০৩:২০ পি.এম
দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি প্রতিষ্ঠিত। তার হাত ধরেই ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
আরও পড়ুন: পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত, এখন কেমন আছেন?
মামুনুর রশীদ ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মাধ্যমে সেই আগ্রহের সূচনা ঘটে। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৬০-এর দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটকের নাম ‘চেনামুখ’। স্বাধীনতার পর নাট্যচর্চাকে আরও বিস্তৃত করতে তিনি প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মামুনুর রশীদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন।
আরও পড়ুন: বারী সিদ্দিকীর নবম প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন