ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ছয় বছরেও নির্মিত হয়নি সেতু, বাঁশের সাঁকোই ভরসা পাঁচ গ্রামের মানুষের


ছয় বছরেও নির্মিত হয়নি সেতু, বাঁশের সাঁকোই ভরসা পাঁচ গ্রামের মানুষের

ছয় বছর আগে একটি সেতু খালের ওপর ভেঙে পড়েছিল। এরপর থেকে পাঁচ গ্রামের মানুষের জন্য বাঁশের নড়বড়ে সাঁকোই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এ সাঁকো পার হচ্ছে, কৃষক, শ্রমজীবী মানুষ এবং বয়স্করা চলাচল করছেন। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রা-ওড়াতলা খালের ওপর নতুন সেতু নির্মাণ না হওয়ায় হাজারো মানুষ দীর্ঘদিন ধরে এ ধরনের দুর্ভোগের শিকার।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু না থাকার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কোথাও যেতে হলে বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে। সামান্য অসাবধান হলেই খালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বছরের পর বছর এভাবে চলাচল করলেও সেতু নির্মাণের জন্য কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

জানা গেছে, ১৯৯৬ সালে খুলনা পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/১ নম্বর পোল্ডারের আওতায় ২ নম্বর কয়রা-ওড়াতলা খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। ২০২০ সালে সেতুটি ধসে পড়ার পর থেকে স্থায়ী যোগাযোগব্যবস্থা ভেঙে যায়। এরপর স্থানীয় লোকজনের উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করা হয়। সেটিই এখন ২নং কয়রা, ওড়াতলা, গোবরা, হরিণখোলা ও পূর্বচকসহ আশপাশের গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা।

ওড়াতলা গ্রামের খালপাড়ের বাসিন্দা রিপন আহম্মেদ বলেন, ‘সেতু খালে পড়ে আছে, পাশে বাঁশের সাঁকো দিয়ে ছেলে-মেয়েরা স্কুলে যায়, মানুষ বাজারে যায়। একটু এদিক-ওদিক হলেই খালে পড়ে যাওয়ার ভয়। ছয় বছর ধরে এমন কষ্ট করছি, কিন্তু সেতু আর হলো না।’

এলাকার আরো অনেক বাসিন্দা একই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সেতুর অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। কৃষক, শ্রমজীবী মানুষ এবং ব্যবসায়ীদের যাতায়াতেও ভোগান্তি হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগী কিংবা প্রসূতিকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

গত শনিবার (১৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, খালের দুই পাড়ের মধ্যে সংযোগ রক্ষা করে একটি বাঁশের সাঁকো। সেটি দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্কুলগামী শিশুরা ভয়ে ভয়ে সাঁকো পার হচ্ছে। বয়স্কদের কেউ কেউ অন্যের সহায়তা নিয়ে পার হচ্ছেন। পাশেই পড়ে আছে ভাঙা সেতুর অবশিষ্টাংশ। সেতুটির প্রায় ৯০ শতাংশ ভেঙে খালে পড়ে আছে। সেতু না থাকায় ভ্যান, ইজিবাইক এবং পণ্যবাহী যানবাহন নিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেক দূর ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

২ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা গফুর সানা বলেন, সাঁকো পার হতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই পিছলে পড়ে যায়। তাদের বই-খাতা পানিতে পড়ে নষ্ট হয়। বর্ষাকালে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়। রাতে কোনো রোগী বা প্রসূতিকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে স্বজনদের বিপাকে পড়তে হয়। দীর্ঘদিন ধরে সেতু না থাকায় এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণের প্রকল্প নিতে হবে। বছরের পর বছর বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে একটি জনপদের যোগাযোগব্যবস্থা চলতে পারে না। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং বয়স্কদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কয়রা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, ‘সেতুর অভাবে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সভায় বারবার বিষয়টি তুলে ধরেও সমাধান মেলেনি। দ্রুত সেতু নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘব করা জরুরি।’

আরও পড়ুন: কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ভাঙা সেতুর কারণে কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে সেতুটি নির্মাণ করা প্রয়োজন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, ছয় বছর ধরে সেতু না থাকায় পাঁচ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন, যা উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। শুধু আশ্বাস নয়, সমস্যাটির বাস্তবসম্মত সমাধানে কী করা যায়, তা গুরুত্বের সঙ্গে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে লা লিগা সভাপতি তেবাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


রিয়াল মাদ্রিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে লা লিগা সভাপতি তেবাস

স্পেনের ফুটবলে বিতর্কের অবসান হচ্ছে না। লা লিগার রেফারিং নিয়ে ক্রমাগত অসন্তোষ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। নিজেদের টিভি চ্যানেলে রেফারিদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে স্প্যানিশ জায়ান্টদের বিরুদ্ধে। এ প্রেক্ষিতে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস রিয়ালের এই প্রচারণা কৌশলকে জার্মানির নাৎসি সরকারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করেছেন। এ ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি।

লা লিগার সভাপতির এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) তার বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে (টিএডি)। তেবাসের মন্তব্য ক্রীড়াঙ্গনের মর্যাদা এবং শালীনতার আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালকে অনুরোধ করা হয়েছে।

ঘটনার শুরু ১৬ অক্টোবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ৬৪ বছর বয়সী তেবাস লেখেন, ‘রিয়াল মাদ্রিদের নিজস্ব একদল মুখপাত্র রয়েছে এবং ক্লাবটি নিজেই এর নেতৃত্ব দেয়। তাদের কৌশল সবসময় একই—সুবিধাজনক পদক্ষেপ বাছা, অপমানের পুনরাবৃত্তি, সন্দেহ তৈরি করা ও শত্রুদের নাম প্রকাশ করা। এটি গোয়েবলসের ব্যবহৃত প্রচার কৌশলের কথা মনে করিয়ে দেয়।’

তেবাসের মন্তব্যের পর রিয়াল মাদ্রিদ কড়া প্রতিক্রিয়া দেখায়। ক্লাবটি অবিলম্বে লা লিগার সভাপতির পদত্যাগ দাবি করে। সিএসডির মতে, স্প্যানিশ ‘ক্রীড়া আইন ১০/১৯৯০-এর ৭৬.৪.বি অনুচ্ছেদ’ অনুযায়ী তেবাসের এই আচরণ গুরুতর অপরাধের আওতায় পড়ে। অভিযোগ প্রমাণিত হলে সতর্কবার্তা, অর্থদণ্ড বা সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে তার।

এদিকে লা লিগার সভাপতি আত্মপক্ষ সমর্থনে সরব হয়েছেন। তিনি পাল্টা বিবৃতিতে জানান, প্রচারকৌশল বোঝাতে তিনি এই উপমা দিয়েছিলেন, রিয়াল সমর্থক বা ক্লাবের মূল্যবোধকে আঘাত করার উদ্দেশ্যে নয়।

একই সঙ্গে রিয়ালের সম্প্রচার নিয়ে সিএসডির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে তেবাস লেখেন, ‘রিয়ালের অফিসিয়াল টিভি যখন রেফারিং ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলে এবং লিগ চুরি হওয়ার অভিযোগ তোলে, তখন ক্রীড়া মন্ত্রণালয় বা সিএসডি চুপ থাকে কেন? প্রতিযোগিতাকে জালিয়াতি বলা কি খেলাধুলার শালীনতার ওপর আঘাত নয়? এতে কি ক্লাব, রেফারি এবং লাখ লাখ সমর্থকের ক্ষতি হচ্ছে না? নাকি এসব মূল্যবোধের পক্ষে প্রকাশ্যে কথা বলার প্রয়োজন পড়ে কেবল তখনই, যখন কেউ এমন আক্রমণের জবাব দেয়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ধান কাটার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ধান কাটার তাগিদ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আগামী কয়েক দিনের মধ্যে আরও শক্তি সঞ্চয় করে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। সম্ভাব্য এই আবহাওয়া ব্যবস্থার কারণে সাগর উত্তাল হওয়া এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাসে বঙ্গোপসাগরের লঘুচাপটি ক্রমশ শক্তিশালী হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে এটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর গতিপথ, শক্তি ও উপকূলে আঘাতের সময় সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি ২৪ অক্টোবরের মধ্যে নিম্নচাপে, ২৫ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া ব্যবস্থাটির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত কোথায় এবং কী মাত্রায় এর প্রভাব পড়বে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সরাসরি আঘাতের আশঙ্কা এখনো নিশ্চিত নয়। তবে এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে বিডব্লিউওটির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির ধারণা, ২৭ ও ২৮ অক্টোবর থেকে ১ ও ২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাসের ওপর নজর রাখা জরুরি।

সাগরে আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে জেলেদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ, সাগরে যাওয়ার আগে পরিস্থিতি যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে বাতাসের গতি ও ঢেউ বাড়লে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার প্রস্তুতি রাখতে হবে।

সম্ভাব্য বৃষ্টিপাতকে কেন্দ্র করে কৃষি খাতেও সতর্কতা জারি করেছে বিডব্লিউওটি। যেসব জমির ধান পেকে গেছে, সেগুলো আগামী ২৬ অক্টোবরের মধ্যে কেটে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, পাকা ধান দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে থাকলে শিষে অঙ্কুরোদ্গম, দানার গুণগত মান নষ্ট হওয়া এবং গাছ মাটিতে পড়ে যাওয়ার মতো ক্ষতি হতে পারে। এতে কৃষকের উৎপাদন ও আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়বে।

শীতকালীন সবজি চাষ ও বীজতলা তৈরির ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন করে বীজতলা তৈরি বা সবজি রোপণের আগে বৃষ্টির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। যেসব জমিতে ইতোমধ্যে রবি ফসল বা সবজি রয়েছে, সেসব জমিতে পানি জমতে না দেওয়ার জন্য নালা পরিষ্কার রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া বীজ, সার ও কাঁচা ফসল বৃষ্টির পানি থেকে রক্ষায় নিরাপদ স্থানে সংরক্ষণ এবং প্রয়োজন হলে পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাকা ধান ও অন্যান্য ফসল কাটার পর দ্রুত পরিবহনের ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কমানো যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির শিক্ষকপুত্র অপ্রতিম হত্যায় ৩১ দিনের মধ্যে চার্জশিট দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


কুবির শিক্ষকপুত্র অপ্রতিম হত্যায় ৩১ দিনের মধ্যে চার্জশিট দাখিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান এবং স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার পেছনে আইফোন ছিনিয়ে নেওয়ার লোভ ছিল। এই হত্যাকাণ্ড, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, ঘটনার ৩১ দিনের মধ্যে পুলিশ মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দায়ের করা এই চার্জশিটে চারজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় এবং অপর অভিযুক্ত সিয়াম পুরো ঘটনার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল। বর্তমানে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। দুইজনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী তাদের গাজীপুর শিশু শোধনাগারে রাখা হয়েছে। ইতোমধ্যে সিয়াম ছাড়া বাকি তিনজন আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোনটি নিয়ে ছবি তোলার কথা বলে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির ছাত্র অপ্রতিম। এরপর মূল পরিকল্পনাকারী তুহিন কৌশলে অপ্রতিমকে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার একটি নির্জন বনে নিয়ে যায়। সেখানে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় সজোরে আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইফোনটি নিয়ে খুনিরা পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে আটক করা হয় এবং তার বাসা থেকেই অপ্রতিমের ফোনটি উদ্ধার করা হয়।

তদন্তের দ্রুত সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করলেও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপ্রতিমের পরিবার। নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, "পুলিশ দ্রুত চার্জশিট দেওয়ায় আমরা আশাবাদী। এখন আমাদের একমাত্র চাওয়া বিচার প্রক্রিয়া যেন দ্রুত শেষ হয় এবং আসামিরা যেন বয়সের ফারাকে আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। আমার একমাত্র সন্তানকে যারা এভাবে কেড়ে নিয়েছে, আদালত যেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের সম্মান দিতে পাপারাজ্জিদের সতর্ক করলেন সালমান খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


নারীদের সম্মান দিতে পাপারাজ্জিদের সতর্ক করলেন সালমান খান

বলিউডের ‘ভাইজান’ অভিনেতা সালমান খান, বিগ বসের মঞ্চ থেকে পাপারাজ্জিদের উদ্দেশ্যে অশ্লীল অ্য়াঙ্গেল থেকে নায়িকাদের কুরুচিকর ছবি ও ভিডিও তোলা নিয়ে কিছুদিন আগে একটি সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি সেদিন তাদের প্রতি একটি স্পষ্ট বার্তা প্রদান করেছিলেন।

সম্প্রতি মুম্বাইয়ে ‘আইফা ২০২৭’ সালের প্রচার উপলক্ষ্যে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে কারিনা কাপুরের সঙ্গে স্টাইলিশ লুকে উপস্থিত হন সালমান। ওই অনুষ্ঠানে ছবি তোলার উজ্জ্বল পরিবেশের মধ্যে, তিনি আবারও পাপারাজ্জিদের উদ্দেশ্যে তার পূর্বের সতর্কবার্তা স্মরণ করিয়ে দেন।

পাপারাজ্জিদের কাছে তারকাদের ছবি তোলার অশালীন অভ্যাসের কঠোর সমালোচনা করে সালমান বলেন, ‘পেছনের দিকের কথা, কিন্তু মনে রেখো— তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’

তিনি আরও বলেন, যেসব অভিনেত্রী পেছনের দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন এবং যারা আপত্তি জানান না— উভয়ের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা ফটো সাংবাদিকদের থাকা উচিত।

গত সেপ্টেম্বর মাসে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে, ভাইজান নারীদের কুরুচিকর ছবি তোলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেসময় সালমান খান বলেছিলেন— পেছন থেকে যেসব ছবি নেওয়া হয়, তা কোনো নায়িকা পছন্দ করেন না। ৯০ শতাংশ মেয়ে এবং যারা এখন মা হয়েছেন, তারা কেউই এটা চান না। তিনি মন্তব্য করেন যে, যেসব নারীরা এটা পছন্দ করেন না, তাদের উচিত পেছন ফিরে এমন পাপারাজ্জিদের সপাটে চড় মারা! তিনি তাদের বলার পরামর্শ দেন— নিজেদের মা-বোনের ছবি এভাবে তুলে দেখাতে। এটি একটি জঘন্য মানসিকতা!

অভিনেতা এ ধরনের কুরুচিকর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও প্রদান করেছিলেন।

উল্লেখ্য, আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর অনুষ্ঠিত হবে আবুধাবির ইয়াস আইল্যান্ডের ‘ইতিহাদ অ্যারেনা’য়। আগামী বছরের ২২ ও ২৩ জানুয়ারি এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। তাদের সঙ্গে যোগ দেবেন করণ জোহর ও মণীশ পল। এছাড়া সালমান খান, কারিনা কাপুর এবং জাহ্নবী কাপুরের মতো প্রথম সারির তারকারাও সেখানে পারফর্ম করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%