০২:৫০ পি.এম
শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সঠিক শিক্ষা, সুন্দর মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলির মাধ্যমে একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘আলোকিত শৈশব, সম্ভাবনাময় ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনাসভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (১০ নভেম্বর) চরফ্যাশনের ২ নং তেলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আয়েশা রিপা, মোহাম্মদ শামীম, রাকিবুল হাসান, ইকরাম, তুহিন, মোহাম্মদ আবির, মোহাম্মদ নিহাদ, মোহাম্মদ জিহাদ, ফারহানা, আতিক, রিয়াদ সহ অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
আলোচনাসভায় প্রধান শিক্ষক পিন্টু কুমার দাস বলেন, একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শৈশব। এ সময়ে অর্জিত শিক্ষা, অভিজ্ঞতা, আচরণ এবং মূল্যবোধ তার ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখা উচিত নয়; তাদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম, সহমর্মিতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায়, কেউ গান, কবিতা, চিত্রাঙ্কন কিংবা সৃজনশীল কাজে পারদর্শী। শিশুদের এসব সুপ্ত প্রতিভা বিকাশের জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের ওপর অযথা চাপ সৃষ্টি না করে তাদের আগ্রহ, মেধা এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে হবে।
আলোচনায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক থেকে দূরে থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আয়েশা রিপা বলেন, ‘একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি তৈরি হয় আজকের শিশুর মধ্য দিয়ে। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আনন্দময় এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের স্বপ্ন দেখতে শেখাতে হবে, নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ দিতে হবে এবং তাদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করে শিক্ষকরা বলেন, সামাজিক সংগঠনগুলোর এ ধরনের শিক্ষামূলক এবং সচেতনতামূলক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, শিশুদের পাশে থেকে তাদের শিক্ষা, সৃজনশীলতা এবং মানবিক বিকাশে ধারাবাহিকভাবে কাজ করা প্রয়োজন।
আলোচনা সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা। একই সঙ্গে নিজেদের জীবনের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, বসুন্ধরা শুভসংঘ সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক, শিক্ষামূলক এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। শিশুদের মেধা এবং মননের বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
আলোচনা সভাটি শিশুদের মধ্যে শিক্ষা, সচেতনতা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা সৃষ্টির মধ্য দিয়ে শেষ হয়।
আরও পড়ুন: পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন