০১:১৪ এম
গত তিন দশকে বাংলাদেশ শিক্ষাব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষার বিস্তারে দেশের সাফল্য স্পষ্ট। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ এখনো বিদ্যমান।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট-২০২৬’-এ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই অগ্রগতি তুলে ধরা হয়েছে। ‘অ্যাকসেস অ্যান্ড ইকুইটি : কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা খাতের রূপান্তরকে বিশেষ কান্ট্রি কেস স্টাডি হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল মাত্র ৩৪ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে ৯০ শতাংশে পৌঁছেছে, যা বৈশ্বিক গড় ৮৮ শতাংশের চেয়ে বেশি। একই সময়ের মধ্যে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে।
আরও পড়ুন: কুবি ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ
তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অগ্রগতি তুলনামূলক ধীর গতিতে হচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার প্রায় ৩৮ শতাংশ ছিল, যেখানে দক্ষিণ এশিয়ার গড় ৫৭ শতাংশ। যদিও ২০১৫ সালের পর থেকে এ পর্যায়ে শিক্ষার সমাপ্তির প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার গড় গতিকে ছাড়িয়ে গেছে।
শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতেও অগ্রগতি হয়েছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, ২০০৯ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থী ঝরে পড়ার হার ছিল ৪২ শতাংশ। ২০২৩ সালে তা কমে ২১ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বাইরে থাকা উচ্চ মাধ্যমিক বয়সি তরুণ-তরুণীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
জেন্ডার সমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে ইউনেসকো। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিম্নমাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের বাইরে থাকা ছেলেদের হার ১৫ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা মাত্র ৪ শতাংশ। মেয়েদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং ১৯৯৪ সালে চালু হওয়া মাধ্যমিক শিক্ষা সহায়তা কর্মসূচি এ সাফল্যে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ (আরওএসসি) প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ লাখ বিদ্যালয়বহির্ভূত শিশুকে শিক্ষার আওতায় ফিরিয়ে আনার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারেও বড় পরিবর্তন এসেছে। ২০০২ সালে দেশে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল প্রায় ১,৬০০। ২০২২ সালে তা বেড়ে প্রায় আট হাজারে পৌঁছেছে।
শিক্ষার বিস্তারের ইতিবাচক প্রভাব নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নেও পড়েছে। ২০২৩ সালে বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়ে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি বাল্যবিবাহ কমাতেও ভূমিকা রেখেছে।
তবে ইউনেসকো শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় পাসের হার বাড়লেও তা শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও শিখনফল নিশ্চিত করার একমাত্র মাপকাঠি নয়। তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অর্জনে উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে আরো কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এমএমআর
আরও পড়ুন: রাজধানীতে পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন