ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান


মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান

মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও বৈশ্বিক জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তিনি উল্লেখ করেছেন, ‘আগামী বছর জ্বালানির বাজার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আমাদের সবার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্য খাতের উচিত, জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে সেটাও নির্ধারণ করতে হবে।’ গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১১৭ ডলারে পৌঁছে যায়, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

গতকাল সোমবার সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এনার্জি উইক সম্মেলনে এসব কথা বলেন আইইএ প্রধান। তিনি আরও জানান, তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। পরিশোধিত জ্বালানি পণ্যের দাম আরো অনেক বেশি।

তেলের দাম কোথায় গিয়ে ঠেকতে পারে সে পূর্বাভাস দিতে রাজি না হলেও ফাতিহ বিরোল বলেন, বিশ্বের সব দেশে তেলের বাড়তি দাম একই রকম প্রভাব ফেলছে না। ইউরোপের জন্য হয়তো তেলের দাম খুব বেশি নয়। সহজেই তারা তেল কিনতে পারছে। কিন্তু বিশ্বের অনেক দেশের মানুষের জন্য ১২০ ডলার দিয়ে তেল কেনা কঠিন। তেলের এই বাড়তি দাম বাণিজ্য ঘাটতিতে প্রভাব ফেলবে।

আরও পড়ুন: চীন স্মার্ট মিটার-জ্বালানি খাতে ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়

তবে শীতের মৌসুমে ইউরোপে কিছু জ্বালানির চাহিদা বাড়বে বলে জানান তিনি। ইউরোপ এবার কঠিন শীতের মুখোমুখি হবে। কারণ ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান যুদ্ধ। কাতার ও সংযুক্ত আরব আমিরাত আগের মতো গ্যাস রপ্তানি করতে পারছে না। এসব কারণে গ্যাসের বাজারে বড় ধরনের চাপ তৈরি হবে। তিনি আরো বলেন, ‘আমরা শীত মৌসুমে প্রবেশ করছি। বিশ্বের কিছু অঞ্চলে সাধারণত এ সময় ডিজেলের চাহিদা বেড়ে যায়। পশ্চিমা বিশ্বের কিছু অঞ্চলে ঘরবাড়ি গরম রাখতে ডিজেল ব্যবহার করা হয়। বাড়তি চাহিদার এই মৌসুমে বেশ কয়েকটি তেল শোধনাগারে রক্ষণাবেক্ষণ চলছে।’

বর্তমান সংকটের ফলে পারমাণবিক জ্বালানি খাতের পুনরুত্থান ঘটবে বলে আশা করছেন বিরোল। আইইএর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিশ্বে বর্তমানে ৯০ গিগাওয়াট সক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মীয়মাণ রয়েছে। গত চার দশকে এত বেশি সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নজির নেই। সূত্র : ইকোনমিক টাইমস ও দ্য টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসাছাত্র ইয়াসিন দুই দিন ধরে নিখোঁজ, পরিবারের সন্ধান চাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ এম


মাদরাসাছাত্র ইয়াসিন দুই দিন ধরে নিখোঁজ, পরিবারের সন্ধান চাওয়া

কুমিল্লা সদর এলাকার একটি এতিমখানা মাদরাসা থেকে মো. ইয়াসিন (১৩) নামের এক হিফজ বিভাগের ছাত্র দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবার কুমিল্লা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ ইয়াসিনের মামাতো ভাই, পুলিশ সদস্য মো. রানা ও চাচা রমজান সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসিন কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে। সে মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

ইয়াসিনের বাবা কামাল হোসেন জানিয়েছেন, নিখোঁজ হওয়ার সময় তার ছেলে নীল রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি পরিহিত ছিল। ছেলেকে খুঁজে বের করার জন্য পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

মাস্টার্স মিশন এতিমখানা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যাপক ইজাজুল হক বলেন, ‘এতিমখানা থেকে সিহাব ও ইয়াসিন নামে দুই শিক্ষার্থী কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঢাকার তেজগাঁও এলাকা থেকে সিহাবকে উদ্ধার করে। তবে ইয়াসিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা কাজ করছেন।

নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট থানা কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ এম


কালীগঞ্জে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর প্রাণ গেল

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মৃত্যু ঘটেছে আড়াই বছরের শিশু জাবিদ জারিফের। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা বেলায় উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের বেতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জাবিদ জারিফ সৌদি আরব প্রবাসী আহমদ আলীর পুত্র।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার দিকে শিশু জাবিদ জারিফ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘জাবিদ জারিফ নামে আড়াই বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

এদিকে, শিশু জাবিদ জারিফের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এই মর্মান্তিক ঘটনায় বেতলী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ৯০ কেজি ইলিশ এতিমখানায়, দুই জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


লক্ষ্মীপুরে ৯০ কেজি ইলিশ এতিমখানায়, দুই জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ইলিশ শিকারের জন্য সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে দুই জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে জব্দ করা ৯০ কেজি ইলিশ মাছ ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন মিডিয়া সেলের মাধ্যমে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আটক দুই জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) আইনের আওতায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া, জব্দকৃত প্রায় ৯০ কেজি ইলিশ ৫টি এতিমখানা ও সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়। অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযানটি মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদেরকে অর্থদণ্ড প্রদান করেন।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরসহ দেশের ২০ টি জেলার নদ-নদী ও সাগরে ২২ দিন সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এই সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ এম


কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রী শাহনাজ আক্তারকে (৩৩) গলা কেটে হত্যা করার ঘটনায় তাঁর স্বামী আহসান উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আমবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন।

তিনি জানান, আহসান উল্লাহ স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। এর ফলস্বরূপ, গত ৮ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ ঢাল এলাকার নিজ বাড়ির শয়নকক্ষে ধারালো ছুরি দিয়ে শাহনাজের গলা কেটে হত্যা করেন তিনি। পরে আহসান উল্লাহ পালিয়ে যান। নিহত শাহনাজ আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া এলাকার আলতাফ হোসেন সরদারের মেয়ে। এ ঘটনায় তার ভাই মো. আনোয়ার হোসেন (৩৯) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন আরও জানান, পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আহসান উল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%