০৫:৩৯ পি.এম
ভোলার লালমোহন উপজেলায়, বাগান থেকে সুপারি পারার ঘটনা কেন্দ্র করে আব্দুল জলিল রাঢ়ী (৬৪) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই শহীদ রাঢ়ীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত শহীদ রাঢ়ীকে (৭৫) আটক করেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে, উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। উভয়েই ওই এলাকার মৃত মনু মিয়া রাঢ়ীর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকালে বাড়ির বাগানে গাছ থেকে সুপারি পারতে যান বড় ভাই শহীদ রাঢ়ী। এ সময় সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ থাকায় ছোট ভাই জলিল তাকে সুপারি পাড়তে বাধা দেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে ছোট ভাই আব্দুল জলিল গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয়রা বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘গাছ থেকে সুপারি পারাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আমরা আটক করেছি। নিহতের স্বজনরা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’
আরও পড়ুন: সুন্দরবনে কয়লাবোঝাই কার্গোতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
তিনি আরও জানান, ‘এছাড়াও নিহত আব্দুল জলিলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন