১২:৩৭ এম
শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধ মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানের ফলে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমও মোবাইল কোর্টকে সহযোগিতা প্রদান করে।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
অভিযানে ১০০টি রিং জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া ২০টি মশারি জালও জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত জালের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দকৃত জালগুলো বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জলমহালে স্থাপিত অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন