০৭:১২ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল হওয়ার কারণ হিসেবে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার বিষয়টি জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এ সময় রানওয়েতে চাকা ও পৃষ্ঠের অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়া দেখা দিলেও উড়োজাহাজের ইঞ্জিন, চাকা বা ল্যান্ডিং গিয়ারে আগুন লাগেনি বলে দাবি করেছে তারা।
রোববার (২৯ নভেম্বর) তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম এসব তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার বিকাল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের ঠিক আগে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পায় পাইলট। এরপর পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।
আরও পড়ুন: অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার
ইউএস-বাংলা জানায়, এ ধরনের পরিস্থিতিতে উড্ডয়ন বাতিল করা এভিয়েশনে একটি স্বাভাবিক প্রক্রিয়া। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়া সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সব প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন।
যাত্রীদের জেদ্দায় নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি উড়োজাহাজ রওনা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ সবার প্রতি অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন