ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গোপালগঞ্জে মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার


গোপালগঞ্জে মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক হাজার ৩৮০ পিস ইয়াবা, সাত শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ এক লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামের একজন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্পের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ নাইমুর রহমানকে আটক করা হয়। তবে, এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

এসআরবি আরও জানায়, এই ঘটনায় আটক নাইমুর রহমান এবং পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে এবং জব্দ করা আলামত কাশিয়ানী খানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার গ্রেপ্তার হওয়া মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে রেশম শিল্পের উন্নয়নে বিশেষ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


রাজশাহীতে রেশম শিল্পের উন্নয়নে বিশেষ কমিটি গঠন

রাজশাহী, ৩ নভেম্বর, ২০২৬ : রেশম শিল্পের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার এবং এ শিল্পের সার্বিক উন্নয়নে স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে রাজশাহীতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রেশম শিল্পের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘রেশম শিল্পের হারানো গৌরব কীভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

তিনি আরো উল্লেখ করেন, এ শিল্পের উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। একইসাথে রেশম শিল্পের বিকাশে স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।

এ শিল্পের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ জানান, বর্তমান সরকার রেশম শিল্পকে গুরুত্ব দিয়েছে। এ শিল্পের উন্নয়নে উদ্যোক্তাসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সিল্ক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী বলেন, রেশম শিল্পের উন্নয়নে উন্নত জাতের রেশম পোকার ডিম ও উচ্চমানের সুতা প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘চীন ও ভারতের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। গুটি ও সুতার মান আরও উন্নত করতে হবে। এ ক্ষেত্রে রেশম শিল্পের বিকাশে রেশম উন্নয়ন বোর্ডের অধীন নার্সারিগুলোকে কাজে লাগাতে হবে।’

লিয়াকত আলী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সুযোগের কথা উল্লেখ করে বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নার্সারিগুলোকে কাজে লাগাতে পারলে দেশের রেশমের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।

সভায় তিনি মাছ চাষের মতো রেশম চাষেও সুদমুক্ত ঋণ দেওয়ার প্রস্তাব করেন।

সপুরা সিল্ক মিলস লিমিটেডের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, রেশম শিল্পের উন্নয়নে শুধু সুতা ও গুটির উন্নয়ন করলেই হবে না, কাপড়ের মানও উন্নত করতে হবে। এ শিল্পের বিকাশে ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে হবে।

সভায় রেশম শিল্পের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রস্তাবনা ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও শাহানা আখতার জাহান, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক নাসিমা খাতুন, মু. রেজা হাসান, মো. মিজানুর রহমান ও আনোয়ারুল হাসান, সিল্ক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, রেশম ব্যবসায়ী, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিজ্ঞানী ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-আকসায় ইসরাইলি বাহিনীর পাহারায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


আল-আকসায় ইসরাইলি বাহিনীর পাহারায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বাহিনীর নিরাপত্তায় অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন ইসরাইলি বসতি স্থাপনকারী। এ সময় তাদের মধ্যে কেউ কেউ মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার পালন করেন।

জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে ওয়াফা জানায়, বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের পূর্বাংশে প্রবেশ করেন এবং তারা কয়েকটি দলে ভাগ হয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তাদের মধ্যে কয়েকজন ডোম অব দ্য রকের বিপরীত পাশে দাঁড়িয়ে কথিত ‘এপিক প্রোস্ট্রেশন’ বা বিশেষ ধরনের ধর্মীয় সিজদা পালন করেন। পুরো সময়জুড়ে ইসরাইলি দখলদার বাহিনী তাঁদের নিরাপত্তা প্রদান করে।

আল-আকসার পূর্বাংশে বসতি স্থাপনকারীদের এ ধরনের ধর্মীয় আচার অব্যাহত রয়েছে। অন্যদিকে, যেসব এলাকায় বসতি স্থাপনকারীরা অবস্থান করছেন বা তাঁদের চলাচলের জন্য নির্ধারিত পথ রয়েছে, সেসব এলাকায় ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বাধা দেওয়া হচ্ছে।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, সকাল ও বিকেলে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় মুসল্লিদের ওপর এ বিধিনিষেধ কার্যকর থাকে।

সূত্র: ফানা নিউজ, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা ও কাতারভিত্তিক সংবাদ সংস্থা কিউএনএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরের দুই মেট্রো স্টেশন এক ঘণ্টা পর চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


মিরপুরের দুই মেট্রো স্টেশন এক ঘণ্টা পর চালু

মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রো স্টেশন প্রায় এক ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত স্টেশন দুটিতে ট্রেন থামা শুরু করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, সকাল ১১টা ৫০ মিনিটে শ্রমিক আন্দোলনে সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটিতে ট্রেন থামানো বন্ধ করে দেওয়া হয়। একইসাথে, স্টেশন দুটির সবগুলো গেটও বন্ধ রাখা হয়। ট্রেন থামানোর কারণে কোনো যাত্রীও নামেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।

আজ মঙ্গলবার বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকরা রাস্তায় নেমেছে। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ ও বাঁশে আগুন দেয়। এর ফলে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মেট্রো রেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামার খবর পাওয়া যায়।

ডিএমটিসিএল সূত্র জানাচ্ছে, মেট্রো রেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

এর আগে, গত রবিবারও কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়েছিল। ডিএমটিসিএল এটিকে স্টেশন ‘স্কিপ’ করা বলে উল্লেখ করেছে। অর্থাৎ, মেট্রো রেল চলাচল করবে, তবে শুধুমাত্র দুটি স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ার ইউএনও’র মাদকবিরোধী আহ্বান, সুন্দর জীবন গড়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


টুঙ্গিপাড়ার ইউএনও’র মাদকবিরোধী আহ্বান, সুন্দর জীবন গড়ার পরামর্শ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ও শান্তি-শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হক। সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) মো. এমদাদুল হক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, "মাদক সমাজের একটি ক্যানসার। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে এবং নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে হবে।" তিনি সমাজের আশপাশে যদি কোনো মাদকাসক্ত ব্যক্তি বা মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চোখে পড়ে, তাহলে তা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, "মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, "মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার নানা সংকটের মুখে পড়ে।" তিনি উল্লেখ করেন যে, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পরিচালক সাজেদুল হক বলেন, "নিজের চোখে তিনি দেখেছেন, একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়।" তিনি সতর্ক করেন যে, এর প্রভাব শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সমাজেও ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও কর্মমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনুষ্ঠানের সভাপতি ও অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে নারকেল ও সফেদাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে টুঙ্গিপাড়ায় আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল, মাদকমুক্ত ও সমাজ উন্নয়নে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%