০২:২২ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে নিরাপত্তাজনিত কারণে হাজির না করায় আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে।
আরও পড়ুন: টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার
ভিকটিম মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম।
আরও পড়ুন: মজুরি বোর্ডের সিদ্ধান্তে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩% বৃদ্ধি: মাহ্দী আমিন
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান এবং নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ দশজন কারাগারে আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন