০৪:৪০ পি.এম
ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর (ডিজিসিএ) জানিয়েছে, বর্তমানে বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ১৯০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যা পুনরুদ্ধার কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র আকার ধারণ করলে নিরাপত্তার স্বার্থে কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক ফ্লাইট বাতিল বা বিকল্প দুটি দেশে সরিয়ে নেয়া হয়। পরে ধাপে ধাপে বিমান চলাচল পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ২৪ এপ্রিল কুয়েত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সীমিত পরিসরে খুলে দেয় এবং কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে শুরু করে। সেই সময় পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হয়ে কিছুটা ধাপে ধাপে পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়িত হতে থাকে। তবে পরিস্থিতি আবারো জটিল হয়ে ওঠে ৩ জুন। সে দিন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হন।
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয় এবং অনেক ফ্লাইট বিকল্প বিমানবন্দরগুলোতে সরিয়ে নেয়া হয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত এয়ারওয়েজের কিছু ফ্লাইট টার্মিনাল-৪ থেকে সীমিত আকারে আবার চালু করা হয়। পরে টার্মিনাল-৪ এবং টার্মিনাল-৫ ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
এরপর ১১ জুন ইরানি হামলার আশঙ্কায় কুয়েত আবারো সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে একই দিনে বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে থাকে।
সর্বশেষ কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালে কার্যক্রম প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১৯০টি ফ্লাইট পরিচালনা হচ্ছে এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোও ধীরে ধীরে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে আসছে।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন