ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এবার হিন্দু সংগঠনের তোপের মুখে ‘রামায়ণ’ ছবির নির্মাতারা


এবার হিন্দু সংগঠনের তোপের মুখে ‘রামায়ণ’ ছবির নির্মাতারা

‘রামায়ণ’ ছবির নির্মাতাদের জন্য সমস্যার অবসান ঘটছে না। মুম্বাই ও কোলাপুরে প্রতিবাদের পর, এবার ‘হিন্দু জনজাগৃতি সমিতি’ সংগঠনের পক্ষ থেকে নির্মাতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ছবিটির নির্মাতা হলেন নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি।

হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকার মুম্বাইয়ের মুলুন্ড ওয়েস্ট থানায় এই অভিযোগটি করেছেন। তার অভিযোগ, ছবিটির মূল কাহিনি বিকৃত করা হয়েছে এবং এর ফলে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

আরও পড়ুন: মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন মাহি

সংগঠনটি নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে অভিযোগের বিস্তারিত তথ্য ও আপত্তিগুলোর তালিকা প্রকাশ করেছে। অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে, ছবিতে রাবণকে (যশ) দরিদ্রদের ত্রাতা ও নারীদের রক্ষাকর্তা হিসেবে মহিমান্বিত করা হয়েছে। এছাড়া, রাক্ষসদের ভয়ে ভগবান রামকে পালিয়ে যেতে দেখানোর বিষয়েও আপত্তি তুলেছে সংগঠনটি।

এছাড়া, শূর্পণখার ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মণকে সীতা বকাঝকা করছেন—এমন দৃশ্য দেখিয়ে সীতার চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

সংগঠনের দাবি, লক্ষ্মণকেও উদ্ধত এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মানজনক আচরণকারী হিসেবে দেখানো হয়েছে। কাহিনিতে কাল্পনিক অধ্যায় যোগ করার অভিযোগও তোলা হয়েছে, যার মধ্যে রাক্ষস খর ও দূষণের কাছে রামের ক্ষমা চাওয়ার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

সংগঠনের ওই টুইটে অভিযোগের দাবিগুলোও তুলে ধরা হয়েছে। অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ২৯৯ ও ১৯৬ ধারায় এফআইআর দায়ের, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, ছবির চিত্রনাট্য ও সংলাপের পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং প্রমাণ হিসেবে সব আপত্তিকর দৃশ্য শনাক্ত ও নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: অভিনেতা মামুনুর রশীদ অসুস্থ, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন

তবে এত বিতর্কের মাঝেও ছবিটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির ১৯ দিনে ভারতে ছবিটির নেট আয় ৯৫৫.৪৫ কোটি রুপি হয়েছে। আর বিশ্বজুড়ে এর মোট আয় ১৭০০ কোটি রুপি ছাড়িয়েছে।

ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমান চরিত্রে দেখা গেছে সানি দেওলকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বয়স ১৮ পূর্ণদের অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত বয়স ১৮ পূর্ণদের অন্তর্ভুক্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি চিহ্নিত করার উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি চিহ্নিত করার উপায়

শিশুসন্তানের শরীরে ভিটামিনের ঘাটতি হলে সাধারণত দেখা যায় অতিরিক্ত ক্লান্তি, খিটখিটে মেজাজ, ওজন বা উচ্চতা কম বাড়া এবং ঘন ঘন অসুস্থ হওয়ার মতো লক্ষণ। তবে কোন ভিটামিনের ঘাটতি হয়েছে, তার ওপর ভিত্তি করে উপসর্গগুলো ভিন্ন হতে পারে।

অনেক শিশুর খাওয়ার ব্যাপারে রয়েছে বায়না। তারা ঠিকমতো খাবার খেতে চায় না। সঠিক খাবার না খাওয়ার ফলে শিশুর শরীরে ভিটামিন এবং খনিজের ঘাটতি লেগেই থাকে। বর্তমানে শিশুরা চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার বেশি গ্রহণ করে। এই কারণে তাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয়।

শিশুর মধ্যে এই লক্ষণগুলো নিয়মিত দেখা দিলে নিজে থেকে কোনো ভিটামিন সিরাপ বা সাপ্লিমেন্ট খাওয়ানো উচিত নয়। আপনার শিশুসন্তানের শরীরে কোনো ঘাটতি আছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। এর পাশাপাশি প্রতিদিনের খাবারে রঙিন শাকসবজি, মৌসুমি ফল, ডিম, দুধ ও মাছ-মাংস রাখার চেষ্টা করা উচিত।

আহমেদাবাদের অ্যাপোলো হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেওনাটলজিস্ট ডা. রিচা পাঞ্চাল শিশুর শরীরে ভিটামিনের অভাবের প্রধান লক্ষণগুলো উল্লেখ করেছেন।

চলুন জেনে নেওয়া যাক, শিশুর শরীরে ভিটামিনের ঘাটতির লক্ষণগুলো কী কী—

ভিটামিন ‘এ’-এর অভাবে চোখ শুষ্ক হয়ে যায়। এতে রাতকানা রোগ হয়, চোখের সাদা অংশে কুঁচকে যাওয়া কিংবা বাদামি দাগ দেখা যায়। সেই সঙ্গে শিশুর ঘন ঘন পেট বা বুকে সংক্রমণ দেখা দেয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবও দেখা যায়, যা শিশুর ক্ষুধা, দুর্বলতা ও বিরক্তি প্রকাশ করে।

ভিটামিন ডি-এর অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে। ছোট শিশুর রিকেটস নামের এক ধরনের রোগ হয়, যাতে তাদের পায়ের হাড় বেঁকে যেতে পারে। ভিটামিন ডি-এর ঘাটতি হলে শিশুর চলাফেরা এবং দাঁত উঠতে দেরি হয়। ক্যালসিয়ামের ঘাটতি সাধারণত ভিটামিন ডি-এর অভাবেই হয়ে থাকে। এর পাশাপাশি পেশিতে ক্রাম্প দেখা দেয়।

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে ক্লান্তি, মনোযোগের অভাব, বিরক্তি, দুর্বল লাগা এবং চেহারায় ফ্যাকাশে ভাব দেখা দেয়। সোডিয়াম ও পটাশিয়ামের ঘাটতি হলে শিশুর শরীরে মাংসপেশি ক্রাম্প হয় এবং দুর্বলতা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ শিশুর শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, পটাশিয়াম এবং আয়রনের অভাব রয়েছে। বিশেষ করে কিশোরীদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি দেখা যায়।

শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেওনাটলজিস্ট ডা. রিচা পাঞ্চাল বলেন, শিশুর জন্য ডায়েটে মনোযোগ দেওয়া জরুরি। ভিটামিন ও খনিজের ঘাটতি মেটাতে দেশি খাবারের ওপর জোর দিতে হবে।

তিনি জানান, সবুজ শাকসবজি, পালংশাক, আমড়া, বেশিরভাগ সবুজ এবং হলুদ ফল, সবজি- যেমন, পেঁপে, কুমড়া এবং গাজর, শক্তিশালী খাবার- ঘি, দুধ, ভিটামিন এ-এর ভালো উৎস।

এ ছাড়া ভিটামিন ডি-এর জন্য গরুর কলিজা, ডিমের কুসুম, মাখন, পনির, মাছ এবং মাছের তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন এই শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য সূর্যালোকের সংস্পর্শে আসারও পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল

মার্কো ইয়ানসেনের সেঞ্চুরির জন্য অপেক্ষা করবেন কি এইডেন মার্করাম? পর্বতসম লিডকে কতটা বাড়ানো সম্ভব হবে?

ইয়ানসেন অপরাজিত ৬৭ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার ৪০৩ রানের লিড নিয়ে গতকাল সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার পর এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল।

তবে আজ বাংলাদেশ দলের প্রতি ‘সদয়’ মনোভাব গ্রহণ করলেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নিজেদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে তৃতীয় দিনের শুরুতেই সফরকারীদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।

সোমবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার পেসারদের আক্রমণে বাংলাদেশ মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। এর জবাবে, প্রোটিয়ারা ৭ উইকেটে ৪৯৪ রান তুলে প্রথম ইনিংস শেষ করেছে।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ বিনা উইকেটে ২১ রান করেছে ৭ ওভার শেষে। মাহফিজুল ইসলাম রবিন ১৭ রান এবং তানজিদ হাসান ৪ রানে অপরাজিত রয়েছেন। দুই প্রান্তে বোলিং আক্রমণে রয়েছেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।

ইনিংস হার এড়াতে নাজমুল হোসেন শান্তর দলের প্রয়োজন আরো ৩৮২ রান। সেঞ্চুরিয়ানে বাংলাদেশ এর আগে একটিমাত্র টেস্ট খেলেছে। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প প্রশাসন একটি বিশেষ তদন্তের ভিত্তিতে এসব দেশে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে।

মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের সময় বা বুধবার রাতে বাংলাদেশ সময় এই তদন্তের ফলাফল প্রকাশিত হতে পারে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এসব তথ্য উঠে এসেছে। নতুন এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় বাড়তে পারে।

রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অর্থাৎ চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলস্বরূপ এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপিত শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হবে। যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কিছু শুল্ক বাতিল করে দিয়েছিল। সেগুলোর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক আরোপ হতে পারে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

নতুন শুল্কের হার কিভাবে নির্ধারিত হবে, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো এবং নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর, যা ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায়। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এই তদন্ত শুরু করে সংস্থাটি।

সূত্রগুলো জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।

চীনের পণ্যের ক্ষেত্রেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলেই এটি কার্যকর থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য নির্ধারিত শুল্কের হার বাড়তে পারে।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য আলাদা আলাদা শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় আগে থেকেই আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হতে পারে।

তবে মাজেরাসের মতে, ট্রাম্প প্রশাসন চাইলে তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। সে ক্ষেত্রে শর্ত থাকতে পারে, সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্কের হার বাড়ানো হবে।

যেসব দেশের বিরুদ্ধে তদন্ত

যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও রয়েছে এই তালিকায়।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। রয়টার্স জানাচ্ছে, গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি। এই দুই তদন্তের মাধ্যমে ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহাল করতে চায় প্রশাসন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ক বাতিল করেছিলেন।

অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বড় দায়ী হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, চীন অতিরিক্ত উৎপাদিত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরবিদ্যুৎ পণ্যসহ বিভিন্ন পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে বাজার সয়লাব করে দিচ্ছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশে কারখানা স্থাপন করে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য তৈরি করছে চীনা প্রতিষ্ঠানগুলো। এর মাধ্যমে আগের মার্কিন শুল্ক এড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করে ওয়াশিংটন।

আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যে আরোপিত শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও রয়েছে।

এদিকে চীনের সব আমদানি পণ্যের ওপর ইতোমধ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে আর মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%