০২:০৪ পি.এম
গ্রেপ্তারি পরোয়ানা, নিয়মিত মামলা ও মহানগর অধ্যাদেশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার
বরিশাল মহানগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত ১৫ নভেম্বর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিএমপির চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল।
অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ৬০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এবং আইনগত প্রক্রিয়ার আওতায় আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপির দেওয়া অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাতজন, নিয়মিত মামলায় চারজন, বরিশাল মহানগর অধ্যাদেশে সাতজন এবং অন্যান্য আইনে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ আটক একজনকে নিয়ে অভিযানে সর্বমোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ বিশেষ অভিযান নগরীর অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চলমান কার্যক্রমের অংশ।
এদিকে মাদক নির্মূলে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মাদকসংক্রান্ত কোনো তথ্য, মাদক ব্যবসা, মাদক সরবরাহ কিংবা সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসংক্রান্ত তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
মাদকমুক্ত ও নিরাপদ বরিশাল গড়ে তুলতে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিএমপি।
আরও পড়ুন: মাদারীপুরে কবির মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন