ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান


গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে বর্তমানে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তাণ্ডবের কারণে ওই এলাকার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

রাশেদ খান বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের কারণে এক ভয়াবহ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রেল যোগাযোগ বিঘ্নিত হচ্ছে, সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও জানান, গোপালগঞ্জে পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক বিশাল সাপ্লাই চেইন নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: প্রকৃত কারণ অজ্ঞাত, তদন্তের সুপারিশ কমিটির

পোস্টে রাশেদ খান উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদেরকে গোপালগঞ্জে নিরাপদ মনে করছেন না এবং স্বাভাবিক দায়িত্ব পালন করতে ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে।

সবশেষে তিনি বলেন, এই অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে শফিকুল আলমের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে শফিকুল আলমের মন্তব্য

নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘ডেইলি ওয়াদার’ সম্পাদক শফিকুল আলম। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তটি শ্রমিক ও ট্রেড ইউনিয়নের একটি বিজয় হিসেবেই দেখা উচিত, কিন্তু এটি পুরো শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং নতুন আশার যুগের সূচনা করবে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন মজুরিকাঠামোর বহুমুখী প্রভাব তুলে ধরেন তিনি। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, নতুন ন্যূনতম মজুরি পোশাকশিল্পের মালিকদের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। যদি সব কারখানায় এই মজুরি সমানভাবে কার্যকর হয়, তবে পুরো শিল্প খাতে বড় পরিবর্তন আসবে। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদনশীলতা বাড়ানো। যেসব কারখানা ব্যাপকভাবে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি চালু করেছে, তারা টিকে থাকবে এবং এগিয়ে যাবে; এমনকি কিছু কারখানায় এক লাখেরও বেশি শ্রমিক কাজ করতে পারেন। অন্যদিকে, কম উৎপাদনশীল কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে অথবা বড় শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যাবে।

মজুরি বৃদ্ধির অর্থনৈতিক ও আন্তর্জাতিক দিক তুলে ধরে তিনি লেখেন, ১৭ হাজার টাকা প্রায় ১৪০ মার্কিন ডলারের সমান। অভিজ্ঞ শ্রমিকদের বেতন ১৭০ ডলারের কাছাকাছি হবে এবং ওভারটাইমসহ অনেকের মাসিক আয় দাঁড়াবে ২০০ থেকে ২৫০ ডলারে। এই মজুরি বৃদ্ধির ফলে বাংলাদেশ পোশাকশিল্পের প্রতিযোগী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মিসরের তুলনায় এগিয়ে যাবে। এর ফলে প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান বদলাবে এবং স্বামী-স্ত্রী উভয়ের আয় থাকলে তাঁদের পক্ষে দুই কক্ষের বাসা ভাড়া নেওয়া সহজ হবে।

দেশের ভাবমূর্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের নেতিবাচক ভাবমূর্তি কাটতে শুরু করবে। পশ্চিমা ভোক্তা অধিকার সংগঠনগুলোর জন্য বাংলাদেশে ‘সোয়েটশপ’ বা শ্রমিক শোষণের কারখানা রয়েছে—এমন প্রচার চালানো কঠিন হয়ে পড়বে। যেসব শ্রম অধিকার সংগঠন বছরের পর বছর মালিকদের ওপর চাপ সৃষ্টি করেছে, তারাও ঢাকায় এসে এই অর্জন উদ্‌যাপন করবে।

পশ্চিমা ক্রেতাদের ভূমিকা ও রপ্তানির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, পশ্চিমা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা পোশাকের ক্রয়মূল্য কিছুটা বাড়ালেও তা মালিকদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। বরং ক্রেতারা উৎপাদনশীলতা বাড়াতে সরবরাহকারীদের আরও বেশি অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে ঠেলে দেবে। রপ্তানির ক্ষেত্রে শুরুতে কিছুটা ধাক্কা এলেও আগামী বছর থেকে তা ঘুরে দাঁড়াবে এবং দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে। পাশাপাশি কারখানায় স্থিতিশীলতা ফেরায় আরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে আকৃষ্ট হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে শফিকুল আলম লেখেন, শ্রমিকদের সম্মানজনক মজুরি নিশ্চিত করার উদ্যোগ বিএনপি সরকারের জন্য রাজনৈতিক সুফল বয়ে আনবে। প্রয়োজনে সরকার সংকটে থাকা কারখানাগুলোকে এক-দুই বছর ভর্তুকি দিতে পারে। এতে কারখানা টিকে থাকবে, স্থিতিশীলতা ফিরবে এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য শ্রমিক অসন্তোষকে কাজে লাগানো কঠিন হবে। এর মাধ্যমে তারেক রহমান ও তার সরকার নিজেদের শ্রমিকবান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।

তবে বেশি মজুরির একটি সম্ভাব্য নেতিবাচক দিকের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। তার মতে, বেতন বাড়লে পোশাকশিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকসহ আরও বেশি পুরুষ কাজ করতে আগ্রহী হবেন। এতে উৎপাদনশীলতা বাড়লেও নারী শ্রমিকদের অংশগ্রহণ ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে (যা নব্বইয়ের দশকে ৮০ শতাংশ এবং বর্তমানে প্রায় ৫৩ শতাংশ)। সে ক্ষেত্রে নারীরা জুতা ও ওষুধশিল্পের মতো নতুন খাতে কাজের সুযোগ খুঁজবেন।

সবশেষে শফিকুল আলম বলেন, সামগ্রিকভাবে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ট্রেড ইউনিয়ন, শ্রমিক এবং বিএনপি সরকার—বিশেষ করে তারেক রহমানের জন্য একটি বড় বিজয়। যারা দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তি গ্রহণ থেকে বিরত থেকেছে, সেই কারখানাগুলোর জন্য এটি কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। সবকিছুর ঊর্ধ্বে, এই মজুরি বৃদ্ধি বাংলাদেশে এক নতুন আশার যুগের সূচনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ঢাকা কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মিলন অভাব-অনটন ও বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁর পড়াশোনা অব্যাহত রেখেছেন। তাঁর বাবা পেশায় দিনমজুর। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার খরচ নিজেই বহন করতে হয় মিলনকে। তিনি এত দিন টিউশনি ও খণ্ডকালীন চাকরি করে নিজের শিক্ষার ব্যয় মেটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে টিউশনি চলে যাওয়ার পর এবং খণ্ডকালীন চাকরি না থাকায় তাঁর আয়ের পথ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় আসায় নতুন করে তিনি আর্থিক সংকটে পড়েন।

এমন কঠিন পরিস্থিতিতে অসচ্ছল শিক্ষার্থী মো. মিলনের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা কলেজের জুলাই একাডেমিক ভবনে মিলনের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে তাঁর পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি ফরম পূরণের খরচের চাপ কিছুটা কমানোর চেষ্টা করা হয়েছে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন, সহসভাপতি হুমায়ূন আহমেদ সামি ও মহাদেব কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মো. নাজমুল, মুদ্দাসির আহমেদ ও মেহেদী হাসান, প্রচার সম্পাদক রনি আহমেদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক মিঠু দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীবান্ধব একটি সামাজিক সংগঠন। আমরা সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের মানবিক কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’

আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা থেকেই বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ। সংগঠনের সদস্যরা মনে করেন, সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে মিলনের মতো শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়া প্রতিকূলতার মধ্যেও সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%