ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা


ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, আবেদন ফি ১০০ টাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ে বিভিন্ন খাতে ৩৭০ জন পুরুষ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে।

নিয়োগের প্রক্রিয়ায় নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, রং মিস্ত্রী, সাধারণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, ফোরম্যান, গাড়ির মেকানিক ও ড্রাইভারসহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বোয়েসেল ২২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আরও পড়ুন: ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন ২৭ নভেম্বর শেষ

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টাল https://www.oep.gov.bd/job-circulars-এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি ১০০ টাকা এবং এর সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে।

আবেদন ফি অফেরতযোগ্য।

আরও পড়ুন: শিস্টেম প্রকল্পে ২৯০ তরুণীর জন্য স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অধিকাংশ পদে দৈনিক ২০ ব্রুনাই ডলার মজুরি প্রদান করা হবে। ইলেকট্রিশিয়ান পদে দৈনিক মজুরি ২২ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। গাড়ির মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি কর্মী নিয়োগের জন্য কন্ট্রেক্টর জুসমিলারিয়া অ্যান্ড কেলুয়ার্গা কোম্পানির দিকে মনোনিবেশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে ফোরম্যান, নির্মাণশ্রমিক, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, রং মিস্ত্রী ও প্লাম্বার পদে মোট ১১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নির্মাণশ্রমিক পদে ৮০ জন নেওয়া হবে।

এ ছাড়া সি-টেক এসডিএন বিএইচডি-তে ৩৬ জন নির্মাণশ্রমিক, সুজানা গুরু কন্ট্রাক্টর-এ ৫০ জন শ্রমিক, সহকারী শ্রমিক ও রাজমিস্ত্রী এবং দামুদা কনস্ট্রাকশন-এ ২৫ জন নির্মাণশ্রমিক নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: শুধু সিজিপিএ নয়, সফল কর্মজীবনের জন্য প্রয়োজন দক্ষতা

বিভিন্ন কোম্পানিতে সাধারণ শ্রমিক ও নির্মাণকর্মীর পাশাপাশি দক্ষ কারিগরি পেশায়ও কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে প্রার্থীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। কিছু পদে বয়সসীমা ২০ থেকে ৪৫ বছর, আবার গাড়ির মেকানিক পদে ২৫ থেকে ৪০ বছর ও দামুদা কনস্ট্রাকশনের নির্মাণশ্রমিক পদে ২১ থেকে ৩৩ বছর নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা পদভেদে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক হতে হবে। কিছু পদে শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদেরকে নিয়োগকর্তা বিশেষ অগ্রাধিকার দিতে পারেন।

আরও পড়ুন: এসএসসি পাশে প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদের ফের নিয়োগ

নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে দুই বছরের শ্রমচুক্তি হবে, যা নবায়নযোগ্য। দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। কর্মীদের আবাসনের ব্যয় কোম্পানি বহন করবে।

তবে খাবারের ব্যয় কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে। বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন। ওভারটাইম, চিকিৎসা, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

দক্ষ কর্মীদের ক্ষেত্রে সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি ও আনুষঙ্গিক ব্যয়সহ মোট ৮৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ‘অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

নির্ধারিত অর্থ সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ নামে পে-অর্ডার সংগ্রহ করে বোয়েসেলের মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল পরীক্ষার খরচ কর্মীকে বহন করতে হবে।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কোম্পানিতে পাঠানো হবে। নিয়োগকর্তা যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রস্তুত করবেন।

এরপর চূড়ান্ত সাক্ষাৎকারের সময়সূচি বোয়েসেল লেখা পোর্টাল অথবা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) নির্ধারিত ০১৫৫২১৪৬৪৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল পাসপোর্ট, ইংরেজিতে জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ ও অন্যান্য প্রয়োজনীয় প্রমাণাদি সঙ্গে আনতে হবে। তবে অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ কিংবা চূড়ান্ত নির্বাচন কোনোভাবেই চাকরির নিশ্চয়তা নয়।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে

কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তা বা তার প্রতিনিধির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, ব্রুনাইয়ে কর্মী নিয়োগের জন্য কোনো এজেন্ট, সাব-এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। প্রতিষ্ঠানটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না।

তাহলে নিয়োগের নামে কাউকে নগদ টাকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

সাক্ষাৎকার ও নির্বাচিত প্রার্থীদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইটের নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এ ছাড়া নির্ধারিত পোর্টাল থেকে এসএমএস পাঠানো হবে। অন্য কোনো নম্বর বা আইডি থেকে আসা বার্তা অনুসরণ না করার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমুন নাহার।

বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের প্রবাসী কল্যাণ ভবন (৯ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি :মোহাম্মদ নূর

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবহন শ্রমিকরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় ‘সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন’ (রেজি. নং চট্ট-২৬২২)-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক নূর উদ্দিন মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ফয়জুর নূর, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান এবং সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন কালা প্রমূখ । এ সময় শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে পণ্য পরিবহনশিল্প বর্তমানে সংকটের মুখে পড়েছে। যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহনের ফলে পণ্যবাহী যানবাহনের মালিকরা ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন। এতে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। অন্যদিকে, মহাসড়কে ধীরগতির ও অনুমোদনহীন যানবাহন চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।
‎
‎বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে এসব সমস্যা ও দাবি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাঁদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
‎
‎শ্রমিক ইউনিয়নের চার দফা দাবি হলো—অনতিবিলম্বে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ, সব ধরনের যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধ, বালু-পাথরের কোয়ারিগুলোতে সনাতন পদ্ধতিতে উত্তোলনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, অনুমোদনবিহীন করিমন, নসিমন, ভটভটিসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা।
‎
‎মানববন্ধন শেষে শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমানের হাতে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। অন্যথায় ১ ডিসেম্বর থেকে পণ্য পরিবহন শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে উল্লেখ করা হয়। এতে কোনো ধরনের পরিস্থিতির অবনতি ঘটলে তার দায়ভার শ্রমিক ইউনিয়ন বহন করবে না বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি বোর্ডের সিদ্ধান্তে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩% বৃদ্ধি: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


মজুরি বোর্ডের সিদ্ধান্তে গ্রেডভেদে পোশাক শ্রমিকদের মজুরি ৩৬-৪৩% বৃদ্ধি: মাহ্দী আমিন

২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর, মাত্র তিন বছরের মধ্যে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত ন্যূনতম মজুরি বৃদ্ধিকে শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি আরও জানান, বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাঁদের প্রাপ্য ওভারটাইম এবং বোনাসও পাবেন। এর ফলে, মূল বেতনের বাইরেও তাঁদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে, যা মাস শেষে মোট আয়কে আরও বৃদ্ধি করবে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে মাহ্দী আমিন তাঁর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, "বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। এ শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাঁদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।"

তিনি আরও বলেন, "এ দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এ ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।"

মাহ্দী আমিন জানান, নতুন এ কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা; ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।

তিনি বলেন, গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এ মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা; অর্থাৎ বেড়েছে ৪০.১১ শতাংশ।

তিনি আরও বলেন, গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এ মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা; ফলে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর অধীনে হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। পূর্বে এ মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা; ফলে মজুরি বেড়েছে ৩৬ শতাংশ।

মাহ্দী আমিন বলেন, "আমরা বিশ্বাস করি শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। একই সঙ্গে মনে রাখতে হবে, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্পখাতই দীর্ঘমেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।"

তিনি বলেন, "আমরা এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তুলতে চাই, যেখানে শ্রমিক তাঁর ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন; উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনে আস্থা পাবেন; বেকারত্ব না বেড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে; আর বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী ও সুদৃঢ় অবস্থান তৈরি করবে।"

মাহ্দী আমিন বলেন, "শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের সুষম সমন্বয়ই আমাদের মূল লক্ষ্য। শ্রমিকের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।"

জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহ্দী আমিন বলেন, "শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান- পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"

শ্রমিক-মালিকের পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টাই গার্মেন্টস শিল্পকে আরও এগিয়ে নেবে এবং আগামীর স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবি রাইটার্স ফোরামের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক নায়েম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


চবি রাইটার্স ফোরামের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক নায়েম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৫ নভেম্বর, ২০২৬ : ‘বাংলাদেশ ইয়াং কলাম রাইটার্স ফোরাম’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার জন্য ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রহমান। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম মিজি।

আজ সকালে ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করেন।

নবনিযুক্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরের সম্পাদকের কাছে জমা দিতে হবে।

‘বাংলাদেশ ইয়াং কলাম রাইটার্স ফোরাম’ প্রতিষ্ঠা করা হয়েছিল ২০১৮ সালের ২৩ জুলাই।

এরপর, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)-এর একটি অভিযানে দেশীয়ভাবে তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, টেকনাফ ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং সাকিনে ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ (WFPA) অফিসের কাঁটাতারের বেড়াসংলগ্ন ইটের সলিং রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) এবং মো. রমিজ (১৮)। হাবিবুর রহমান ও রহমত উল্লাহর পিতার নাম আব্দুল জলিল এবং মাতার নাম ছালেহা বেগম। অন্যদিকে, রমিজের পিতার নাম মো. ইউসুফ এবং মাতার নাম মনোয়ারা বেগম।

এসআরবি-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%