ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলের নির্বাচনে ভোটের লড়াই এখন এআই ও বটের দখলে


ইসরাইলের নির্বাচনে ভোটের লড়াই এখন এআই ও বটের দখলে

ইসরাইলে মঙ্গলবারের সাধারণ নির্বাচন উপলক্ষে অনলাইন প্রচারযুদ্ধ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ভিডিও, ভুয়া ভিডিও এবং স্বয়ংক্রিয় বটের ব্যবহার করা হচ্ছে। এই প্রচারণার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা, সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করা এবং প্রতিপক্ষকে আক্রমণ করা হচ্ছে। প্রচারের অনেক ভিডিওতে প্রতিপক্ষের দল ক্ষমতায় এলে ইসরাইলের ভবিষ্যৎ ভয়াবহ হবে—এমন চিত্র তুলে ধরা হচ্ছে।

জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্ত রাজনৈতিক জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। ফলে ছোট দলগুলোর অবস্থান এবং ভোটার উপস্থিতি নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার ইসরাইলের উদারপন্থি দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়, ইরান সরকারকে দুর্বল করার উদ্দেশ্যে তৈরি অসংখ্য অনলাইন বট এখন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির পক্ষে প্রচার চালাতে ব্যবহার করা হচ্ছে। এসব বটের মাধ্যমে বিরোধী জোটের নেতা আইজেনকট ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সম্ভাব্য ক্ষমতায় আসার বিপদ তুলে ধরে ভোটারদের সতর্ক করা হচ্ছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে মিয়ানমারে পৌঁছায় ইরানের জ্বালানি

একই সঙ্গে দুই পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও ও ডিপফেক ছড়াচ্ছে। এসব ভিডিওর কয়েকটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার আগে নেতানিয়াহুর ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়েছে। অন্য ভিডিওগুলোতে বিরোধী পক্ষকে আরব দলগুলোর প্রতি সহানুভূতিশীল হিসেবে দেখানো হচ্ছে। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী এসব আরব দলকে অনেকে আসন্ন নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে নির্ধারক শক্তি হিসেবে দেখছেন।

আরবদের প্রাধান্য থাকা জয়েন্ট লিস্টের হিব্রু ভাষার প্রচারাভিযানের পরিচালক মাউরিসিও লাপচিক বলেন, ‘আমরা এমন দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি, যাদের বাজেট ও প্রযুক্তিগত সম্পদ আমাদের চেয়ে অনেক বেশি। বিশেষ করে লিকুদ পার্টির সম্পদ অনেক বেশি।’

লাপচিকের ভাষ্য, প্রযুক্তির ব্যবহার আগে থেকেই অসম প্রতিযোগিতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তাদের হাতে প্রতিপক্ষের মতো সম্পদ নেই। তবে কৃত্রিম প্রযুক্তির চেয়ে তাদের বার্তা বেশি গুরুত্বপূর্ণ বলে তারা বিশ্বাস করেন।

নির্বাচনি প্রচারে প্রযুক্তির অস্ত্র

আরও পড়ুন: ভুসিচের পশ্চিমা ষড়যন্ত্রের অভিযোগ, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার শঙ্কা

ইসরাইলের বামপন্থি জয়েন্ট লিস্টের বিরুদ্ধে দেশটির ডানপন্থি শিবির উল্লেখযোগ্য সম্পদ ব্যবহার করছে। জয়েন্ট লিস্ট গঠিত হয়েছে হাদাশ, বালাদ ও তা’আল দলের জোটে। এ ছাড়া ইউনাইটেড আরব লিস্ট নামে পরিচিত রা’আম দলও প্রচারের লক্ষ্যবস্তু হয়েছে। ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকেরা সাধারণত এ দুটি জোটের কোনো একটিকে সমর্থন করেন। নির্বাচনের আগে সব দলই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ভোটের দিন ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণে লিকুদ পার্টি আগে ‘ইলেক্টর’ নামের একটি অ্যাপ ব্যবহার করতে চেয়েছিল। তবে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে কেন্দ্রীয় নির্বাচন কমিটি অ্যাপটির ব্যবহার সীমিত করে দেয়। এর পরিবর্তে দলটি ‘ভিক্টরি ২৬’ নামে নতুন একটি অ্যাপ ব্যবহার করবে।

ইলেক্টর অ্যাপে ভোটারদের পরিচয় জানা যেত। নতুন অ্যাপটিতে সেই তথ্য প্রকাশ করা হবে না। তবে এর মাধ্যমে লিকুদের কর্মী ও কর্মকর্তারা কোন এলাকায় ভোটার উপস্থিতি কম, তা শনাক্ত করতে পারবেন। এরপর নিজেরা ভোট দিয়ে আসা ব্যক্তিদের নাম সংগ্রহ করে যারা ভোট দেননি, তাদের লক্ষ্য করে প্রচার চালাতে পারবেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের দিন সমর্থক ও সম্ভাব্য সমর্থকদের এই অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে উৎসাহিত করছে লিকুদ পার্টি।

আরও পড়ুন: চীনে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের বৈঠক শুরু

নির্বাচনে ভোটার উপস্থিতিই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। সে কারণে অ্যাপটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অ্যালগরিদম, গণনাযোগ্যতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণারত পিএইচডি গবেষক সেবাস্তিয়ান বেন ড্যানিয়েল বলেন, ‘ইলেক্টর ও এ ধরনের কর্মসূচি ইসরাইলি সামরিক বাহিনী এখন যে প্রযুক্তি ব্যবহার করতে পারে, তার তুলনায় খুবই প্রাথমিক পর্যায়ের।’

তার মতে, এ ধরনের প্রযুক্তি তৈরির জন্য ইসরাইলের হাতে একটি আদর্শ পরীক্ষাগার রয়েছে।

ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি নাগরিক। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আগে থেকেই কঠোর নজরদারির মধ্যে থাকে। তাই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তাঁদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: কীভাবে তার উত্থান: শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলা

কৃত্রিম ভিডিওতে প্রতিপক্ষকে আক্রমণ

নির্বাচনের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের প্রকাশ করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভিডিও নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। ভিডিওতে দেখা যায়, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, একজন বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে সরকারবিরোধী বিক্ষোভ থেকে সহিংসভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিচার বিভাগের তদারকি থেকে বেরিয়ে আসতে চাওয়া উগ্রডানপন্থি সরকারের এসব কর্মকর্তা প্রায়ই আক্রমণের লক্ষ্য হন।

চলতি বছরের শুরুতে নেতানিয়াহুও একটি কৃত্রিম ভিডিও শেয়ার করেছিলেন। এতে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে এমন একটি চরিত্রের দিকে দৌড়ে যেতে দেখা যায়, যাকে অনেকে তার ছেলে গালের আদলে তৈরি বলে মনে করেন। গাল গাজায় ইসরাইলের যুদ্ধে অংশ নেওয়ার সময় নিহত হন। ভিডিওতে আইজেনকট ওই চরিত্রটিকে পাশ কাটিয়ে আরব রা'আম দলের নেতা মানসুর আব্বাসকে আলিঙ্গন করেন।

পরে নেতানিয়াহুর শিবির জানায়, ভিডিওর চরিত্রটি আইজেনকটের ছেলেকে অনুসরণ করে তৈরি করা হয়নি। ওই চরিত্রের গায়ে হিব্রু ভাষায় ‘ইসরাইলের ঐক্য’ লেখা টি-শার্ট ছিল। পরে পুরুষ চরিত্রটির বদলে নারী চরিত্র ব্যবহার করা হয়।

আরও পড়ুন: সিডনির নতুন বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের হেয় করতেও কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও ব্যবহার করা হয়েছে। উগ্রডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের শেয়ার করা একটি ভিডিওতে গাজার মানুষকে গাধা হিসেবে দেখানো হয় এবং তাদের ‘প্যারিসে নিয়ে যাওয়ার’ দৃশ্য তুলে ধরা হয়।

বেন গভির গাজা থেকে ‘স্বেচ্ছায় অভিবাসনের’ নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে উচ্ছেদের আহ্বান জানিয়েছেন। ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনিদের অপমান করা এবং তাদের নিয়ে রাজনৈতিক প্রদর্শনী করার মতো কর্মকাণ্ডেও তিনি বারবার জড়িয়েছেন।

বিভিন্ন সূত্রের দাবি, নেতানিয়াহু ও বেন গভিরের প্রচারশিবির রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে ব্যাপকভাবে বট ব্যবহার করছে।

ভোটারদের মধ্যে বিভাজন বাড়ানোর কৌশল

আরও পড়ুন: ইরানের সঙ্গে জরুরি বৈঠকে সৌদি, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা

যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভোটারদের আচরণ এবং নির্বাচনী কৌশল বিষয়ে বিশেষজ্ঞ রই জুর আলজাজিরাকে বলেন, ‘অনলাইন প্রচারাভিযান বিশেষভাবে সহিংস হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদম ও তথ্য ব্যবস্থাপনা ব্যবহার করে আমরা যাকে “আবেগনির্ভর মেরুকরণ” বলি, তা আরো দৃঢ় করা হচ্ছে।’

রাজনীতিবিজ্ঞানে এই ধারণা দিয়ে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে বিভাজন গভীর হওয়া এবং প্রতিপক্ষের প্রতি বিদ্বেষ বাড়ার বিষয়টি বোঝানো হয়।

জুরের ভাষ্য, এ ধরনের প্রচারের লক্ষ্য হলো প্রান্তিক অবস্থানে থাকা সেই ভোটারদের প্রভাবিত করা, যারা প্রতিপক্ষ শিবিরের কোনো দলকে ভোট দেওয়ার কথা ভাবছেন। তাদের আবার নিজেদের শিবিরে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।

এবারের নির্বাচনে ছোট দলগুলোর সাফল্য এবং সার্বিক ভোটার উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই এই কৌশল বিশেষ তাৎপর্যপূর্ণ।

জুর বলেন, ভোটার উপস্থিতি বাড়ানো এবং দলগুলোর সাংগঠনিক ব্যবস্থাপনা নির্বাচনে গুরুত্বপূর্ণ হবে। তেল আবিব বা হাইফার মতো বড় ধর্মনিরপেক্ষ শহরে সাধারণত ভোটার উপস্থিতি প্রায় ৬০ শতাংশ। অন্যদিকে জেরুজালেম ও বনে ব্রাকের মতো অতি-ধর্মীয় ইহুদিদের (হারেদি) বসবাস বেশি, এমন শহর ও এলাকায় ভোটার উপস্থিতি প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ।

তার মতে, ভোটারদের ভোটকেন্দ্রে আনতেও প্রচারে প্রতিপক্ষের ভয় দেখানো হচ্ছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর পুলিশ আটক করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


‘স্কুলে বোমা আছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর পুলিশ আটক করল

ভারতের দিল্লিতে একটি স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে পুলিশ আটক করেছে। তদন্তে বেরিয়ে এসেছে, ওই দিন স্কুল বন্ধ রাখার উদ্দেশ্যে সে ভুয়া হুমকির বার্তা পাঠিয়েছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৩ অক্টোবর) স্কুলটির কাছে ‘ভবনে বোমা রাখা হয়েছে’—এমন শিরোনামে একটি ই-মেইল আসে। দিল্লির বিভিন্ন স্কুলে একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনার প্রেক্ষিতে এ বার্তার উৎস শনাক্ত করার জন্য সাইবার পুলিশ তদন্ত শুরু করে।

দক্ষিণ দিল্লির উপকমিশনার অনন্ত মিত্তা জানিয়েছেন, সাইবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হংসরাজ স্বামীর নেতৃত্বে একটি দল প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল তথ্যপ্রমাণের মাধ্যমে ই-মেইলটির উৎস খুঁজে বের করে। পরে বার্তা পাঠানোর ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত কিশোরী ওই স্কুলেরই ছাত্রী। সেদিনের ক্লাস বন্ধ করানোর উদ্দেশ্যে সে ভুয়া বোমা হামলার হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কিশোরীটি ই-মেইল পাঠাতে ভার্চ্যুয়াল ব্যক্তিগত নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করার কথা জানিয়েছে।

পুলিশ আরও জানায়, কিশোরীটির বিরুদ্ধে কিশোর বিচার আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লিতে স্কুলগুলোকে লক্ষ্য করে বারবার বোমা হামলার হুমকি আসার প্রেক্ষিতে দ্রুত তদন্তের মাধ্যমে ই-মেইলটির উৎস শনাক্ত করার ঘটনাকে পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকর তদন্তের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন উপকমিশনার অনন্ত মিত্তা।

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির কার্যালয়ে,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


শেরপুরে জেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির কার্যালয়ে,

শেরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভাম শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে ২৪ অক্টোবর সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ আরো অনেকে।
সভায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতারা সকল উপজেলায় মতবিনিময় সভা, হ্যান্ডবিল বিতরণসহ নানা কর্মসূচি পালন করে।
এবং যুবদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিসবেনে বন্দুকধারীদের গুলিতে ১৯ বছর বয়সী তরুণীসহ চারজন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


ব্রিসবেনে বন্দুকধারীদের গুলিতে ১৯ বছর বয়সী তরুণীসহ চারজন আহত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের নিকটবর্তী একটি বক্সিং ইভেন্টের বাইরে গাড়ি থেকে গুলি চালানোর ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। তরুণীটির মাথা ও ঘাড়ে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পর তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি।

রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার রাত ৮টা ১৮ মিনিটের দিকে ব্রিসবেনের দক্ষিণে লোগানহোম এলাকায় ফিটজিস নামের একটি প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। সেখানে বক্সিং প্রতিযোগিতা দেখতে আসা লোকজন যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে জড়ো হয়েছিলেন। এ সময় একটি মিতসুবিশি গাড়ি সেখানে এসে থামে।

কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা পরিদর্শক ইয়ান গ্যালপিন জানিয়েছেন, গাড়িটির সামনের জানালা দিয়ে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তাদের মুখে বালাক্লাভা ও হাতে গ্লাভস ছিল বলে পুলিশের ধারণা। গুলির ফলে চারজন আহত হন।

আহত ১৯ বছর বয়সী তরুণী জিমবুম্বার বাসিন্দা। এছাড়া ব্রাউনস প্লেইন্সের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি পেটে ও হাতে, স্যালিসবারির ৩৭ বছর বয়সী আরেক ব্যক্তি পেটে এবং কর্নুবিয়ার ২৭ বছর বয়সী এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হন। বাকি তিনজনের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গুলির ঘটনার পর মিতসুবিশি গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়াটারফোর্ড ওয়েস্টের ম্যালোনি রোডে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই এলাকাটিকে অপরাধস্থল ঘোষণা করেছে। পরে অন্য একটি গাড়িতে করে মিতসুবিশির আরোহীরা সেখান থেকে চলে যান।

গ্যালপিন বলেন, গাড়িটির আরোহীদের মধ্যে কেউ এ ঘটনায় আহত বা আগুনে পুড়ে গিয়ে থাকতে পারেন। তবে ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বলার সময় এখনও আসেনি।

তিনি আরও বলেন, এটি একটি জনসমাগমস্থলে ভয়াবহ ঘটনা। সেখানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও একটি ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

লোগানের মেয়র জন রেভেন এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন। রোববার সকালে টুডে শোকে তিনি বলেন, এমন ঘটনা লোগানে আগে দেখা যায়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, বক্সিং প্রতিযোগিতাটি ছিল পরিবারবান্ধব একটি আয়োজন। সেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। এ ঘটনার প্রভাব তাদের জীবনে দীর্ঘদিন থেকে যেতে পারে।

কুইন্সল্যান্ড পুলিশের উপপ্রধান ক্রিস স্ট্রিম ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। আয়োজকরা তরুণদের সহিংসতা থেকে দূরে রাখতে বক্সিংকে ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন বলে মেয়র রেভেন জানান।

‘লোগান সিটি টাইটেলস’ নামে আয়োজক সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তারা মর্মাহত। স্থানীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার জন্য পারিবারিক পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। বক্সিং কিংবা বৃহত্তর সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

ঘটনায় জড়িত ব্যক্তিরা এখনও পলাতক। তবে এ মুহূর্তে সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে মনে করছে না পুলিশ। ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে ১১ হাজার আবেদন জমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে ১১ হাজার আবেদন জমা

রাজধানীর ভবন নির্মাণ ও ভূমি ব্যবহারের অনুমোদন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন আটটি জোনে প্লানিং পারমিট ও কনস্ট্রাকশন পারমিটের আবেদন এবং অনুমোদন কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে হওয়ায় সেবাগ্রহীতাদের দাপ্তরিক দৌড়ঝাঁপ অনেকাংশে কমে গেছে।

এছাড়া, নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন নিষ্পত্তি এবং আবেদনে কোনো ঘাটতি থাকলে মোবাইল ফোন বা ই-মেইলের মাধ্যমে তা জানানো হচ্ছে, যা সেবায় গতি ও স্বচ্ছতা বৃদ্ধি করছে।

রাজউকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের আটটি জোনে প্লানিং পারমিটের জন্য অনলাইনে মোট ৭ হাজার ৫৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫ হাজার ৩৯৩টি আবেদন অনুমোদন পেয়েছে। একই সময়ে কনস্ট্রাকশন পারমিটের জন্য ৩ হাজার ৯৩০টি আবেদন জমা পড়ে এবং এর মধ্যে ২ হাজার ৬০০টি অনুমোদন দেওয়া হয়েছে। সাত মাসে দুই ধরনের পারমিটের জন্য মোট ১০ হাজার ৯৮৫টি আবেদন জমা পড়েছে এবং ৭ হাজার ৯৯৩টি আবেদন অনুমোদন লাভ করেছে।

রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, প্লানিং পারমিট নিষ্পত্তির জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, কনস্ট্রাকশন পারমিটের আবেদন ২৪ দিনের মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটিতে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। আবেদনকারীর দাখিল করা কাগজপত্র ও নকশা সঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে। কোনো কাগজপত্রে ঘাটতি বা আবেদনে ত্রুটি থাকলে তা অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হচ্ছে।

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, অতীতে প্লানিং পারমিট ও কনস্ট্রাকশন পারমিট নিতে সেবাগ্রহীতাদের অনেক হয়রানির শিকার হতে হতো। এজন্য বিভিন্ন ব্যক্তির কাছে যেতে হতো এবং এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে হতো। সেবাগ্রহীতাদের এই ভোগান্তি থেকে রক্ষা করতেই প্লানিং পারমিট ও কনস্ট্রাকশন পারমিট অনলাইনে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগে এসব সেবা পেতে দীর্ঘ সময় লাগত এবং মানুষকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হতো। সেবাগ্রহীতাদের সুবিধার জন্য সময়সীমা কমিয়ে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যান জানান, নকশা অনুমোদন আগে থেকেই অনলাইনে দেওয়া হতো। তবে আগের সময়ে এর জন্য নির্ধারিত সময়সীমা ছিল না। বর্তমানে কনস্ট্রাকশন পারমিট ও প্লানিং পারমিট অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২৪ দিনের মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটিতে আবেদন উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে এবং বিষয়টি রাজউক মনিটর করছে।

তিনি আরও জানান, সেবাগ্রহীতাদের কাছ থেকেও অনলাইন সেবা নিয়ে ইতিবাচক ফিডব্যাক পাওয়া যাচ্ছে। তারা সেবা পাওয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

রাজউক চেয়ারম্যান জানান, রাজউকের সব ধরনের সেবা ডিজিটাইজেশনের আওতায় আনার জন্য কাজ চলছে। দরপত্র, এস্টেট কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমও পর্যায়ক্রমে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজউকের পরিচালক (উন্নয়ন) প্রকৌশলী নূর-ই-খোদা জানান, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্লানিং পারমিটের জন্য জোন-১ এ ১ হাজার ৫৯টি, জোন-২ এ ৭৯৭টি, জোন-৩ এ ১ হাজার ৩০টি, জোন-৪ এ ১ হাজার ৬৬৩টি, জোন-৫ এ ৫০৩টি, জোন-৬ এ ১ হাজার ১৭০টি, জোন-৭ এ ৪৮৩টি এবং জোন-৮ এ ৩৫০টি আবেদন জমা পড়েছে।

এসব আবেদনের মধ্যে জোন-১ এ ৮৭৮টি, জোন-২ এ ৫৮৯টি, জোন-৩ এ ৭৪১টি, জোন-৪ এ ১ হাজার ৬০৯টি, জোন-৫ এ ৩০৫টি, জোন-৬ এ ৭৬৭টি, জোন-৭ এ ২২৮টি এবং জোন-৮ এ ২৭৬টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। বাকি আবেদনগুলো কাগজপত্রের ঘাটতি ও অন্যান্য প্রক্রিয়াগত কারণে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

একই সময়ে কনস্ট্রাকশন পারমিটের জন্য জোন-১ এ ৭০৭টি, জোন-২ এ ৪১৩টি, জোন-৩ এ ৫২৬টি, জোন-৪ এ ১ হাজার ১৮৯টি, জোন-৫ এ ২২৯টি, জোন-৬ এ ৪৬১টি, জোন-৭ এ ১৮৮টি এবং জোন-৮ এ ২১৭টি আবেদন জমা পড়ে।

এর মধ্যে জোন-১ এ ৪০১টি, জোন-২ এ ২২৫টি, জোন-৩ এ ৩৬৫টি, জোন-৪ এ ৭৫৩টি, জোন-৫ এ ৯৭টি, জোন-৬ এ ৪০৫টি, জোন-৭ এ ১৪৮টি এবং জোন-৮ এ ২০৬টি আবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক জানান, যেসব আবেদনে ত্রুটি বা কাগজপত্রের ঘাটতি রয়েছে, সেগুলো অনলাইনের মাধ্যমে আবেদনকারীর কাছে ফেরত পাঠানো হচ্ছে। আবেদনকারী ঘাটতি পূরণ করে পুনরায় দাখিল করলে তা অনলাইনেই অনুমোদনের প্রক্রিয়ায় যাচ্ছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না হলে আবেদন বাতিল করা হচ্ছে।

তবে রাজউকের পারমিট ব্যবস্থা অনলাইনে করা হলেও পুরো অনুমোদন প্রক্রিয়া এখনো ডিজিটাল হয়নি। নকশা অনুমোদনের পর ভবন নির্মাণকালীন তদারকির কাজ এখনও ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে। এ ছাড়া অনেক ক্ষেত্রে নকশা অনুমোদনের আগে বিভিন্ন সরকারি সংস্থা থেকে অনাপত্তিপত্র বা এনওসি সংগ্রহ করতে হয়।

ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশন এবং কেপিআইডিসিসহ বিভিন্ন সংস্থা থেকে প্রয়োজনীয় অনাপত্তি নিতে হয়। এসব সংস্থার অনেক ক্ষেত্রেই অনাপত্তিপত্র দেওয়ার প্রক্রিয়া এখনও ম্যানুয়াল। ফলে রাজউকের নিজস্ব অনুমোদন ব্যবস্থা অনলাইন হলেও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ম্যানুয়াল প্রক্রিয়ার কারণে পুরো অনুমোদন ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি সবসময় পাওয়া যাচ্ছে না।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, পাইলট প্রকল্পের মাধ্যমে প্লানিং পারমিট ও নকশা অনুমোদনের ডিজিটাইজেশন কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। বিশ্বব্যাংকের আইএফসি অর্থায়নে প্রকল্পটি শুরু হয়েছিল। প্রথমে শুধু জোন-৫, অর্থাৎ ধানমন্ডি এলাকায় ভূমি ব্যবহার সংক্রান্ত কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে শুরু করা হয়। পরবর্তীতে রাজউকের আওতাধীন আটটি জোনে এ কার্যক্রম বিস্তৃত হয়।

তিনি বলেন, ঢাকা আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম চালু হয়, যা বর্তমানে চলমান রয়েছে।

প্রধান নগর পরিকল্পনাবিদ বলেন, প্লানিং পারমিট বা নকশা অনুমোদনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে ওয়ান উইন্ডো সেলের মাধ্যমে সংশ্লিষ্ট সব সংস্থাকে একই ছাতার নিচে এনে সেবা দিতে পারলে অনুমোদনের সময় আরও কমবে এবং জনভোগান্তিও কমবে।

রাজউকের কর্মকর্তাদের মতে, তাদের আট জোনে পারমিট আবেদন ও অনুমোদন অনলাইনে হওয়ায় সেবাপ্রক্রিয়া আরও সহজ হয়েছে। তবে পুরো ব্যবস্থাকে কার্যকরভাবে ‘ওয়ান-স্টপ’ সেবায় রূপ দিতে হলে সংশ্লিষ্ট সব সংস্থার অনাপত্তি প্রদান, নির্মাণকালীন পরিদর্শন এবং অন্যান্য সহায়ক কার্যক্রমও ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে।

সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা সম্ভব হলে ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়ায় সময় ও জনভোগান্তি আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%