ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালের শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা


নেপালের শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে অবস্থিত মধেশ প্রদেশে চলমান দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। সরকার চারটি জেলায় কারফিউ জারি করেছে। একটি শোভাযাত্রাকে ঘিরে শুরু হওয়া উত্তেজনা কিভাবে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে, সেটিই এখন আলোচনা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার ভারতীয় সীমান্তসংলগ্ন সুনসারি জেলার দেওয়াংগঞ্জ এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। অভিযোগ রয়েছে যে, শোভাযাত্রার সময় উচ্চ শব্দে গান বাজানোর পাশাপাশি ধর্মীয় পতাকা বহন করা হচ্ছিল। এ সময় স্থানীয় অন্য একটি সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এর ফলে দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা আশপাশের জেলাগুলোতেও বিস্তৃত হতে থাকে।

পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। কিন্তু কী অবস্থায় গুলিবর্ষণ হয় এবং নিহতদের মৃত্যু কিভাবে হয়েছিল, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

সুনসারি, সিরাহা, ধনুষা এবং সপ্তরী জেলায় উত্তেজনা বাড়তে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে কারফিউ ঘোষিত হয়। এছাড়া পারসা জেলায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নেপাল পুলিশ, আর্মড পুলিশ ফোর্স এবং সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সুনসারি জেলার দেওয়াংগঞ্জ গ্রামীণ পৌরসভায় সংঘর্ষের মধ্যে আহত ২৪ বছর বয়সী ওম প্রকাশ মেহতার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ বছর বয়সী জয় প্রকাশ মেহতারও মৃত্যু ঘটে। বৃহস্পতিবার সিরাহা জেলার গোলবাজারে সংঘর্ষ চলাকালে ১৭ বছর বয়সী গণেশ যাদবও নিহত হন। ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

এছাড়া জানা গেছে, আহত ১৯ বছর বয়সী সুভাষ ঠাকুরের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানায়।

বৃহস্পতিবার মধেশ প্রদেশের প্রাদেশিক রাজধানী জনকপুরে পরিস্থিতি জটিল হলে জনকপুরধাম উপমহানগর এলাকায় অনির্দিষ্টকালে কারফিউ জারি করা হয়। ধনুষা জেলা প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। জনকপুরে সেনাবাহিনীর সাঁজোয়া যান, হেলিকপ্টার এবং পদাতিক টহল বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

সিরাহা জেলার গোলবাজারে কারফিউ উলঙ্ঘন করে পূর্ব-পশ্চিম মহাসড়ক অবরোধের চেষ্টা হলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় কিছু দোকান এবং বিপণিবিতানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, যে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা থাকলেও নিরাপত্তা বাহিনী শুরুতেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, জাতির উদ্দেশে ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে লাবিবুল আল হাসান (১০) এবং রায়হান ইসলাম রাব্বি (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই অবস্থাটির সৃষ্টি হয়।

নিহত লাবিবুল আল হাসান, মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আতাউর শেখের সন্তান। অপরদিকে নিহত রায়হান ইসলাম রাব্বি কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। উভয়ই স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত।

স্থানীয় সূত্রে খবর, পাঁচ বন্ধু মিলে চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। কিছু সময় পরে, তিনজন তীরে ফিরে আসে, কিন্তু লাবিবুল এবং রাব্বির সন্ধান মেলেনি। পরবর্তীকালে স্থানীয়দের এ বিষয়টি জানানো হলে তারা অনুধাবন করে এবং তল্লাশি শুরু করে। এক পর্যায়ে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হলেও চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, এ ঘটনায় কোনও পক্ষের বিরুদ্ধে অভিযোগ না থাকায় দুই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রূপ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, একই সঙ্গে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ফখরুল বলেন, ‘ধর্মের নামে যারা দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে চায়, তাদের অবশ্যই রুখে দিতে হবে। মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই।’

আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে।

জাতির মুক্তিসংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় পরিচয় নির্বিশেষে ঐক্যের মূল আদর্শকে ভিত্তি করে।

গত ১৫ বছরের হাসিনা শাসনামলে গণতন্ত্রের অবক্ষয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব নাগরিকের সমান অধিকার, ধর্ম পালনের স্বাধীনতা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র নিশ্চয়তা হলো কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা।

সরকারের অন্তর্ভুক্তিমূলক নীতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে সনাতন সম্প্রদায়, জাতিগত সংখ্যালঘু, সমতল ও পার্বত্য অঞ্চলের জনগণের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে।

তিনি বলেন, দুর্গাপূজা ও রথযাত্রাসহ বিভিন্ন বড় ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ মনে করে না, তাই সনাতন ধর্মাবলম্বীকে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা একই মাতৃভূমির সন্তান। আমাদের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের আলোকে আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোস্ট অফিসে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


পোস্ট অফিসে গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সাদা কাগজে দাপ্তরিক সিল ব্যবহার করে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মো. হায়দার আলী অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় লেটার রাইটার শিহাব মৃধা ডাকঘরে আগত গ্রাহকদের সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে ৫১ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা গ্রহণ করেন। পরে ওই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাজবাড়ী সদর আমলি আদালতে ভুক্তভোগীদের পক্ষে নাছরিন আক্তার দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব মৃধা, লেটার রাইটার মাহবুবুর রহমান, পোস্টাল অপারেটর নাজমুল হাসান, ট্রেজারার পবিত্র কুমার সরকার, এমএলএসএস মো. রেজাউল আলম, পোস্টাল অপারেটর মো. গোলাম মোস্তফা বাচ্চু, পোস্টাল অপারেটর এস এম নুরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল ক্যারিয়ার বিউটি রানী দাস, পোস্টাল কর্মচারী নুরুল মাসুদ ও রোকসানা আক্তার।

আদালত মামলাটি গ্রহণ করে অভিযুক্ত সকলের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

জানা গেছে, গত ১২ জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে এসে ঘটনার মূল অভিযুক্ত লেটার রাইটার শিহাব মৃধাকে ডাকঘরে পেলেও তাকে পুলিশের কাছে হস্তান্তর না করে ছেড়ে দেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তার মোবাইল ফোন।

বর্তমানে ভুক্তভোগী গ্রাহকরা গত দুই সপ্তাহ ধরে রাজবাড়ী প্রধান ডাকঘরে এসে অর্থ ফেরতের দাবি জানাচ্ছেন। এ দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করছেন।

অন্যদিকে, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগে মূল অভিযুক্ত শিহাব মৃধাকে সহযোগিতার অভিযোগ ওঠা পোস্টমাস্টার বিকাশ চন্দ্রকে সম্প্রতি কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

এদিকে, গত ১৬ জুলাই খুলনা দক্ষিণাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কবির আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে খুলনা দক্ষিণাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেলকে সভাপতি, খুলনা সার্কেল অফিসের সুপারিনটেনডেন্ট (তদন্ত) সদস্য সচিব, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), দক্ষিণাঞ্চল, খুলনা এবং কুষ্টিয়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে সদস্য করা হয়েছে।

কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিধি-বিধানের ঘাটতি বা পদ্ধতিগত ত্রুটির কারণে সরকারি ক্ষতি হয়ে থাকলে তা সংশোধন ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুপারিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের নবাগত পোস্টমাস্টার শামীম আহমেদ বলেন, ২০২১ সাল থেকে শিহাব মৃধা হেল্পিং হ্যান্ড হিসেবে লেটার রাইটারের দায়িত্ব পালন করতেন। তিনি সরকারি কর্মচারী নন। ডাক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ ধরনের কর্মীরা বিভিন্ন ডাকঘরে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, অভিযোগ রয়েছে, মেয়াদি সঞ্চয় হিসাব খোলার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনি প্রায় অর্ধশত গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এসব ঘটনা ঘটে। গ্রাহকরা সঞ্চয়পত্রের পাসবই নিতে এসে বারবার না পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।

তিনি আরও বলেন, আমি গত ৬ জুলাই রাজবাড়ী ডাকঘরে যোগদান করেছি। যোগদানের পর বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। তাদের পরামर्शে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ মামলা করার পরামর্শ দেয়। পরে বিষয়টি কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় এবং সেখান থেকে খুলনা সার্কেল অফিসে জানানো হয়। বর্তমানে চার সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডাক অধিদপ্তর থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সততা ও গতিশীল নেতৃত্ব গুরুত্বপূর্ণ: ড. খন্দকার মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সততা ও গতিশীল নেতৃত্ব গুরুত্বপূর্ণ: ড. খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের খাঁটি দেশপ্রেম, সততা এবং ডায়নামিক নেতৃত্ব আগামীতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটি শক্তিশালী নিয়ামক। তিনি দেশ ও জনগণের উন্নয়নে বাতিঘর হিসেবে কাজ করছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে সক্ষম হবেন। সেই লক্ষ্য অর্জনে জনগণের স্বপ্ন পূরণে সরকার অক্লান্তভাবে কাজ করছে।

তিনি শুক্রবার বিকেলে দাউদকান্দি পৌর সদরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘স্কয়ার এইড হসপিটাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফিতা কেটে নবনির্মিত হাসপাতাল উদ্বোধন শেষে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসা সেবা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ন রেখে মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি গত ৫ মাসে দেশব্যাপী বিভিন্ন গণমুখী সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশের উন্নয়ন এখন দৃশ্যমান হচ্ছে। তারেক রহমানের চারপাশে মানুষ নতুন স্বপ্ন দেখছে এবং বিপুলভাবে উচ্ছ্বসিত হয়ে উঠছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অসহায়, দুস্থ এবং কৃষক পরিবারের জন্য আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড প্রদান করছেন। প্রবাসীদের কল্যাণের জন্য প্রবাসী কার্ড এবং বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ তৈরি করা হচ্ছে। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক খাল খনন কর্মসূচি কার্যকর করা হচ্ছে। দেশের মানুষ বিশ্বাস করে, তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সামর্থ্য রাখেন।

হসপিটালের চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা মাহবুবুর রহমান হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী এবং শ্রমিক দল নেতা জামাল হোসেন প্রমুখ।

খন্দকার মারুফ আরও জানান, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছে। তাদের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রনায়ক হয়ে, তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তার ডায়নামিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই বিশ্বের মানচিত্রে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিএনপি নেতা মারুফ বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে অবকাঠামো সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং সেবা বিকেন্দ্রীকরণের বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ চলছে এবং আধুনিক প্যাথলজি সুবিধা চালু করা হচ্ছে। মেডিক্যাল কলেজে ৫০ এবং জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%