ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বলসোনারো যতদিন খুশি আমেরিকায় থাকতে পারবেন: ট্রাম্প


বলসোনারো যতদিন খুশি আমেরিকায় থাকতে পারবেন: ট্রাম্প

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ব্রাজিলের সিনেটর ফ্লাভিও বলসোনারো সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ফ্লাভিও যতদিন চান, ততদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, আপাতত তার সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডার পাম বিচে নিজের মার-আ-লাগো ক্লাবে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন ট্রাম্প। গত ২৫ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন ফ্লাভিও। এরপর চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্রাজিল ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে আসেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার বৈঠকে বসার পরিকল্পনা করছেন। এর আগে শনিবার আটলান্টায় জি-২০’র সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। ওই বৈঠকটি রুবিওর আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: শ্রীলঙ্কার যুদ্ধবিধবা ও নিখোঁজ স্বজনদের সন্ধানে নারীদের দীর্ঘ প্রতীক্ষা

আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে জি-২০’র রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফের আলোচনা করতে পারেন বলে জানা গেছে।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের পর এই বৈঠককে সম্পর্কের বরফ গলার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ব্রাজিলের নির্বাচনে হারের পর ফ্লাভিও বলসোনারোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্প প্রশাসন তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করবে কিনা, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

তবে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত অন্য একজন ব্যক্তি জানিয়েছেন, ফ্লাভিওকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তার রাজনৈতিক পরিকল্পনায় সমর্থন জানানোর কোনো সিদ্ধান্ত আপাতত ট্রাম্পের নেই।

আরও পড়ুন: দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় নতুন কড়াকড়ি কার্যকর

এদিকে মার্কো রুবিও জানিয়েছেন, ফ্লাভিওর ব্রাজিল ত্যাগের ঘটনায় মার্কিন সরকার সরাসরি কোনো ভূমিকা নেয়নি। তার কথায়, ‘যে পদক্ষেপগুলোর ফলে বলসোনারো ব্রাজিল ছেড়েছেন, সেগুলির কোনোটিতেই মার্কিন সরকার সরাসরি জড়িত ছিল না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা সংকট, সংবাদমাধ্যমের স্বাধীনতা থমকে আছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা সংকট, সংবাদমাধ্যমের স্বাধীনতা থমকে আছে

পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা ফ্রিডম নেটওয়ার্ক। সংস্থাটি জানায়, যদিও কাগজে-কলমে কিছু অপতৎপরতা কম দেখা যাচ্ছে, বাস্তবে গণমাধ্যমকর্মীরা নিয়মিতভাবে হুমকি, শারীরিক হামলা এবং ক্রমবর্ধমান আইনি হয়রানির শিকার হচ্ছেন।

‘সহিংসতা থেকে আইনি লড়াই : সাংবাদিকদের জন্য শাস্তি হিসেবে প্রক্রিয়া’ শীর্ষক ‘দণ্ডমুক্তি প্রতিবেদন ২০২৬’-এ উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে প্রতি মাসে গড়ে প্রায় ১০টি হামলার ঘটনা ঘটছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হন। এছাড়া তিনটি হত্যাচেষ্টা, ১৮টি সহিংসতার হুমকি, ১১টি শারীরিক হামলা এবং ৪৫টির বেশি আইনি পদক্ষেপ বা আইনি হয়রানির হুমকির ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৪৯টি ঘটেছে পাঞ্জাবে। এরপর খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ এবং বেলুচিস্তান রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিজিটাল ও স্বাধীন সাংবাদিকেরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন।

এতে আরো বলা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত প্রায় দুই-তৃতীয়াংশ ঘটনার সঙ্গে সরকারি কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা এসব অভিযোগ করেছেন।

প্রতিবেদনে পাকিস্তানের ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থাটির মতে, এই আইনের অপব্যবহার করে ভিন্নমত দমন এবং দুর্নীতি ও সরকারি ব্যয় নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। আজ রোববার, বেলা সাড়ে ১১টার সময় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মজুরি বোর্ড গঠনের বিষয়টি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রম আইনের ১৩৯ ধারায় উল্লেখ করা হয়েছে যে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সরকার সেই শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবসমাজই জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


যুবসমাজই জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, যুবসমাজ হচ্ছে যেকোনো জাতির প্রাণশক্তি এবং অগ্রগতির মূল চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট থেকে উত্তরণ এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যুবসমাজের অবদান সত্যিই অস্বীকার করার মতো নয়।

আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) প্রদত্ত এক বাণীতে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকট মোকাবিলা এবং উন্নয়ন অগ্রযাত্রায় দেশের যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তাদের সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।

তিনি জানান, তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন এবং তারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা, এমনকি কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি আয় করছেন।

প্রধানমন্ত্রী জানান, যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় যুব পুরস্কারকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নার-নারী ও যুব সংগঠককে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তদের তিনি অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন বর্তমান বিশ্বে যুবসমাজের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে যুবসমাজের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অবদান রাখছেন।

তিনি স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন সম্ভাবনাময় খাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী যুবসমাজকে নিজেদের প্রতিভা, উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুবসমাজ ক্রমবর্ধমানভাবে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

 

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মনে রাখতে হবে, দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।”

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৯ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য তিনজনকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা, গরু মোটাতাজাকরণের জন্য একজনকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং মৎস্য চাষের জন্য একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%