ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বালোগান বললেন, ‘কখনও দু:খ পেয়েছি, কখনও আনন্দ হয়েছে’


বালোগান বললেন, ‘কখনও দু:খ পেয়েছি, কখনও আনন্দ হয়েছে’

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে এই ম্যাচে জয় লাভের চেয়েও মার্কিন ফরোয়ার্ড বালোগানের লাল কার্ড নিয়েই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থেকে শুরু করে অনেকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

এবার নিজের লাল কার্ড নিয়ে মত প্রকাশ করেছেন ফোলারিন বালোগান। তিনি বলেছেন, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে প্রাপ্ত লাল কার্ডটি ছিল একটি কঠোর সিদ্ধান্ত। তবে শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের বিরুদ্ধে তিনি নিজেকে এক উৎসাহদাতা হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

বসনিয়ার বিপক্ষে ম্যাচটিতে তিনি বিশ্বকাপের নিজের তৃতীয় গোলটি করে যুক্তরাষ্ট্রকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন। তবে দ্বিতীয়ার্ধের খেলায় বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালির ওপর তার পা পড়ার কারণে তাকে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল। সব মিলিয়ে মোনাকোর এই ফরোয়ার্ডের জন্য ম্যাচটি ছিল বেশ ঘটনাবহুল।

আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে

যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো এই লাল কার্ডের সমালোচনা করে একে ‘দুর্ঘটনাবশত শারীরিক সংস্পর্শ’ হিসেবে উল্লেখ করেছেন। বালোগানও সেই মতের সঙ্গে একমত পোষণ করে ঘটনাটিকে ‘অনিবার্য’ বলে মন্তব্য করেন।

ম্যাচ-পরবর্তী সময়ে বালোগানের অনুভূতি ছিল মিশ্র। তিনি তার গোল উদযাপনের বিষয়ে এনবিএ-র কিংবদন্তি লেব্রন জেমসের প্রতিক্রিয়াকে ‘অবাস্তব এক মুহূর্ত’ বলে উল্লেখ করেন।

অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বালোগান নানা আবেগের দোলাচলের বিষয়টি তুলে ধরেন। এই ফুটবলার জানান, কখনও দুঃখ পেয়েছেন, কখনও আনন্দ অনুভব করেছেন। সত্যি বলতে, পুরো বিষয়টি ছিল এক অবাস্তব অভিজ্ঞতার মতো। তিনি বলেন, সবার আগে এটা বলা জরুরি যে, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমি নিশ্চিত অনেকেই তা জানেন। আমার কাছে মনে হয় না সিদ্ধান্তটি সঠিক ছিল। আমার মতে, হলুদ কার্ড দিলেই তা ন্যায্য হতো।

তবে বালোগান জোর দিয়ে বলেন, মাঠে খেলতে না পারলেও পরবর্তী ম্যাচে দলের জন্য তার ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তিনি বলেন, মূলত সতীর্থ ও দলকে সমর্থন জোগানোই আমার কাজ। আমাদের এই যাত্রা এবং কর্মকাণ্ডের প্রতি দেশের মানুষের যে গভীর সম্পৃক্ততা ও আগ্রহ, তা দেখতে আমার খুব ভালো লাগে। আমি মনে করি, সবার পাশে থাকা এবং দলের মনোবল চাঙ্গা রাখার কাজটিই এখন আমার ভূমিকা।

আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি

এখন, আগামী ৭ জুলাই শেষ ষোলোর খেলার জন্য বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবেন যুক্তরাষ্ট্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে মধ্যরাতে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


জাবিতে মধ্যরাতে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার’ শেখানোর নামে গভীর রাতে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে বিভাগের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পর অভিযুক্ত শিক্ষার্থীরাও র‍্যাগিংয়ের বিষয়টি লিখিতভাবে স্বীকার করেন।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীরা ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের সদস্য। তাদের মধ্যে রয়েছেন—সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী সিক্ত, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, শ্রী কার্তিক চন্দ্র রায় এবং নাইম আহমেদ সজিব।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে ফোন করে প্রথমে মহুয়া মঞ্চের সামনে এবং পরে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে যেতে বলা হয়। সেখানে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করানোর পর তাদের মাঠসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর ‘ফরমাল পরিচয়’ ও ‘ম্যানার’ শেখানোর কথা বলে তাদের বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। সেইসাথে কান ধরে দাঁড় করিয়ে রাখা এবং বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমাদের বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং ফরমাল পরিচয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরে জাকসুর নেতা মোহাম্মদ আলী চিশতী, হুসনে মোবারক এবং প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করেন।

প্রক্টরিয়াল টিমের কাছে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে অভিযুক্ত শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন শিক্ষার্থীকে ম্যানার শেখানোর নামে জাবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র‍্যাগিং করেছি।

জাকসুর স্বাস্থ্য ও খাদ্যবিষয়ক সম্পাদক এবং অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্য হুসনে মোবারক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে আমি ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ঘটনাস্থলে যাই।

অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রশাসনকে জানানো হয়। শেষে সহকারী প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তারা এসে অভিযুক্তদের নিরাপত্তা অফিসে নিয়ে যান। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেন।

তিনি আরো বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে পুরো ক্যাম্পাস যখন সোচ্চার, তখন গভীর রাতে শিক্ষার্থীদের নির্জন স্থানে নিয়ে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনার বিরুদ্ধে জাকসু কঠোর অবস্থানে থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে সংশ্লিষ্টদের নিরাপত্তা অফিসে এনে তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি প্রক্টরিয়াল বডির সভায় উপস্থাপন করা হবে। সভার সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


মধুপুরে ১ লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মাণ কাজের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ ইমরান হোসেন,বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ সভাপতি আনোয়ারা হক লিলি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পৌরবিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা মেহেদী হাসান মিঞ্জু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্র দল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, এপ্রকল্পটি বাস্তবায়িত হলে আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের জনগণের নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হতে পারে প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হতে পারে প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর

প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর আমাদের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে।

অনলাইন ডেস্কের তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) এফডিসিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক এক ছায়া সংসদে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর উন্নয়ন সহায়তা, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। বড় বাজেট দোষের কিছু নয়। নির্বাচিত সরকার তার কর্মসূচি বাস্তবায়নে বড় বাজেট দিতেই পারে। তবে বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে। এ সরকারের অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে। অতীতে টানেলের শেষে কোন আলো খুঁজে পাওয়া যেত না, এখন আমরা আশাবাদী। হতাশা কাটিয়ে টানেলের শেষে আলো দেখা যাচ্ছে।

দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, সিঙ্গাপুরের মতো দেশে করপোরেট করের হার বাংলাদেশের তুলনায় কম। আমরা যদি করের হারকে অন্তত এ দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে না পারি তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, আওয়ামী শাসনামলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ফানুস তৈরি করে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। অত্যাধিকমূল্যায়িত এসব মেগা প্রকল্পের ২৫ থেকে ৩০ শতাংশ ব্যয়ই ছিল ভূয়া। অত্যাধিক মূল্যায়িত প্রকল্পের যেগুলো থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে সেগুলোকে রেশনালাইজড করে অপচয় বন্ধ করা উচিত। বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকারকে মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীল থেকে মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রীক প্রকল্পে অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থান জরুরি। বিনিয়োগে এখনও গতি আসেনি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত ২ বছরে ৫ শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়েছে। দেড় লাখের বেশি শ্রমিক কাজ হারিয়েছে। শিল্প-কারখানা বন্ধের অভিঘাত পড়ছে অর্থনীতিতে। বেশিরভাগ কারখানাই বন্ধ হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও উৎপাদন সক্ষমতার অভাবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে গ্যাস, বিদ্যুত ও জ্বালানি নিরাপত্তাসহ অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। গ্যাস ও বিদ্যুৎ যদি না পাওয়া যায়, তাহলে ঋণ সহায়তা দিয়েও কারখানাগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না। অন্যদিকে, লাল ফিতার দৌরাত্ন্য কমিয়ে ডি–রেগুলেশন বাস্তবায়ন করতে না পারলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে না।

কিরণ আরো বলেন, অভ্যন্তরীণ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করা না গেলে দেশ ঋণের জালে আটকা পড়ার শঙ্কা রয়েছে। অর্থনীতিকে পুনরুদ্ধারে শুধু বিশাল বাজেট ঘোষণাই যথেষ্ট নয়, এর জন্য অর্থের যোগান, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করা জরুরি। আমাদের দেশের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি। তবে বর্তমান সরকার ঘোষিত এই বাজেট একটি সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ। সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও এবারের বাজেট জনবান্ধব। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ আহরণে জোর দেওয়া হয়েছে। এতে করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। হয়রানির উদ্দেশ্যে নয়, ন্যায্যতার ভিত্তিতে কর আহরণ করতে হবে।

এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য সক্ষম শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন— অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক আবুল কাশেম এবং সাংবাদিক মাইদুর রহমান রুবেল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে ব্রাজিল সমর্থকের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের বিতর্কিত আচরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


চবিতে ব্রাজিল সমর্থকের সঙ্গে আর্জেন্টিনা সমর্থকদের বিতর্কিত আচরণ

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে খেলা চলাকালে কেপভার্দের গোলে উল্লাস করায় এক ব্রাজিল সমর্থকের হাত পা বেঁধে সেভেন আপ খাইয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী ব্রাজিল সমর্থক এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে মাটিতে শুইয়ে জোরপূর্বক সেভেন আপ খাওয়াচ্ছেন। সেভেন আপ খাওয়ানোর পর আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস করতেও দেখা যায়।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ থ্রু পাস থেকে পাওয়া সুযোগে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি। তবে কেপ ভার্দে সহজে হার মানেনি। ৫৯তম মিনিটে লারোস দুয়ার্তের দুর্দান্ত গোলে সমতা ফেরায় আফ্রিকার দলটি।

নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৩তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ কর্নার থেকে গোল করে আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও শেষ হয়নি। ১০৪তম মিনিটে সিডনি ক্যাব্রালের অসাধারণ শটে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে।

শেষ পর্যন্ত কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে তৃতীয়বারের মতো লিড নেয় আর্জেন্টিনা, যা শেষ পর্যন্ত ম্যাচজয়ী গোল হিসেবে দাঁড়ায়। শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%