বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
চট্টগ্রামের আনোয়ারা এলাকায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের আবাসস্থলের নিকটবর্তী স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট ও মুখোশ পরে একটি ঝটিকা মিছিল করেছে।
এটি বুধবার (১৮ নভেম্বর) রাতের ঘটনা, যা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় সংঘটিত হয়। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যের বাড়ির পাশে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে একত্রিত হন। এরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এই সময় সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালানোর পাশাপাশি গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
ভিডিওটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম এবং সংগঠনটির লোগো স্পষ্টভাবে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষেও স্লোগান শোনা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, "সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণকে জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে কিশোরগঞ্জে মাঠপর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন এবং স্থানীয়করণ ত্বরান্বিতকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মিজ্ ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।
কর্মশালার সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব মিজ্ ফারহানা হায়াত। আলোচক হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের উন্নয়ন অভিলক্ষ্য বাস্তবায়ন শাখার উপসচিব মো. মাসউদ পারভেজ মজুমদার।
কর্মশালায় মাঠপর্যায়ে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি, স্থানীয় পর্যায়ে উন্নয়ন অভীষ্টগুলোর কার্যকর স্থানীয়করণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত এসডিজির অভীষ্ট ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কৌশল এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আলোচনায় নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত সাফল্যের পাশাপাশি অবশিষ্ট লক্ষ্য অর্জনে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হয়। এসডিজি অর্জনে স্থানীয় চাহিদা ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় উপ পরিচালক, স্থানীয় সরকার (উপ সচিব) কিশোরগঞ্জ পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, তানজিলা আখতার উপজেলা নির্বাহী অফিসার তাড়াইল উপজেলা, পাকুন্দিয়া জেলা নির্বাহী অফিসার রূপম দাস, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা; ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে, এম, মামুনুর রশীদ, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে রাজধানীর ভাটারা এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
দুপুরে ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মো. আতিয়ার রহমান হাবু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত শামসুল ইসলামের পুত্র। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে দর্শনা পৌরসভার মেয়র নির্বাচিত হন।
আতিয়ার রহমান হাবু কার্যক্রম নিষিদ্ধ দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের বেয়াই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ক্লাব ও ক্রীড়া সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) আবাহনী ক্লাব মাঠে আয়োজিত একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে মোহামেডান ও আবাহনীর সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রদর্শনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রতিমন্ত্রীও এই ম্যাচে অংশগ্রহণ করেন। সাবেক ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয় প্রদর্শনী ম্যাচটি, যা মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীনতার পর থেকে যখনই আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেছি, তখনই প্রথমে এসেছে মোহামেডান ও আবাহনীর নাম। ঐতিহ্যগতভাবে এই দুটি ক্লাবের সমর্থকগোষ্ঠী অনেক শক্তিশালী। আমরা তাদের ঐতিহ্য সংরক্ষণ ও আরও সমৃদ্ধ করতে চাই।”
তিনি উল্লেখ করেন, দুই ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার এবং রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনার বার্তা দিতেই এ প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চাই, রাজনীতিকে পেছনে ফেলে সব ক্লাব, একাডেমি ও ক্রীড়া সংগঠন একসঙ্গে এগিয়ে যাক। মোহামেডান ও আবাহনীর ঐতিহ্য সমুন্নত রেখে বাংলাদেশের খেলাধুলা ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
আমিনুল জানান, সরকার তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উন্নয়ন, জেলা পর্যায়ে লিগ চালু এবং সারা দেশে আরও বেশি সমর্থকভিত্তিক ক্লাব প্রতিষ্ঠা করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, আনসার, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ইতোমধ্যে বিভিন্ন ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব বাহিনী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
প্রস্তাবিত প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে আমিনুল বলেন, সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। আগামী বছর প্রতিযোগিতাটি আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতিও পেয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, “আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের আশা করছি। এতে উপমহাদেশ, এশিয়া এবং সম্ভব হলে ইউরোপের দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। দেশের ফুটবল ঐতিহ্য ধরে রাখতে আমরা একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে নিয়মিত বার্ষিক আয়োজনে পরিণত করতে চাই।”
স্বীকৃত ফুটবল একাডেমির অভাব এবং দেশের ফুটবল উন্নয়নের দুর্বল কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল বলেন, খেলাটির ভিত্তি শক্তিশালী করতে সরকার একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের প্রথম নয় মাসে সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে খেলার মাঠ নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং পাঠ্যবইয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা অন্তর্ভুক্ত করাসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে।
“সাবেক ফুটবলার হিসেবে ফুটবলের প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে। আমরা বুঝতে পারছি, একাডেমি প্রতিষ্ঠা এবং গ্রাম, বাজার, উপজেলা ও জেলা পর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়া ছাড়া কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।”
তিনি আরও জানান, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতোমধ্যে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার জন্য নির্দেশিকা তৈরি করেছে।
আমিনুল বলেন, “ক্লাবগুলোর জন্য একাডেমি ও খেলার মাঠ বাধ্যতামূলক করা, বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করা এবং ফুটবল উন্নয়নে একটি টেকসই কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কিছুটা সময় দিন। ইনশাঅল্লাহ, ধীরে ধীরে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে, তা বাস্তবায়ন করব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) নতুন উপপরিচালক (ডিডি) হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এস এম আসাদুজ্জামানকে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে পদায়ন পেয়েছেন ড. জাহিদা বেগম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম মাহমুদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনটিআরসিএর উপপরিচালক পদে সংযুক্ত হওয়া এস এম আসাদুজ্জামান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন।
ইনসিটু হিসেবে এনসিটিবিতে গবেষণা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন তিনি। এর আগে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন পাওয়া ড. জাহিদা বেগম প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক। বর্তমানে তিনি মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই প্রজ্ঞাপনে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সাজেদুল ইসলামকে ওই কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে তার এ পদায়ন কার্যকর হবে।
এছাড়া ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. সামিউল ইসলামকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ণ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা কোনো ধরনের টিএ-ডিএ পাবেন না। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ