০২:২১ এম
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্থগিত কিছু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে (বিও) শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আমার দেশকে জানান, কমিশন কিছু বিনিয়োগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার লেনদেনের শর্তে বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। যেসব বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট স্থগিত ছিল, তাদের আবেদনের ভিত্তিতে শেয়ার লেনদেনের সুযোগ দেওয়া হবে। তবে, মার্জিন থাকলে তা সমন্বয় করতে পারবেন, কিন্তু কোনো লিংক অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার স্থানান্তর বা শেয়ার বিক্রি থেকে অর্থ উত্তোলন করা যাবে না।
বিএসইসির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিও অ্যাকাউন্ট যেগুলো জব্দ করা হয়েছে, সেগুলোর লেনদেন আগের মতোই স্থগিত থাকবে। বিএফআইইউ, আদালত, দুদক বা অন্য কোনো সংস্থার নির্দেশে যেসব বিও অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, সেগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না।
আরও পড়ুন: বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ও দুই পরিচালকের পদত্যাগ
ওই কর্মকর্তা আরও জানান, নানা অনিয়ম ও কারসাজির কারণে স্থগিত হওয়া প্রভাবশালী বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই জেলে রয়েছেন বা পালিয়ে গেছেন। তাদের আবেদন করার সুযোগ নেই এবং এসব বিনিয়োগকারীর লেনদেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগও নেই।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর বিএসইসি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আদালতের নির্দেশে বিপুলসংখ্যক বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়েছিল।
পুঁজিবাজারের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলে রাজনীতিবিদ, উচ্চ সম্পদমূল্যের অধিকারী কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির প্রায় ৬১৭টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। স্থগিত করা বিও অ্যাকাউন্টগুলোর মধ্যে প্রায় ৫০ শতাংশ হিসাব বিএসইসি নিজেই স্থগিত করেছিল। শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানো বা শেয়ার কারসাজির সুনির্দিষ্ট অভিযোগে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অনেক হাই-প্রোফাইল বিনিয়োগকারীকে ইতিপূর্বে উল্লেখযোগ্য অঙ্কের জরিমানাও করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারে নিয়মিত শেয়ার লেনদেন স্বাভাবিক করা এবং বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে এই নীতিগত ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
ডিএসইর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী মনে করেন, বিএসইসির এ সিদ্ধান্ত বাজারে লেনদেনে গতি বাড়াতে সাহায্য করবে। তিনি আমার দেশকে বলেন, ‘বিএসইসির সিদ্ধান্তটি ইতিবাচক। বড় নেটওয়ার্ককারীদের অংশগ্রহণে বাজারে লেনদেন বাড়বে। এসব বিনিয়োগকারী নিয়মিত বাজারে লেনদেন করেন। ফলে তাদের অংশগ্রহণে বাজারে কিছুটা হলেও গতি ফিরবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন