১২:১১ এম
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের 'ফিউচারমেকার্স' প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রতিযোগিতাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ধারণা নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়।
সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী সল্যুশন নিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “এআই ফর সোশ্যাল গুড।”
এই সংস্করণে দেশের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭,০০০-এরও বেশি শিক্ষার্থী ১,১০৩টি ধারণা জমা দেন। ২০২৫ সালের প্রথম সংস্করণের তুলনায় এ বছর শিক্ষার্থী অংশগ্রহণের হার ৪০% বেশি ছিল।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, পরিবর্তন আসছে প্রাইভেসি সেটিংসে
ফিউচারমেকার্স-এর দ্বিতীয় সংস্করণে স্টেম এবং নন-স্টেম উভয় ধারায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাতটি চ্যালেঞ্জিং বিষয়ের ওপর এআই-চালিত ধারণা রূপায়নের আহ্বান জানানো হয়। বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি, পরিবেশগত ভারসাম্য ও জলবায়ু প্রতিক্রিয়া এবং নিরাপত্তা, সুরক্ষা ও ডাটার গোপনীয়তা।
গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ গ্রামীণফোনের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, শিল্পখাতের বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
ফাইনালিস্টরা বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.), গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন, চিফ স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার আন্দ্রেয়াস হগবার্গ, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং চিফ ইনফরমেশন অফিসার ড. নিরঞ্জন শ্রীনিবাসনের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে তাদের সল্যুশনগুলো উপস্থাপন করেন। প্যানেলটি উদ্ভাবন, বাস্তবায়নযোগ্যতা, সামাজিক প্রভাব এবং এআই-এর বাস্তবভিত্তিক প্রয়োগ বিবেচনায় নিয়ে ধারণাগুলো মূল্যায়ন করেছে।
প্রজেক্ট 'ইকোক্লিপ'-এর জন্য প্রথম স্থান অধিকার করেছে টিম লাবডাব; এটি একটি এআই-চালিত ক্লিপ-অন ডিভাইস, যা সাধারণ স্টেথোস্কোপকে হৃদরোগের সম্ভাব্য প্রাথমিক লক্ষণ শনাক্তকরণের যন্ত্রে রূপান্তর করে।
আরও পড়ুন: নাগরিক তথ্য সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
অন্যদিকে নদীভাঙনের পূর্বাভাস দিতে এআই-চালিত ব্যবস্থা তৈরি করে দ্বিতীয় স্থান অধিকার করেছে টিম রিভার সেন্টিনেল; এটি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করতে এবং ঝুঁকিতে থাকা মানুষদের পূর্বাভাস বা আগাম সতর্কতা দিতে সক্ষম। আর প্রজেক্ট 'স্পষ্ট এআই'-এর জন্য তৃতীয় স্থান অধিকার করেছে টিম জিনক্সড; এটি হচ্ছে এআই-এর সহায়তায় পরিচালিত একটি স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন- যার মাধ্যমে নির্দেশনা অনুযায়ী বাড়িতে অনুশীলন এবং অগ্রগতি পরিমাপ করা সম্ভব, যাতে ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত হয়।
সৃজনশীলতা এবং সল্যুশনগুলোর সম্ভাবনার স্বীকৃতি হিসেবে বিজয়ী দলগুলোকে পুরস্কৃত করা হয়। তারা যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরষ্কার পেয়েছেন। পাশাপাশি গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম 'নেক্সট বিজনেস লিডার' এবং 'নেক্সটার্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম '-এ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন তারা।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণরা যেন এই রূপান্তরে অংশ নিতে প্রয়োজনীয় সরঞ্জাম, দক্ষতা ও সুযোগ পায় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যাতে এআই-এর সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারে, এজন্য আমাদের তরুণদের শুধু নতুন নতুন প্রযুক্তি শেখা ও গ্রহণে উদ্বুদ্ধ করাই নয়, বরং তাদেরকে বাস্তব জগতের চ্যালেঞ্জ মোকাবেলায় সেগুলো কীভাবে প্রয়োগ করা যায় সেদিকে উৎসাহিত করতে হবে। আমি গ্রামীণফোনের 'ফিউচারমেকার্স'-এর মতো উদ্যোগকে স্বাগত জানাই, যা সারা দেশের শিক্ষার্থীদের এআই নিয়ে কাজ করতে, দক্ষতা বাড়াতে এবং উদ্ভাবনী ধারণাগুলোকে কার্যকর সল্যুশনে রূপান্তর করতে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যৎ-উপযোগী মেধার বিকাশ এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, ওএসপি, এনডিসি, পিএসসি, টিই (অব.) বলেন, “তরুণ উদ্ভাবকরা যেভাবে এআই ব্যবহার করে সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে এবং আরও বেশি মানুষের কাছে ডিজিটালাইজেশনের সুফল পৌঁছে দিতে পারে - তা সত্যিই উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীরা যেন দায়িত্বশীল উদ্ভাবন ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে দেশের জন্য তাদের ধারণা বাস্তবায়নে এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করছি।”
আরও পড়ুন: অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ৫০ ডলার নেবে
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “সারা দেশের তরুণদের মধ্যে যে অসাধারণ সৃজনশীলতা, মেধা এবং উদ্ভাবনী চিন্তা আমরা দেখতে পাই তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফিউচারমেকার্স-এর এই সংস্করণের একটি উৎসাহব্যঞ্জক দিক হলো এতে অংশগ্রহণ শুধু বড় শহর বা নামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী তরুণদের এআই-চালিত ধারণা নিয়ে এগিয়ে আসতে দেখেছি, যা প্রমাণ করে যে মেধা ও সম্ভাবনা শুধু ভৌগোলিক অবস্থান বা প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর নির্ভর করে না। এই ধরনের প্রতিশ্রুতিশীল মেধা দেখে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত আশাবাদী ও আত্মবিশ্বাসী।
গ্রামীণফোনে আমরা আমাদের ভূমিকাকে সহায়তাকারী হিসেবে দেখি- যা এমন সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে তরুণ উদ্ভাবকরা তাদের দক্ষতা বাড়াতে, নিজেদের সম্ভাবনা সম্পর্কে জানতে এবং তাদের ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। ফিউচারমেকার্স এবং আমাদের বিস্তৃত যুব ক্ষমতায়ন সংশ্লিষ্ট উদ্যোগগুলো কীভাবে তরুণদের চাহিদার ভাষা বুঝতে পারে এবং একটি নিরাপদ, স্মার্ট ও আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে তাদের অবদান রাখতে সক্ষম করে তোলে- তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি যে, একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে তরুণদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষতায় বলীয়ান করা এবং তাদের অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ প্রদান করা অপরিহার্য। ফিউচারমেকার্স-এর দ্বিতীয় সংস্করণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৈচিত্র্যময় একাডেমিক অবস্থানের শিক্ষার্থীদের একত্রিত করে তাদের এআই-এর প্রথাগত ব্যবহারের বাইরে গিয়ে সামাজিক কল্যাণে এর সম্ভাবনা খুঁজে বের করতে উৎসাহিত করেছে। আমাদের প্রত্যাশা, এই অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের শেখা, পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং তাদের ধারণাগুলোকে এমন সল্যুশনে রূপান্তর করতে অনুপ্রাণিত করবে, যা শুধু তাদের নিজেদের অগ্রগতি নয়; বরং দেশের সার্বিক উন্নয়নেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
আরও পড়ুন: ভিভো ভি৮০: ৫০ মেগাপিক্সেলের জাইস ক্যামেরা ও নতুন ডিজাইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন