০৯:৫৪ পি.এম
২০২৬ ফিফা বিশ্বকাপে ফাইনালের পর সংঘর্ষ এবং সেমিফাইনালে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কয়েকজন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের বিরুদ্ধে শৃঙ্লাভঙ্গের তদন্ত শুরু করেছে।
ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে যে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর প্রদর্শিত ব্যানারসহ একাধিক ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি হামলার অভিযোগ আনা হয়েছে। নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রয়েছে দুটি হামলার অভিযোগ এবং একটি অসংখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ। সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে একটি হামলার অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ছাড়া থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে অসংখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে তদন্ত চলছে।
এদিকে, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পরে আর্জেন্টিনার খেলোয়াড়রা 'লাস মালভিনাস সন আর্জেন্তিনাস' লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এই ব্যানারটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দীর্ঘস্থায়ী অবস্থানকে তুলে ধরে। ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজনৈতিক বা অ-ক্রীড়াসুলভ বার্তা প্রদর্শন করা নিষিদ্ধ। এ কারণেই আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: মেসি পাচ্ছেন স্পেনের রাজকীয় সম্মাননা
শুধু খেলোয়াড়দের নয়, ফিফা সমর্থকদের আচরণ নিয়েও তদন্ত করছে। অভিযোগের মধ্যে রয়েছে বৈষম্যমূলক এবং বর্ণবাদী স্লোগান বা অঙ্গভঙ্গি, গ্যালারি থেকে বস্তু নিক্ষেপ, নিরাপত্তাবিধি লঙ্ঘন এবং ম্যাচ নির্ধারিত সময়ের পরে শুরু হওয়ার ঘটনা।
তদন্ত শেষে ফিফার শৃঙ্খলা কমিটি বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে। অভিযুক্ত খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে একাধিক আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। কোচিং স্টাফের সদস্যদের টাচলাইন নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থদণ্ড আরোপের পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হতে পারে।
সমর্থকদের আচরণের জন্য ভবিষ্যতে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন অথবা নির্দিষ্টসংখ্যক দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়ার সুযোগও রয়েছে ফিফার।
তবে এই তদন্তের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা বাতিল হওয়া বা দলটিকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নেহাতই কম। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, বর্তমান অভিযোগগুলোর ক্ষেত্রে সম্ভাব্য শাস্তি মূলত জরিমানা, ম্যাচ নিষিদ্ধকরণ বা প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা।
আরও পড়ুন: আর্জেন্টিনাতেই থাকছেন স্কালোনি, সমঝোতা চূড়ান্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন