ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে সিজিপিএ নিয়ে অনিয়মের অভিযোগ


শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে সিজিপিএ নিয়ে অনিয়মের অভিযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসরণ না করে প্রার্থী মনোনয়ন দেওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী, যিনি বঞ্চিত হয়েছেন। তার বক্তব্য, সমান সিজিপিএ থাকা সত্ত্বেও কোর্সভিত্তিক প্রাপ্ত নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট গুণক ব্যবহার করে প্রার্থী নির্বাচন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সব কোর্সের নম্বর সংরক্ষিত নেই বলে জানা গেছে। প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিষয়টিকে ‘বিশ্ববিদ্যালয়ের সেনসিটিভ বিষয়’ উল্লেখ করে তথ্য দিতে অস্বীকৃতি জানান। এমনকি সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

সম্প্রতি ২০২০, ২০২১ ও ২০২২ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে ইউজিসি। তালিকায় শাবিপ্রবির ১৮ শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। তবে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী সানজিদা আক্তার।

আরও পড়ুন: ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সানজিদার অভিযোগ, ২০২২ সালের ১৪ আগস্ট বিভাগ থেকে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করে ডিন কার্যালয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু চলতি বছরের ১৮ জুন ইউজিসি থেকে প্রার্থী পুনঃযাচাইয়ের চিঠি আসার পর তিনি সেখানে আরেক শিক্ষার্থী পাপিয়া রহমানের নাম দেখতে পান। বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, দুজনের সিজিপিএ সমান হওয়ায় কোর্সভিত্তিক নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট গুণক ব্যবহার করে নম্বর নির্ধারণ করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী পাপিয়া রহমানকে মনোনীত করা হয়েছে।

সানজিদার দাবি, এভাবে নম্বর নির্ধারণ করে প্রার্থী মনোনয়ন ইউজিসির নীতিমালার পরিপন্থী। নীতিমালা অনুযায়ী সিজিপিএ সমান হলে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হয়। নম্বরও সমান হলে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিবেচনার বিধান রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট সময়ের শিক্ষার্থীদের সব কোর্সের নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংরক্ষিত নেই। এ কারণে প্রতিটি বিষয়ের সিজিপিএর সঙ্গে ক্রেডিট গুণ করে একটি নম্বর নির্ধারণ করা হয়। ওই হিসাবের ভিত্তিতে পাপিয়া রহমানকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সানজিদার দাবি, সিজিপিএ সমান হলেও বিভাগে সংরক্ষিত ৬৩টি কোর্সের মধ্যে ৪৫টির মোট নম্বরের হিসাবে তিনি পাপিয়া রহমানের চেয়ে ৪০.২৫ নম্বর বেশি পেয়েছেন।

আরও পড়ুন: হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ

মনোনয়ন থেকে বাদ পড়ার পাশাপাশি নিজের প্রাপ্ত নম্বর ও প্রার্থী নির্বাচনের ভিত্তি জানতে গিয়েও ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন সানজিদা। তার ভাষ্য, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সব কোর্সের নম্বর সংরক্ষিত না থাকায় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে তাকে। ডিন কার্যালয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের পাশাপাশি লিখিত আবেদনও করেছেন। কিন্তু নম্বর নির্ধারণে ব্যবহৃত গুণক কিংবা মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাননি।

সানজিদা জানান, উপাচার্যের সঙ্গে দেখা করলে তাকে বলা হয়, এ বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কমিটিগুলো কীভাবে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সভা সমন্বয়ের দায়িত্বে থাকা রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেও স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে দাবি তার।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে সন্তোষজনক উত্তর না পেয়ে গত ৫ অক্টোবর মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ইউজিসিতে লিখিত অভিযোগ ও ই-মেইল পাঠান সানজিদা। এর আগে ৯ আগস্টও ইউজিসি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিলেন তিনি। তার দাবি, কোন নীতিমালার ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হয়েছে, কেন তার নাম বাদ পড়েছে এবং কীভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা তদন্ত করে প্রকাশ করতে হবে।

এ বিষয়ে বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল সোয়েব আহমেদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দুজনই আমাদের বিভাগের শিক্ষার্থী। সানজিদা আমাকে জানানোর পর এখন কিছু করার থাকলে আমাকে জানাতে বলেছি। আমি গত বছর শিক্ষা ছুটিতে ছিলাম। তখন বিভাগের দায়িত্বে ছিলেন অন্য একজন। তাই কীভাবে বিভাগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তা আমি জানি না। সানজিদা ইউজিসিতে অভিযোগ করার কথা জানালে তার কথামতো আমি চিঠি ফরওয়ার্ড করেছি।’

আরও পড়ুন: দেশের ১০ মেরিন একাডেমিতে নাবিক প্রশিক্ষণের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আরজুবা আক্তার বলেন, এটি নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল। দুবার কমিটি করা হয়েছিল। তাদের দুজনের সিজিপিএ সমান থাকায় ফ্যাক্টর বেইসড নম্বর দেওয়ার জন্য বলা হয়। ওই কমিটিতে আমিও ছিলাম। তাই আমি তাদের বলেছিলাম, যেহেতু এখানে বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে, তাই আমরা বিষয়টি ইউজিসিতে পাঠিয়ে দিই। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। পরে কী করা হয়েছে, তা আমার জানা নেই।

২০২২ সালের ১৪ আগস্ট সানজিদাকে বিভাগ থেকে মনোনীত করার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আরজুবা বলেন, তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল কি না, তা তার জানা নেই। মনোনয়ন দেওয়া হয়ে থাকলেও কীসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সেটিও জানেন না তিনি। তার ভাষ্য, বিভাগ থেকে সরাসরি মনোনয়ন দেওয়া হয় না, শুধু ডিন কার্যালয়ে তথ্য পাঠানো হয়।

তিনি আরো জানান, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তিনি বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তার সময়ে সানজিদাকে মনোনয়ন দেওয়া হয়নি। সবশেষ চলতি বছরের জুলাইয়ে কমিটি দুজনের নাম পাঠাতে বললে তিনি দুজনের নামই ফরওয়ার্ড করেন। তবে এর আগে বিভাগ থেকে একজনকে মনোনীত করার পর আবার কেন নতুন করে মনোনয়ন দিতে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সানজিদার আগের মনোনয়নের বিষয়টিও তার জানা ছিল না বলে জানান।

এ বিষয়ে তৎকালীন ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেই।

আরও পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে

ডিন অধ্যাপক ফারুক মিয়া বলেন, এখানে আমার কোনো কাজ নেই। যার ফলাফল ও নম্বর বেশি, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তার তথ্য আমার কাছে পাঠানো হয়। আমি সেটি রেজিস্ট্রার দপ্তরে পাঠিয়ে দিই।

২০২২ সালের মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তী সময়ে তৎকালীন বিভাগীয় প্রধান, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, উপউপাচার্য ও কমিটি কীভাবে প্রাথমিক নির্বাচন করেছিল, তা তিনি বলতে পারবেন না।

এদিকে, সংশ্লিষ্ট কোর্সগুলোর নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সংরক্ষিত আছে কি না এবং কীভাবে নম্বর হিসাব করে প্রার্থী নির্বাচন করা হয়েছে, তা জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হোসাইন সংশ্লিষ্ট প্রতিবেদককে বলেন, ‘তোমাকে এসব বলব কেন? এটা বিশ্ববিদ্যালয়ের সেনসিটিভ বিষয়। এসব সেনসিটিভ বিষয় কিংবা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কোনো নিউজ করলে এর জন্য তুমি রেসপনসিবল। বিশ্ববিদ্যালয় এটা আইন করেছে গত সিন্ডিকেটে। কী আইন হয়েছে, সেটা জেনে রেখো। বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়, এমন সংবাদ প্রকাশ করলে কী আইন আছে, তা জেনে নিও।’

এ বিষয়ে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুখের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সরকারি বৃত্তির সুযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নির্মাণ করছে প্রথম নিজস্ব প্রযুক্তির পারমাণবিক ফিউশন চুল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


ইরান নির্মাণ করছে প্রথম নিজস্ব প্রযুক্তির পারমাণবিক ফিউশন চুল্লি

ইরান তাদের প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতা ব্যবহার করছে। এই তথ্যটি গত রোববার দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি প্রকাশ করেছেন।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসলামি উল্লেখ করেন, ‘আমরা আশাবাদী যে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতায় নির্মিত ইরানের প্রথম টোকামাক চুল্লিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু হবে।’

তিনি জানান, ইরানি বিজ্ঞানীরা এই প্রকল্পের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। এসলামির মতে, এটি প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা প্রদর্শন করে।

প্রস্তাবিত চুল্লিতে টোকামাক প্রযুক্তি ব্যবহার করা হবে, যা একটি চৌম্বকীয় আবদ্ধকরণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস এই ফিউশন প্রক্রিয়া।

ফিউশন প্রক্রিয়া হালকা পরমাণুর নিউক্লিয়াস একীভূত করে শক্তি উৎপাদনের চেষ্টা করে, যেখানে প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপাদন করা হয়, যা ফিশন নামে পরিচিত।

বিজ্ঞানীদের মতে, ফিউশন প্রযুক্তি ভবিষ্যতে বিপুল পরিমাণ পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী ফিউশন প্রযুক্তি উদ্ভাবন এখনো বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিশ্বে এটি এখনও ব্যাপকভাবে প্রতিষ্ঠিত বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় পরিণত হয়নি।

এসলামি প্রস্তাবিত চুল্লিটির উৎপাদনক্ষমতা, নির্মাণস্থল, ব্যয় কিংবা চালুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, পারমাণবিক ফিউশন প্রযুক্তি ইরানের বিদ্যমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। টোকামাক চুল্লি নির্মাণের উদ্যোগকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের অগ্রগতি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এটি মূলত বিজ্ঞান, জ্বালানি ও প্রযুক্তি গবেষণার একটি স্বতন্ত্র ক্ষেত্র।

সূত্র: গালফ নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ এম


ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আলোচনা

আফগানিস্তানের অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখন্দ ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। রোববার তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আফগান অর্থমন্ত্রী মোল্লা মোহাম্মদ নাসির আখন্দ তেহরান সফরে এসে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় এবং চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন আরাগচি ও আখন্দ।

তবে বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। আফগানিস্তানের তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, শুল্ক ব্যবস্থার আধুনিকায়ন এবং পণ্য পরিবহনে গতি আনার বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় আফগানিস্তানের নিমরোজ প্রদেশের আবু নাসর ফারাহি সীমান্ত শুল্ককেন্দ্র পুনর্নির্মাণ ও এর কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সীমান্তবর্তী শুল্ককেন্দ্রগুলো ২৪ ঘণ্টা চালু রাখা এবং দুই দেশের মধ্যে পণ্য ও যানবাহন চলাচল আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ইরানের দোগারুন, মাহিরুদ ও মিলাক সীমান্তবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে বলে আফগানিস্তান ইন্টারন্যাশনাল জানিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

কৃষি ও বিনিয়োগ সহযোগিতাও আলোচনায়

ইরান সফরের শুরুতে আফগান অর্থমন্ত্রী দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি গেজেলজেহের সঙ্গেও বৈঠক করেন। ১৫ নভেম্বর অনুষ্ঠিত ওই বৈঠকে কৃষি, পশুপালন, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইরানের কৃষিমন্ত্রী বলেন, আফগানিস্তানের সঙ্গে কৃষি উৎপাদন, কৃষি যান্ত্রিকীকরণ ও পশুপালন খাতে সহযোগিতা সম্প্রসারণে তার দেশ আগ্রহী। আফগানিস্তানের কৃষিপণ্য ইরানের বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো এবং আফগানিস্তানের প্রয়োজনীয় কৃষিপণ্য ও উপকরণ সরবরাহেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া উন্নত বীজ ও উদ্ভিদ প্রজনন, পশুর জাত উন্নয়ন, পশুচিকিৎসা, ওষুধ ও টিকা সরবরাহ এবং আফগান কৃষি বিশেষজ্ঞদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হওয়ার পর বিকল্প কৃষিপণ্য উৎপাদনেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে আফগানিস্তানের ব্যবসায়ীদের ইরানের চাবাহার বন্দরের অবকাঠামো ও টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানানো হয়। ইরানের দাবি, এই বন্দর ব্যবহার করে আফগানিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ বাড়াতে পারবে।

যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের প্রস্তুতি

ইরান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা কমিশনের পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তুতিও আলোচনায় এসেছে। ইরানের কৃষিমন্ত্রী দ্রুত কমিশনের সপ্তম বৈঠক কাবুলে আয়োজনের ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে কয়েকটি সমঝোতা ও সহযোগিতার নথি প্রস্তুত করা হয়েছে। এগুলো চূড়ান্ত করে বিনিময় করা গেলে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

অন্যদিকে আফগান অর্থমন্ত্রী কৃষি, খনিজ সম্পদ, পরিবহন, ব্যাংকিং ও আর্থিক সেবা, জ্বালানি এবং অবকাঠামো খাতকে দুই দেশের যৌথ বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।

দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপট

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চলছে। বিশেষ করে সীমান্ত বাণিজ্য, জ্বালানি, পরিবহন, শুল্ক ব্যবস্থাপনা ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন দুই দেশের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর বন্দর ও পরিবহন অবকাঠামোর ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর এবং দুই দেশের সীমান্তবর্তী বাণিজ্যকেন্দ্রগুলো আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক এ সফরকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনায় উঠে আসা উদ্যোগগুলোর বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় চুক্তিগুলোর অগ্রগতি পরবর্তী সময়ে স্পষ্ট হবে।

সূত্র: ইরনা নিউজ এজেন্সি, ডন, তাসনিম নিউজ এজেন্সি, আফগানিস্তান ইন্টারন্যাশনাল, প্রেস টিভি ও পামির নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রমের সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বাধিক সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত রয়েছে।

এদিকে, রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একইসঙ্গে জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তৃতীয় স্থানে দূষিত শহরের তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তৃতীয় স্থানে দূষিত শহরের তালিকায়

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আজও বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ২০৮। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হচ্ছে।

অন্যদিকে, বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ৩০৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকায় শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ৩০৬। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। দ্বিতীয় স্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা রয়েছে, যার বায়ুমান স্কোর ২৫৫। তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে, যার বায়ুমান স্কোর ২০৮। অন্যদিকে, ১৮৮ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং পঞ্চম স্থানে ইরানের তেহরানের বায়ুমান স্কোর ১৮৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ বায়ুর মান হিসেবে ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%