক ও রাইট উইঙ্গারসহ বিভিন্ন পজিশনে খেলিয়েছেন।

“আমার কাছে সে মাঠের মাঝখানের একজন খেলোয়াড়,” যোগ করেন মরিনহো।

“প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য অনুযায়ী, সে নিজের পজিশনে আরও নির্দিষ্টভাবে খেলতে পারে, আবার আরও স্বাধীনভাবে চলাফেরাও করতে পারে।”

আধুনিক ফুটবলে খেলোয়াড়দের নির্দিষ্ট পজিশনের গুরুত্ব কমে গেছে বলেও মন্তব্য করেন মরিনহো, “আমি টিচুয়ামেনিকে ৬ নম্বর, কামাভিঙ্গাকে ৬ নম্বর, ফেডেরিকোকে ৮ নম্বর, বার্নান্ডোকে ১০ নম্বর হিসেবে চিহ্নিত করতে চাই না... ম্যাচের মধ্যে এসব পজিশনের সীমারেখা অনেকটাই মিশে যায়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যের অভিযোগে ভারতের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং তাদের তিন শীর্ষ কর্মকর্তার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্র ও অর্থ দপ্তরের নতুন তালিকা সোমবার (২৪ আগস্ট) স্থানীয় সময় প্রকাশিত হয়। মধ্যপ্রাচ্য ও এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যের টানাপোড়েনের প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই হঠাৎ পদক্ষেপ ভারতীয় ব্যবসাসংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভারতভিত্তিক কাস্টমস ব্রোকার প্রতিষ্ঠান ‘পোর্টইজ পার্টনার্স এলএলপি’ ভারতে ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের একাধিক বড় চালান আমদানিতে সহায়তা করেছে। এই কারণে সংস্থাটির পাশাপাশি এর দুই মনোনীত অংশীদার এবং ভারতীয় নাগরিক ইন্দ্রিষ্মায়া আশারাফমায়া শেখ ও হরিশ রামচন্দ্র রাঙ্গির বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞার আওতায় আসা দ্বিতীয় প্রতিষ্ঠান হলো ভারতভিত্তিক ‘সদাশিবা ওভারসিজ লিমিটেড’। মার্কিন অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে ওয়াশিংটনের আগের নিষিদ্ধ তালিকায় থাকা সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ (৬৯ মিলিয়ন) ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য ক্রয় ও পরিবহন করেছে তারা। মার্কিন নির্বাহী আদেশ ইও ১৩৮৪৬ লঙ্ঘন করায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

‘পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড’ এবং ‘প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ নামের আরও দুটি ভারতীয় সংস্থাও একই নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পিপি সফটটেক প্রায় ২ কোটি ৫০ লাখ ডলারের ইরানি তেলজাত পণ্য আমদানি করে, যার ফলে এর পরিচালক প্রশান্ত গার্গও নিষেধাজ্ঞার আওতায় পড়েন। অপরদিকে প্রকৃতিস ইনফ্রার বিরুদ্ধে ২০২৩ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যায় পর্যন্ত আড়াই কোটি ডলার সমমানের পণ্যের লেনদেনের তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

বিশ্ববাজারে ওয়াশিংটনের তরফ থেকে তেহরানের ওপর চাপানো অর্থনৈতিক অবরোধ ও মাধ্যমিক নিষেধাজ্ঞার কারণে ভারতের কোম্পানিগুলোর মার্কিন অর্থব্যবস্থা বা আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদারিত্বে অংশ নেওয়ার সুযোগ অনেকটাই ঝুঁকির মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%