শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৭ পি.এম
বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরিতে বাধা দেওয়ার কারণে এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বিমানবন্দরের ভেতরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করার সময় আনসার সদস্য মিঠু হালদার বাধা দেন। এই সময় অভিযুক্ত রুহুল আমিন ঘাস কাটার কাঁচি দিয়ে মিঠু হালদারকে কুপিয়ে আহত করেন। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তাকর্মীরা রুহুল আমিনকে আটক করেন। আহত মিঠু হালদারকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়; পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এর আগে গত ১ নভেম্বর বিমানবন্দরের রানওয়ের ভেতরে ড্রেনের ওপর বসানো লোহার রডের জালি চুরির চেষ্টা করা হয়। সে সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ ট্রলিসহ একজনকে আটক করে, তবে জড়িত থাকার অভিযোগে আরও দুজন পালিয়ে যায়।
এছাড়া গত আগস্টে বরিশাল বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় (কেপিআই) ঘাস কাটার অনুমতি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছিল, স্থানীয় কৃষকদের ভেতরে ঢুকে ঘাস কাটার সুযোগ দিয়ে ২ থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হতো। যদিও ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, ফ্লাইট না থাকার সময়ে স্থানীয় কৃষকদের অনুরোধে কয়েকজনকে ঘাস কাটার অনুমতি দেওয়া হয়েছিল; ভবিষ্যতে এমন অনুমতি আর দেওয়া হবে না।
পরপর চুরি ও বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সীমানাপ্রাচীরের নিচের কিছু অংশ ফাঁকা থাকায় বহিরাগতরা সহজেই ভেতরে প্রবেশ করতে পারছেন, ফলে ঘাসের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল, বৈদ্যুতিক তার ও টেলিফোনের ক্যাবল চুরির ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা ইনচার্জ মনমথ সরকার জানান, সীমানাপ্রাচীরের নিচ দিয়ে অনেক সময় বহিরাগতরা ভেতরে ঢোকেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি দাবি করেন, সামগ্রিক নিরাপত্তাব্যবস্থায় তেমন ঘাটতি নেই। একের পর এক চুরি ও অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নে কিছুটা সম্মতি জানান এই কর্মকর্তা।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযুক্তদের আটক করলেই হবে না; চুরির ঘটনায় কোনো যোগসাজশ, অবহেলা বা তদারকির ঘাটতি আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বক্তব্য জানতে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়ের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, জনমত জরিপে প্রতিকূল ইঙ্গিত থাকলেও তিনি আত্মবিশ্বাসী যে আগাম সাধারণ নির্বাচনে বামপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। শুক্রবার প্রচার-প্রচারণার শেষ পর্যায়ে তিনি এ কথা বলেন, যা রবিবারের নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নতুন জনমত জরিপ প্রকাশের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনের আগে নতুন কোনো জরিপ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির নেতা সানচেজ দাবি করেছেন, তাদের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, তার দলই সবচেয়ে বেশি ভোট পাবে। তিনি আশা করছেন, এতে ছোট বামপন্থী দলগুলোর সমর্থন নিয়ে আবারও সরকার গঠন সম্ভব হবে।
রেডিও স্টেশন এসইআরকে দেওয়া সাক্ষাৎকারে সানচেজ বলেন, “আমাদের হারতে হবে, এমনটা আমি কল্পনাও করতে পারি না।”
তিনি আরো বলেন, বামপন্থী ভোটাররা বিপুলসংখ্যায় ভোট দিতে ক্রমেই সংগঠিত হচ্ছেন। আবাসন সংকটের মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের ভোটকেন্দ্রে উপস্থিতি জরুরি।
সানচেজের ভাষায়, “প্রগতিশীল স্পেন যখন জেগে ওঠে, তখন তাকে থামানো যায় না।”
তবে নির্বাচনের আগে প্রকাশিত প্রায় সব জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও উগ্র ডানপন্থী ভক্সের সম্ভাব্য জোট এগিয়ে ছিল। আট বছর ধরে ক্ষমতায় থাকা সানচেজকে সরকার থেকে সরাতে চায় এ দুই দল।
সূত্র: দ্য গার্ডিয়ান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্শাল আর্টকে কেবল একটি খেলা বলার চেয়ে, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরির একটি মাধ্যম বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে মার্শাল আর্ট কনফেডারেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট ও মার্শাল আর্ট পাওয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে খেলোয়াড়দের এশিয়ান মার্শাল আর্ট গেমসের ৬টি কৌশলসহ বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়।
এসময় সেতুমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন।
শেখ রবিউল আলম এ সময় বলেন, "মার্শাল আর্ট শুধু খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্নবিশ্বাসও তৈরি করে।"
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মন্তব্য করেন, তরুণ প্রজন্মকে মার্শাল আর্টের সাথে যুক্ত করে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মার্শাল আর্টের সাথে যুক্ত ব্যক্তিরা আরও উন্নতি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে এসব অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, তার এই উদ্যোগে কয়েকটি গ্রামের মানুষের চলাচল সহজ হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতেও স্বস্তি ফিরবে।
শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক ও নুনিয়াপাড়ার সংযোগকারী খালিয়া খালের ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় শিবপদ মন্ডল নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন। সেতুটি নির্মাণ করা হয়েছে ৭৯ নম্বর পিএনকে ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়ার সংযোগস্থলে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি নির্মাণের আগে খাল পারাপারে নৌকা ও ভাসমান ভেলার ওপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে পারাপারে দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে। এখন সেতুটি চালু হলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল ও কলেজে যাতায়াত অনেক সহজ হবে।
স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড় মন্তব্য করেন, সেতু না থাকায় এত দিন এলাকার মানুষকে নৌকায় খাল পার হতে হতো। নতুন সেতু নির্মাণের ফলে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
আশীষ কুমার সরদার জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতুটি নির্মিত হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।
স্থানীয় বাসিন্দা দীপা মন্ডলের মতে, যোগাযোগব্যবস্থার অভাবে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হতো। সেতুটি নির্মাণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।
এ উদ্যোগে উপকৃত হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী বাসিন্দারাও। দুই পা না থাকা নীল কোমল বলেন, আগে ভাসমান ভেলায় করে খাল পার হতে অনেক কষ্ট হতো। সেতু নির্মাণের ফলে এখন চলাচল অনেক সহজ হবে।
শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি শিবপদ মন্ডল। একই উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি ইটের পাকা রাস্তা নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি রাস্তা রয়েছে। এসব রাস্তা নির্মাণের ফলে কয়েক শ পরিবারের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অর্ঘ্য সানা ও অঞ্জনা রাণী বাছাড়।
এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। শিবপদ মন্ডলের মতো জনহিতকর উদ্যোগকে সহযোগিতা করা উচিত, বাধা দেওয়া নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপদ মন্ডল সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক এলাকার বাসিন্দা। তিনি মৎস্য ঘের, মাছের পোনা ও কাঁকড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আগে থেকে তার ভূমিকা রয়েছে। তবে এবারই প্রথম বৃহৎ পরিসরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত অর্থ ব্যয় করে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ সোলাদানা ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে। ইউনিয়নের চারপাশে শিবসা, আমুরকাটাসহ একাধিক নদী এবং অভ্যন্তরে অসংখ্য খাল-বিল থাকায় এখানকার মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা রয়েছে। অনেক এলাকায় এখনো নৌকা ও বাঁশের সাঁকুই পারাপারের প্রধান অবলম্বন।
স্থানীয়দের মতে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক দায়িত্বে থাকাকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখনও তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
তবে শিবপদ মন্ডলের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার পাশাপাশি কিছু মানুষের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের উপকারে নেওয়া এমন উদ্যোগে কতিপয় ব্যক্তি প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।
নিজ উদ্যোগে সেতু ও রাস্তা নির্মাণ করে শিবপদ মন্ডল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অবহেলিত সোলাদানার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ