০৫:৩৭ পি.এম
দেশ কি আবারও আগুন-সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জনজীবনকে জিম্মি করার রাজনীতির দিকে ফিরে যাচ্ছে? দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং জননিরাপত্তার ওপর আঘাতের ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, এসব সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, যারা প্রতিদিনের শ্রমে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেন, তারাই রাজনৈতিক সহিংসতার বলি হচ্ছেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে নজর দিলে উদ্বেগের কারণ আরো স্পষ্ট হয়ে ওঠে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে থাকে। ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনসংলগ্ন এলাকা এবং বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ৯ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১০ নভেম্বর ফরিদপুর, গাজীপুর, সাভার ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়ার খবর প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রাঙ্গণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বিস্ফোরণের ঘটনাও জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডের তদন্ত করছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেও ককটেল নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে সব ঘটনার পেছনের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের পরিচয় তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
এই ধারাবাহিকতার সবচেয়ে মর্মান্তিক পরিণতি হচ্ছে ফরিদপুরের বাসচালক মো. কালাচাঁদ শেখের মৃত্যু। ১০ নভেম্বর ভোরে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁদ। আগুন ও ধোঁয়ার মধ্যে তার মৃত্যু হয়। তিনি ছিলেন তিন সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে একটি পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেছে। একই রাতে শ্রমিক পরিবহনের আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, কোন রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একজন নিরীহ শ্রমজীবী মানুষের জীবন কেড়ে নেওয়া হলো? ক্ষমতার লড়াইয়ে কালাচাঁদের অপরাধ কী ছিল?
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
এখানে প্রশ্ন উঠছে, যারা রাজনীতির নামে আগুন জ্বালায়, তারা হয়তো রাজনৈতিক বক্তব্য দিতে পারে, কর্মসূচি ঘোষণা করতে পারে কিংবা ক্ষমতায় প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতে পারে; কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের মূল্য সাধারণ মানুষকে জীবন দিয়ে দিতে হবে কেন?
আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ, রাজনৈতিক বিরোধিতার পরিসর সংকুচিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে গুরুতর বিতর্ক রয়েছে। ১৯৭২–৭৫ সালের শাসনামলে রাজনৈতিক সংঘাত, বিরোধী মত দমন, জাতীয় রক্ষীবাহিনীর বিরুদ্ধে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এবং ১৯৭৫ সালে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের বিতর্কিত অধ্যায়।
আওয়ামী লীগের সহিংসতা ও রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রসঙ্গ আলোচনায় এলে ১৯৭৫ সালের সিরাজ সিকদারের মৃত্যুর ঘটনা স্মরণ করা প্রয়োজন। পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদার ১৯৭৫ সালের ১ জানুয়ারি গ্রেপ্তার হন এবং পরদিন সাভারের কাছে পুলিশের হেফাজতে নিহত হন। তৎকালীন সরকারি ভাষ্য ছিল, তিনি পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। তবে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে তাকে জাতীয় রক্ষীবাহিনীর হেফাজতে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। সে সময় সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান দম্ভ করে বলেছিলেন, ‘কোথায় আজ সিরাজ সিকদার?’ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে তার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত একটি ঘটনা।
পরবর্তী সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বিশেষ করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দমন-পীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক মামলার ব্যবহার, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
আরও পড়ুন: হেফাজতে ইসলামের দাবি, ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী ষড়যন্ত্রের অংশ
২০১৩–১৪ সালের আগুন-সন্ত্রাসের প্রসঙ্গও এই রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আওয়ামী লীগের হিংসাত্মক রাজনীতির সবচেয়ে বিভীষিকাময় অধ্যায়টি উন্মোচিত হয় তাদের বিগত দেড় দশকেরও বেশি সময়ের দীর্ঘ শাসনামলে। ২০১৪ সালের একতরফা নির্বাচন থেকে শুরু করে ২০১৮ ও ২০২৪ সালের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার জন্য দলটি অগণিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার এবং প্রতিপক্ষকে নির্মূলের নীতি গ্রহণ করেছিল। এর আগে ২০০৪ সালে রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসে গানপাউডার ব্যবহার করে আগুন দিয়ে ১১ জন সাধারণ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা এবং ২০১৩ সালে শাহবাগেই বিহঙ্গ পরিবহনের বাসে পেট্রোলবোমা হামলায় মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে, সাধারণ মানুষের জীবন তাদের কাছে কতখানি তুচ্ছ ছিল। ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে বা রাজনৈতিক কৌশল হিসেবে সাধারণ মানুষের রক্ত ঝরাতে তারা কখনো দ্বিধা করেনি।
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ছাত্র-জনতার আন্দোলন যখন রাষ্ট্রক্ষমতার এই ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ফেটে পড়ে, তখন আওয়ামী লীগ সরকার নিজেদের টিকিয়ে রাখতে নজিরবিহীন ও বর্বরোচিত শক্তি প্রয়োগের পথ বেছে নেয়। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে ছাত্র, তরুণ, শিশু ও সাধারণ নাগরিকদের ওপর চালিত এই গণহত্যার নির্মমতা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তদন্তেও প্রমাণিত হয়েছে। অবশেষে আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং সাড়ে ১৫ বছরের এক নির্মম শাসনের পতন ঘটে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনে সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সহিংস উপাদানের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয় উঠে আসে। প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের আশঙ্কা নিয়েও আরো তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান
এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক দায় কেবল অতীতের কোনো একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি দল যখন দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকে বিরোধী মতের জায়গা সংকুচিত করে, রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে বিবেচনা করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দেয়, তখন তার রাজনৈতিক উত্তরাধিকারও বিচার্য হয়ে ওঠে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারত থেকে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট রাজনৈতিক তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাপ্রবাহ নতুন করে প্রশ্ন তৈরি করছে।
লেখক আগেও বলেছিলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রত্যাবর্তনের প্রশ্ন নয়; এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, বিচারপ্রক্রিয়া, জননিরাপত্তা এবং আঞ্চলিক কূটনীতির সম্পর্ক রয়েছে। তবে উদ্বেগজনক হচ্ছে, হাসিনার দেশে ফেরার ঘোষণার আড়ালে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে এবং ফ্যাসিবাদের বিদেশি ও দেশি দোসররা এসব ঘটনায় ইন্ধন দিচ্ছে।
তবে এখানে লেখক দ্বিধাহীন চিত্তে বলতে চান, বাংলাদেশের জনগণ কোনো ব্যক্তির রাজনৈতিক প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষার কাছে জিম্মি হতে পারে না। কোনো দলের ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের জীবন, জীবিকা ও জাতীয় অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলার অধিকার কারও নেই।
আরও পড়ুন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক
সবচেয়ে বড় কথা হলো, বর্তমান বিশ্বায়নের যুগে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব আর শুধু রাজধানীর রাজপথ কিংবা স্থানীয় জনজীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা, উৎপাদনব্যবস্থা, সরবরাহব্যবস্থা, বন্দর পরিচালনা, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এই খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে। ফলে রাজনৈতিক সহিংসতা, সড়ক অবরোধ, পরিবহনব্যবস্থায় বিঘ্ন কিংবা কারখানার নিরাপত্তাহীনতা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সরবরাহ সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
ইতোমধ্যে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নের কারণে আন্তর্জাতিক ক্রেতাদের উদ্বেগের খবর প্রকাশিত হয়েছে। ২০২৬ সালের ২ নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে রপ্তানিকারকেরা আশঙ্কা প্রকাশ করেছেন, অস্থিতিশীলতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশের অর্ডার কমিয়ে দিতে পারেন। কিছু অর্ডার ভারত, পাকিস্তানসহ অন্য দেশে স্থানান্তরের আশঙ্কার কথাও প্রতিবেদনে এসেছে। ৪ নভেম্বর দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, অস্থিরতার কারণে কিছু বিদেশি ক্রেতা কারখানা পরিদর্শনের নির্ধারিত সফর বাতিল করেছেন এবং বিকল্প উৎপাদন গন্তব্য বিবেচনা করছেন।
এখানে বলে রাখা ভালো যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সময় বাংলাদেশের কিছু পোশাকের অর্ডার ভারতসহ বিকল্প উৎপাদনকেন্দ্রে চলে যাওয়ার খবরও প্রকাশিত হয়েছিল। সূত্রমতে, প্রায় ৫০ শতাংশ অর্ডার ভারতে চলে গিয়েছিল। বাস্তবতা হচ্ছে, আন্তর্জাতিক ক্রেতারা নির্ভরযোগ্য সরবরাহকারী খোঁজেন। বাংলাদেশে উৎপাদন ও পরিবহন বাধাগ্রস্ত হলে তারা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে পারেন।
আরও পড়ুন: ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২,৪৪৭ মামলা
সবচেয়ে বড় ক্ষতি হবে সাধারণ শ্রমজীবী মানুষের। একজন পোশাকশ্রমিক, পরিবহনশ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা দিনমজুরের কাছে এক দিনের কর্মহীনতা মানে পরিবারের খাবার, বাড়িভাড়া, চিকিৎসা কিংবা সন্তানের শিক্ষার ব্যয় নিয়ে অনিশ্চয়তা। যাদের সংসার প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল, তাদের কাছে রাজনৈতিক অস্থিতিশীলতা কোনো বিমূর্ত বিষয় নয়; এটি সরাসরি জীবন-জীবিকার সংকট।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান বাস্তবতা ২০–৩০ বছর আগের বাংলাদেশের মতো নয়। এখন একটি অগ্নিসংযোগ বা বিস্ফোরণের ঘটনা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম, বৈশ্বিক সরবরাহব্যবস্থা এবং আন্তর্জাতিক বিনিয়োগের পারস্পরিক নির্ভরতার কারণে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাও দ্রুত আন্তর্জাতিক অর্থনৈতিক প্রভাব তৈরি করতে পারে।
সুতরাং এখানে লেখক সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন, বিপুল জনরায় নিয়ে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। জনগণের এই রায়ের প্রতি সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে নাগরিকের জীবন, সম্পদ, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত করা। অতএব আগুন-সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এখানে কোনো ধরনের শৈথিল্য কাম্য নয়। অপরাধী যে দলেরই হোক, তাকে শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে নাশকতার অর্থদাতা, পরিকল্পনাকারী ও সংগঠকদেরও আইনের আওতায় আনতে হবে। নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সরকারের পক্ষ থেকেও শুধু ষড়যন্ত্রের কথা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। অপরাধ প্রতিরোধে কার্যকর গোয়েন্দা ব্যবস্থা, দ্রুত তদন্ত, নিরপেক্ষ বিচার এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: বিমানবহর আধুনিকায়নে ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী
একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে, জনগণের ভোট ও সমর্থন অর্জনের পথ কখনোই আগুন, বিস্ফোরণ কিংবা আতঙ্কের মধ্য দিয়ে তৈরি হয় না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক শক্তি—কেউই সহিংসতার দায় থেকে মুক্ত থাকতে পারে না।
বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত, ক্ষমতার লড়াই, দমন-পীড়ন এবং সহিংসতার মূল্য দিয়ে আসছে। ১৯৭৫ সালের রাজনৈতিক বিপর্যয় থেকে শুরু করে ২০১৩–১৪ সালের সংঘাত এবং ২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান—প্রতিটি অধ্যায়ই আমাদের সামনে একটি কঠিন শিক্ষা রেখে গেছে: রাষ্ট্র ও রাজনীতি যখন মানুষের জীবনকে উপেক্ষা করে, তখন তার পরিণতি হয় ভয়াবহ।
আওয়ামী লীগ যদি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে প্রথমে তাকে তার অতীতের মানবাধিকার লঙ্ঘন, দমন-পীড়ন ও রাজনৈতিক দায়ের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এর আগেও বহুবার লেখক এ কথা বলেছেন। বর্তমান বাস্তবতায় আগুন-সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে প্রত্যাবর্তনের বদলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তুলতে পারে।
পরিশেষে লেখক বলতে চান, বাংলাদেশ আর কোনোভাবেই আগুন-সন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে পারে না। দেশের অর্থনীতি, শিল্প, রপ্তানি, বিনিয়োগ, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং কোটি মানুষের জীবন-জীবিকা এখন রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় ফিরে আসার আকাঙ্ক্ষা কখনোই মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না।
রাজনীতি যদি মানুষের জন্য হয়, তাহলে মানুষের বাসে আগুন দেওয়া যাবে না, মানুষের কর্মস্থলে আতঙ্ক সৃষ্টি করা যাবে না, মানুষের জীবিকা ধ্বংস করা যাবে না। বাংলাদেশের জনগণ আর কোনো দলের ক্ষমতার লড়াইয়ের জিম্মি হতে চায় না। তারা চায় নিরাপদ জীবন, কর্মসংস্থান, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন। জনগণের আস্থা ও গণতান্ত্রিক জবাবদিহির মধ্য দিয়েই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হতে হবে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে নয়। সুতরাং দেশের প্রতিটি মানুষের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান কর্তব্য। মহান আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সহায় হোন।
লেখক : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন