০৯:৩০ এম
ফিফা বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ব্রাজিল তাদের বহনকারী বিমানকে বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘পবিত্র’ করেছে। এই উপলক্ষে তৈরি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু করেছে।
বিশ্বকাপ যাত্রার আগে বিমানটির সামনে তোলা একটি দলের ছবি প্রকাশ করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) লিখেছে, চলো একসঙ্গে যাই। ছবিতে দেখা যায়, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ ব্রাজিল দলের সদস্যরা উচ্ছ্বসিত ভঙ্গিতে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।
রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে প্রায় দুই যুগ। এবারও বিশ্বকাপ মিশনে নেমেছে সেলেসাওরা, ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ জয়ের লক্ষ্যে।
আরও পড়ুন: জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৭
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আজুল এয়ারলাইনসের একটি চার্টার্ড বিমান রিও ডি জেনিরোর গালেয়াও বিমানবন্দরে অবস্থান করছে। বিমানটির দুই পাশে স্থাপিত জলকামান থেকে পানি ছিটিয়ে শুভযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিমান চলাচলের ভাষায় এ আয়োজনকে ওয়াটার ক্যানন স্যালুট বলা হয়।
খ্রিস্টান ঐতিহ্যে এই ধরনের আনুষ্ঠানিকতাকে ''ব্যাপ্টিজম'' বা অপ্সুদীক্ষার প্রতীক হিসেবে দেখা হয়, যা নতুন যাত্রা বা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের আগে শুভ সূচনার বার্তা বহন করে। আনুষ্ঠানিকতার শেষে বিমানটিকে ব্রাজিলের জাতীয় পতাকার রঙে বিশেষভাবে সাজানো হয়।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২ জুন) সকাল ৭টায় ব্রাজিল দল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১০ ঘণ্টার ভ্রমণের শেষে কোচ কার্লো আনচেলত্তির দল গন্তব্যে পৌঁছায়।
ব্রাজিল দলের জন্য ব্যবহৃত সুপার ভিআইপি চার্টার্ড বিমানটি বোয়িং ৭৬৭-৩০০ইআর মডেলের। এতে রয়েছে ৯৬টি পূর্ণাঙ্গ শয্যাবিশিষ্ট আসন, যেখানে যাত্রীরা সম্পূর্ণ শুয়ে ভ্রমণ করতে পারেন। দীর্ঘ ভ্রমণে খেলোয়াড়দের ক্লান্তি কমিয়ে সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অত্যাধুনিক এই বিমানের ব্যবস্থা করেছে সিবিএফ।
আরও পড়ুন: আসিফ আকবরের গাড়িতে গুলি, তবে তিনি ছিলেন না উপস্থিত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত কলাম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করবে ব্রাজিল দল। এখন দেখার বিষয়, দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘হেক্সা’ স্বপ্ন পূরণ করতে পারে কি না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন