ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চলতি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী


চলতি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এবং সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

রবিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তথ্য ও ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর এখনো ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

আরও পড়ুন: আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম : প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শাহরুখকে খুব ভ-য় পেতাম’, ৩২ বছরের পুরোনো স্মৃতি জানালেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


‘শাহরুখকে খুব ভ-য় পেতাম’, ৩২ বছরের পুরোনো স্মৃতি জানালেন অভিনেত্রী

সময় চলে যায়, কিন্তু কিছু স্মৃতি চিরকাল মনে থাকে। ১৯৯৪ সালের আলোচিত সিনেমা ‘অঞ্জাম’-এ শাহরুখ খানের সঙ্গে কাজ করার সেই পুরোনো স্মৃতি এবার ভাগ করে নিলেন অভিনেত্রী গজলা সালমিন। ৩২ বছর পর তিনি ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ‘অঞ্জাম’-এর শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করেন গজলা। তিনি জানান, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মরিশাসে হয়েছিল। ছবিতে জন্মদিনের দৃশ্যটিও সেখানে ধারণ করা হয়েছিল।

তখন গজলা ছিলেন অনেক ছোট। ফলে সিনেমায় শাহরুখ খানের নেতিবাচক চরিত্র দেখার পর তাঁর মনে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হয়েছিল। তবে ক্যামেরার সামনে যে শাহরুখকে দেখা যেত, ক্যামেরার পেছনে তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন—এটি জানিয়েছেন অভিনেত্রী।

গজলার ভাষ্য, শুটিংয়ের সময় শাহরুখ যখনই তাঁর কাছে আসতেন, তখন তিনি আদর করতেন এবং জড়িয়ে ধরতেন। শাহরুখের আন্তরিক আচরণে খুব দ্রুতই তিনি স্বচ্ছন্দ হয়ে ওঠেন।

অভিনেত্রী বলেন, পর্দায় শাহরুখের চরিত্র দেখে ছোটবেলায় তিনি ভয় পেতেন। কিন্তু ক্যামেরার পেছনে শাহরুখ ছিলেন অত্যন্ত মিষ্টি ও যত্নশীল। তাঁর ব্যবহার গজলাকে এতটাই স্বস্তি দিয়েছিল যে শুটিংয়ের পরিবেশে তিনি নিজেকে নিরাপদ ও স্বচ্ছন্দ মনে করতেন।

‘অঞ্জাম’-এ শাহরুখ খানকে দেখা গিয়েছিল এক অন্ধকার ও নেতিবাচক চরিত্রে। ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বগুড়ায় চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীতে অভিযান পরিচালনা করে ২৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। রবিবার, পৌরসভার পারধুনট ইছামতি নদীতে এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

তিনি জানান, চায়না জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। মাছের ডিম ও রেনু পর্যন্ত নষ্ট হয়ে যায়। এর ফলে জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই কারণে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৩টি চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ এবং মৎস্য অফিসের কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদশাহর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


বাদশাহর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী

পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি বাদশাহর সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যেকোনো খবরের সত্যতা যাচাই করার আগে তার বক্তব্যের জন্য অপেক্ষা করতে হবে।

এটি ঘটে যখন ‘বিগ বস ২০’-এর একটি প্রচার ঝলক প্রকাশিত হয়। সেখানে একটি অজ্ঞাত নারীকে প্রেম, বিশ্বাসভঙ্গ ও সম্পর্কের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে দেখা যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন শুরু হয় যে, ওই নারী সম্ভবত ইশা রিখি।

গতকাল শনিবার ইশা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, তার বিয়ের বিষয়ে বিভিন্ন ধরনের খবর ছড়ানো হচ্ছে, যা দেখে তিনি ‘অবাক’ হয়েছেন।

তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন যাচাই না করা তথ্য প্রকাশ না করার জন্য। সাধারণ মানুষকেও এসব খবর বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। ইশার বক্তব্যের মূল বিষয় হলো, তার বিয়ে বা বিচ্ছেদ সম্পর্কে কোনো তথ্য সত্য বলে ধরে নেওয়া উচিত নয়, যদি না সেটি সরাসরি তার কাছ থেকে অথবা তার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে আসে।

ইশার এই বক্তব্যের এক দিন আগে ‘বিগ বস ২০’-এর একটি প্রোমো প্রকাশিত হয়। সেখানে এক নারীর মুখ ঝাপসা করে দেখানো হয়েছে এবং তাকে বলতে শোনা যায়, তিনি প্রেমে পড়েছিলেন কিন্তু কোনো এক সম্পর্কে তার বিশ্বাস ভেঙে যায়।এই বক্তব্য প্রকাশের পর দর্শকদের একাংশ ধারণা করেন, রহস্যময় ওই নারী ইশা রিখি। কারণ, সম্প্রতি ইশা ও বাদশাহর সম্পর্কের সমাপ্তির খবর প্রকাশ্যে এসেছে।

তবে এখন পর্যন্ত ইশা বা ‘বিগ বস ২০’-এর নির্মাতারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, প্রোমোর ওই নারী ইশাই কি না। বাদশাহ ও ইশা রিখির সম্পর্কের খবর বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। চলতি বছরের মার্চে তাদের ঘনিষ্ঠ আয়োজনে বিয়ে হয়। পরে ইশার মা বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

কিন্তু বিয়ের মাত্র কয়েক মাস পরই বাদশাহ ও ইশার আলাদা হয়ে যাওয়ার খবর সামনে আসে। সেপ্টেম্বরের শুরুতে দুজনই নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে বিচ্ছেদের কথা জানান। বাদশাহ তার বিবৃতিতে বলেছেন, তিনি ও ইশা পারস্পরিক সম্মানের সঙ্গে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ব্যক্তিগত বিষয়টি নিয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার অনুরোধও করেছেন। তাদের পক্ষ থেকে সেটিই এ বিষয়ে একমাত্র বক্তব্য হবে বলেও জানানো হয়েছিল।এরপরই ‘বিগ বস ২০’-এর রহস্যময় নারীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। ইশার সাম্প্রতিক বিবৃতিতে সেই জল্পনা আরও তীব্র হয়েছে।

ইশা রিখির সঙ্গে সম্পর্কের আগে বাদশাহ জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৭ সালের জানুয়ারিতে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়, যার নাম জেসেমি গ্রেস মাসিহ সিং।২০২০ সালে বাদশাহ ও জেসমিন আলাদা হয়ে যান এবং জেসমিন মেয়েকে নিয়ে লন্ডনে চলে যান। এদিকে ‘বিগ বস ২০’-এর নতুন মৌসুম আজ, ৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে। সালমান খান উপস্থাপিত এই রিয়েলিটি শোতে ইশা রিখির নাম নিয়েও আলোচনা চলছে। ক্বাজি তৌকির, গুল্লু, র‍্যাপার ইয়ুং ডিএসএ, মাহি ভিজ, খুশি দুবে, আমান গান্ধীসহ আরও কয়েকজনের নাম সম্ভাব্য প্রতিযোগী হিসেবে সামনে এসেছে।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণের তিন বছরেই সড়ক ধসে জলমহালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


নির্মাণের তিন বছরেই সড়ক ধসে জলমহালে

 

সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে মাত্র তিন বছর আগে। এর পাশেই একটি দীর্ঘ জলমহাল রয়েছে।দুই দিন পূর্বে জলমহালের ওই অংশের একটি অংশ গাছসহ ধসে পড়ে। ফাটল দেখা দিয়েছে আরো ১০০ মিটার অংশে। যে কোনো সময় ফাটলের অংশও ধসে পড়ার আশঙ্কা রয়েছে।গত বৃহস্পতিবার বরগুনার আমতলী সদর ইউনিয়নের বান্দ্রা বাজার হয়ে উল্টাখালী যাওয়ার পাকা সড়কের অন্তত সাত মিটার অংশ ধসে পড়ার ঘটনা ঘটে।এ কারণে সড়কটিতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে বান্দ্রা বাজার থেকে উল্টাখালী সড়কের এক কিলোমিটার অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়। এতে ব্যয় হয়েছিল ৮২ লাখ টাকা।স্থানীয়রা জানান, সড়কটির পাশে বান্দ্রা জলমহাল রয়েছে, যেখানে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম মাছ চাষ করছেন।

তাদের অভিযোগ, সড়কটি নির্মাণের সময় জলমহালের পাশ দিয়ে পাইলিং করার জন্য সেখানকার পানি সেচের মাধ্যমে শুকিয়ে দেওয়ার জন্য ইজারাদারকে অনুরোধ করেন ঠিকাদার ও এলাকাবাসী। কিন্তু ইজারাদার পানি সেচে না দেওয়ায় ঠিকাদার কোনোরকম পাইলিং করে নির্মাণ কাজ শেষ করেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভারি বৃষ্টির ফলে সড়কের ওই স্থানে অন্তত সাত মিটার গাছসহ ধসে পড়ে পাশের মাছের ঘেরে। এছাড়া, পাশের অন্তত ১০০ মিটার অংশে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় ফাটলের অংশও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা মো. সফিজ উদ্দিন হাওলাদার বলেন, ‘কালাম হাওলাদারের মাছের ঘেরের কারণে সড়কটি ধসে পড়ছে। আমরা ওই মাছের ঘেরের লিজ বাতিলের দাবি জানাচ্ছি।’মো. ইউনুছ, সোহাগসহ কয়েকজন বাসিন্দা জানান, এই মাছের ঘেরের কারণে সড়ক ধসে পড়েছে। কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় তা ধসে পড়তে পারে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকা সড়কের সাত-আট মিটার অংশ গাছসহ পাশে থাকা মাছের ঘেরের মধ্যে ধসে পড়েছে। সড়কটি দিয়ে এখন যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে জলমহালের ইজারাদার আবুল কালাম বলেন, ‘আমি তিন বছরের জন্য এক লাখ ৬০ হাজার টাকা রাজস্ব দিয়ে সরকারের কাছ থেকে মাছ চাষের জন্য জলমহাল ইজারা নিয়েছি। অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের পাশে থাকা গাছসহ সড়কটির একাংশ আমার ঘেরের মধ্যে ধসে পড়েছে। আমি বালি ও খোয়া দিয়ে সড়কটি মেরামত করে দেবো।’

আমতলী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইদ্রিস আলী বলেন, সড়কের একাংশ ধসে পড়ার খবর পেয়েছি। পরিদর্শন করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%