০৬:১১ পি.এম
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি উল্লেখ করেছেন, ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত তাদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা সিটি করপোরেশনকে জনগণের কাছে আরও নিকটবর্তী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেও কাজ করছেন। এই উদ্দেশ্যে প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ
বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ রাস্তা হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তীতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে এবং কোথাও কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না।
বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, স্থানীয় বাসিন্দাদের নিয়ে আলাদা একটি দিন কর্মসূচি পালন করা হবে। ওই এলাকায় গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব হবে না। একইভাবে বায়ুদূষণ থেকেও ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখা অপরিহার্য।
নগরবাসীর সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, কেউ যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের জায়গা পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে।
আরও পড়ুন: নতুন পাসপোর্টের আবেদন করেও খুনি হাসিনা বাবাকে ফিরতে দেয়নি: ইশরাক
সচেতন নাগরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচিতে সবাইকে অংশ নিতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না এবং সিটি করপোরেশন যথাযথভাবে আবর্জনা পরিষ্কার করছে কি না, তা নজরদারি করতে হবে। কোথাও মশার উপদ্রব দেখা দিলে মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না, সেটিও সিটি কর্পোরেশনকে জানাতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ঢাকা শহর একদিন সুন্দর ও শান্তির শহর হবে। এটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বে একটি সুন্দর নগরী হিসেবে পরিচিতি পাবে।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, ক্লিনিং ডের অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন