০২:১৩ পি.এম
সৌদি আরব-সমর্থিত বাহিনী ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথটির নিয়ন্ত্রণ এখন হুথি বিদ্রোহীদের হাতে চলে গেছে।
রোববার ইয়েমেনের সামরিক বাহিনী জানায়, এডেনের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে প্রণালি-সংলগ্ন ধুবাব বিমানবন্দর ও আশপাশের এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।
গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে ইরান-সমর্থিত হুথিরা এই এলাকা দখল করে নেয়। পরে সৌদি-সমর্থিত বাহিনী অঞ্চলটি পুনর্দখলের জন্য অভিযান শুরু করে। তবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে কয়েক সপ্তাহের সেই অভিযান কার্যত শেষ হয়ে গেল।
আরও পড়ুন: মার্কিন অবরোধ সত্ত্বেও ইরানে ৬ মাসের খাদ্য মজুতের নিশ্চয়তা
বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত, যা বিশ্ববাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। হুথিদের হাতে এর নিয়ন্ত্রণ চলে যাওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এদিকে ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছে কয়েকশ। ২০১৪ সালে রাজধানী সানা দখলের মাধ্যমে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়।
আরএ
আরও পড়ুন: পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আইএইএ উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন