ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ


ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। এই প্রতীকবিহীন নির্বাচনে প্রার্থীরা নিজেদের জনপ্রিয়তা, সততা, যোগ্যতা এবং জনগণের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।

শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

শামা ওবায়েদ আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী

সালথা ও নগরকান্দা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়ে শামা ওবায়েদ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। কোনো পক্ষ যেন সংঘাত সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। তিনি বলেন, কোনো ঘটনা বা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শও তিনি দেন।

সভায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় নগরকান্দা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন সামাজিক অপরাধ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয়ে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক এগিয়ে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক এগিয়ে ইসরায়েল

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে উল্লেখযোগ্য ব্যবধানে পেছনে ফেলেছে ইসরায়েল। ২০২৫ সালের জন্য দেশটির মাথাপিছু অস্ত্র রপ্তানি পরিমাণ ছিল প্রায় ২৬৩ মার্কিন ডলার। এই হিসাবে যুক্তরাষ্ট্রের মাথাপিছু অস্ত্র রপ্তানি ছিল ৪১ ডলার এবং রাশিয়ার ১৪ ডলার।

ফিলিস্তিনি মার্কিন লেখিকা সুজান আবুলহাওয়ারের পরিচালিত একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সিপরি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে করা হয়েছে।

ইসরায়েলের ইহুদি জনসংখ্যার ভিত্তিতে হিসাব করলে, দেশটির মাথাপিছু অস্ত্র রপ্তানি প্রায় ৩৪০ ডলার দাঁড়ায়। এই পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের তুলনায় এটি প্রায় আট গুণ এবং রাশিয়ার তুলনায় ২৫ গুণ বেশি।

মোট অস্ত্র রপ্তানির দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মোট অস্ত্র রপ্তানিতে ইসরায়েল সপ্তম স্থানে ছিল। এই তালিকায় ইসরায়েলের আগে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন ও ইতালি অবস্থান করছে।

তবে জনসংখ্যার অনুপাতে হিসাব করলে চিত্রটি ভিন্ন। ইসরায়েলের মাথাপিছু অস্ত্র রপ্তানি নরওয়ের তুলনায় প্রায় আড়াই গুণ এবং যুক্তরাষ্ট্রের তুলনায় তিন গুণেরও বেশি ছিল।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, এই অবস্থান কোনো এক বছরের ব্যতিক্রমী ঘটনা নয়। গত ২৫ বছরের প্রায় প্রতিটি বছরেই মাথাপিছু অস্ত্র রপ্তানিতে ইসরায়েল বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে অথবা শীর্ষ সারিতে অবস্থান করেছে।

১৯৬০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬৫ বছরের হিসাবেও মাথাপিছু গড় অস্ত্র রপ্তানিতে ইসরায়েল ছিল বিশ্বের শীর্ষে। এই সময়ে দেশটি প্রতিবছর গড়ে জনপ্রতি ৫৬ ডলার সমমূল্যের অস্ত্র রপ্তানি করেছে।

অর্থনীতির আকারের তুলনায়ও ইসরায়েলের অস্ত্র রপ্তানির অনুপাত অত্যন্ত উল্লেখযোগ্য। সিপরির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশটির অস্ত্র রপ্তানি মোট জিডিপির প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ ছিল। এই হার ফ্রান্সের তুলনায় তিন গুণেরও বেশি এবং যুক্তরাষ্ট্রের তুলনায় ছয় গুণেরও বেশি।

তবে সিপরির পরিসংখ্যান অনুযায়ী, ড্রোন, গোলাবারুদ, ছোট অস্ত্র, সাইবার প্রযুক্তি, নজরদারি সরঞ্জাম, সেবা ও প্রশিক্ষণের মতো বেশ কিছু খাত অন্তর্ভুক্ত হয়নি। সরকারের নিজস্ব বিস্তৃত প্রতিরক্ষা চুক্তির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েল ১৩ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি চুক্তির কথা জানিয়েছিল। এই পরিমাণ দেশটির জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ।

সমীক্ষা অনুযায়ী, অর্থনীতির অনুপাতে ইসরায়েলের অস্ত্র রপ্তানির পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় সাড়ে আট গুণ এবং ফ্রান্সের তুলনায় প্রায় নয় গুণ।

তথ্যগুলো থেকে প্রতীয়মান হয় যে, বৃহৎ পরাশক্তিগুলো মোট হিসাবে অস্ত্র রপ্তানি করে বেশি অর্থ আয় করলেও জনসংখ্যা ও অর্থনীতির আকারের অনুপাতে ইসরায়েলের অস্ত্র রপ্তানি অন্যান্য তুলনীয় দেশগুলোর তুলনায় অনেক বেশি।

সূত্র:

মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (এমপি) মন্তব্য করেছেন যে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, "দলিল যার, জমি তার।" তিনি বলেন, যাদের শক্তি রয়েছে, তারাই জমি জবরদখল করে। একজনের কাছে এক একর জমি থাকলেও পাশের দেড় একর জমি তারা দখল করে খায়।

শনিবার রাতে পটুয়াখালীর দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "কে আমার সঙ্গে কাজ করেছেন এবং কার সঙ্গে আমার ছবি আছে— সেটি বড় বিষয় নয়। বরং এলাকায় গুন্ডামি, বদমাশি ও চাঁদাবাজি করে কিংবা মাদক কারবারি করে কেউ পার পাবে না।"

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, মো. মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার, হ্যান্ডকাফ ও স্বর্ণালংকার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:২১ পি.এম


মান্দায় ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার, হ্যান্ডকাফ ও স্বর্ণালংকার উদ্ধার

নওগাঁর মান্দায় পুলিশ ভুয়া ডিবি পুলিশ হিসেবে পরিচয়দানকারী ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, ছিনতাই হওয়া স্বর্ণালংকার এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মাহবুব হাসান মুন্না (৩৯)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) বিকেলে আসামিরা নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দিয়ে পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় ভুয়া ডিবি পুলিশ সদস্যরা বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেন। পরে পরিবারের নারী সদস্যদের ভয়ভীতি দেখিয়ে পুরো ঘর তল্লাশির নামে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করার চেষ্টা করে। প্রতারকদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে আসামিরা পাশের জেলা রাজশাহীর বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে এবং আটক করে গণধোলাই দেয়।

ঘটনার খবর পেয়ে মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে বাগমারা থানা পুলিশের সহায়তায় আসামিদের উদ্ধার করে হেফাজতে নেয়া হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০১:২২ পি.এম


রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঢাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণের জন্য আটটি আলাদা জোন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জোনের জন্য ই-রিকশার আলাদা রং নির্ধারণ করা হবে। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে না পারে, সেই ব্যবস্থাও রাখা হবে। এর পাশাপাশি, প্রধান সড়কে ই-রিকশার চলাচল নিষিদ্ধ করা হবে।

রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট আটটি জোনে ই-রিকশার চলাচলের ব্যবস্থা করা হবে। কোন ই-রিকশা কোন সড়কে চলবে, সেটি সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। ই-রিকশা শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলাচল করতে পারবে।

তিনি উল্লেখ করেন, ঢাকায় দুই ও চার যাত্রী বহন করতে সক্ষম এমন ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে ছয় যাত্রী বহনকারী ই-রিকশাকে ঢাকা শহরে নিবন্ধন দেওয়া হবে না। জেলা শহর ও গ্রামীণ এলাকায় দুই, চার ও ছয় যাত্রী বহনকারী ই-রিকশার নিবন্ধনের সুযোগ থাকবে।

মীর শাহে আলম জানান, ব্যাটারিচালিত ই-রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, নীতিমালাটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং সম্পন্ন হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অথবা যত দ্রুত সম্ভব, এটি জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত নীতিমালায় ই-রিকশা নিবন্ধনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখার প্রত্যয়ন বাধ্যতামূলক করার কথা রয়েছে। এর পাশাপাশি ট্রাফিক বিভাগের ফিটনেস সনদও প্রয়োজন হবে।

তিনি জানান, সিটি কর্পোরেশন ও পৌরসভা ই-রিকশার নিবন্ধন প্রদান করবে। ই-রিকশা তৈরির কারখানাগুলোকেও নির্দিষ্ট ব্যবস্থার আওতায় আনা হবে। বুয়েট বা অন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী ই-রিকশা তৈরি করতে হবে। কারখানার জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে লাইসেন্স গ্রহণ করা আবশ্যক।

চার্জিং ব্যবস্থার বিষয়ে নীতিমালায় শর্ত রাখা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ই-রিকশার চার্জিং পয়েন্টগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এসব চার্জিং পয়েন্টের জন্যও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভার কাছ থেকে লাইসেন্স নিতে হবে।

তিনি বলেন, নির্ধারিত নকশা ও কারিগরি মান মেনে তৈরি ই-রিকশাই নিবন্ধনের আওতায় আসবে। নীতিমালা জারি হলে ই-রিকশার অনিয়ন্ত্রিত চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ঢাকার যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে মীর শাহে আলম বলেন, এসব সমস্যা দীর্ঘদিনের। একসঙ্গে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য সময় প্রয়োজন।

তিনি জানান, বাসস্ট্যান্ডের বাইরে গাড়ি পার্কিং বন্ধ করা এবং ঢাকার পাইকারি কাঁচাবাজার শহরের বাইরে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়েছে। এসব উদ্যোগের দৃশ্যমান ফল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%