বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:৫৬ পি.এম
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের আহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তারা ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে দাবি জানান, যাতে নিরাপদ পারাপার নিশ্চিত করা যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, যা যাত্রী ও চালকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
আহত জাবের হোসেন ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরের দিকে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাস জাবেরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং তারা দলে দলে সড়কে নেমে আসেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিরাপদে পারাপারের কোনো ব্যবস্থা না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা। তারা বারবার দাবি জানালেও এখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানান।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার জুড়ে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (অপরাধ) এস এম শফিকুল ইসলাম জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি ও ক্ষোভের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বিরোধীজোটের প্রতি ইঙ্গিত করে বলেছেন, "অনেক সমালোচনা করছেন।" তিনি উল্লেখ করেন, "তারেক রহমান সব সহ্য করছেন।" আগামী ৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, তাতে ৫ বছর লাগবে না। তিনি দাবি করেন, "২-৩ বছরে দেশের চেহারা পাল্টে যাবে।"
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, "যার দল নাই; তার বল নাই।" তিনি আরও বলেন, দলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন, "১৭ বছর লড়াই-সংগ্রাম করেছেন। বিজয় না হলে আজ আমরা ফাঁসির আসামি থাকতাম।"
তিনি চাঁদাবাজির সঙ্গে বিএনপির সম্পর্ক নেই বলে দাবি করেন। আব্দুস সালাম বলেন, "যদি কেউ হয় সে বিএনপি না।" তিনি যোগ করেন, "চাঁদাবাজ-টেন্ডারবাজমুক্ত দেশ গড়তে হবে।"
আব্দুস সালাম ৬ মাসে সব কিছু ঠিক হয়ে যাবে না উল্লেখ করে বলেন, "রোডমার্চ দিয়ে কী করবেন, গ্যাস-বিদ্যুৎ-ব্যাংকের টাকা আনবেন? একটা ব্যাংক তো খাইছেন। বিরোধীতা করছেন, সমালোচনা করছেন করেন। সংসদে কথা বলছেন, বলেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক তিন ভারতীয় নাগরিকসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃত ভারতীয়দের মধ্যে একই পরিবারের তিন সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। বাকি ছয়জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে শ্রীনাথপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তিন ভারতীয় নাগরিকের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের জগদীশ সিংয়ের কন্যা শিবানী সিং (২৭), একই জেলার নাকশিপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) এবং তার কন্যা দেবশ্রী বিশ্বাস (১৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানোর পর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন।
আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বিষ্ণুপুর গ্রামের শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া গ্রামের দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়া থানার রাজিহার গ্রামের অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদ থানার গণকপাড়া গ্রামের পূর্ণিমা মৃধা (২০), ঝিনাইদহের মহেশপুর থানার অনন্তপুর গ্রামের বশির মোল্লা (৩৬) এবং ডাকাতিয়া উত্তরপাড়া গ্রামের তানজিল (৩৪)।
বিজিবি ও থানা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৬১-এর কাছে টহল পরিচালনা করে। এ সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতী নদীর বাঁশের সাঁকোর কাছ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানান, আটককৃত ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ভারতীয় নাগরিকেরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ৯ জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বারিধারায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায় ১৭ বছরের কিশোরকে জামিন প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আবদুল মোক্তাদির দুই হাজার টাকার মুচলেকায় জামিনের এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত ওই কিশোরের জামিন মঞ্জুর করেন।
এর আগে, ২৩ সেপ্টেম্বর গুলশান-১২ নম্বর সড়কের একটি বাসা থেকে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে। পরদিন ২৪ সেপ্টেম্বর, একই ট্রাইব্যুনাল তাকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেদিন কিশোরের পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল, কিন্তু আদালত পরে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে।
গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে, রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিমকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে দেয়। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়ি চালক আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা ওই কিশোরের নাম ছিল না।
বিষয়টি নিয়ে সমালোচনার পর ২৩ সেপ্টেম্বর ওই কিশোরকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন নিয়োগ নীতির আওতায়, যেসব প্রার্থী প্রতিবাদ বা আন্দোলনের সময় সহিংসতায় জড়িত হবেন, তাদের সরকারি চাকরিতে নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ভারতের উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের এই পরিবর্তিত নীতির অধীনে, চরিত্র যাচাই সম্পন্ন হওয়ার পূর্বে সাময়িক নিয়োগ দেওয়া সম্ভব, তবে সংবেদনশীল পদগুলোর জন্য বিস্তারিত পটভূমি যাচাই বাধ্যতামূলক। গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত প্রার্থীরা সরকারি চাকরির জন্য যোগ্য বিবেচিত হবেন না। খবরটি ইন্ডিয়া টুডে থেকে প্রকাশিত হয়েছে।
এই নীতিমালার মধ্যে রাজ্যের সরকারি বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে চরিত্র যাচাই এবং পুলিশি পরীক্ষার শর্তাবলি নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নীতির আওতায় হত্যা, ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অপরাধ এবং সাইবার জালিয়াতির মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রার্থীরা সরকারি চাকরির জন্য যোগ্য বিবেচিত হবেন না।
নীতিতে উল্লেখ করা হয়েছে যে, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য গোপন করলে নিয়োগ বাতিল হতে পারে। তাই নিয়োগ প্রক্রিয়ার সময় প্রার্থীদের তাদের ফৌজদারি অতীতের প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীদের চরিত্র যাচাই সম্পন্ন হওয়ার আগেই তাদের সাময়িক নিয়োগ দেওয়া যাবে। তবে সংবেদনশীল পদে নিয়োগের ক্ষেত্রে বিস্তারিত চরিত্র যাচাই ও পটভূমি পরীক্ষা (ব্যাকগ্রাউন্ড চেক) বাধ্যতামূলক থাকবে।
নীতির আওতায়, প্রার্থীদের নিজ জেলায় এবং গত পাঁচ বছরের মধ্যে তারা যেসব জেলায় এক বছরের বেশি সময় ধরে বসবাস করেছেন, সেসব জেলায় পুলিশি যাচাইকরণ করা হবে। সরাসরি নিয়োগের সময় যে যাচাই-বাছাই করা হয়, তার অংশ হিসেবে প্রার্থীদের বসবাসের ইতিহাস খতিয়ে দেখাও এই যাচাইকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। নতুন নিয়োগ নীতিটি কেবল সরকারি বিভাগগুলোতেই নয়, বরং করপোরেশন, কাউন্সিল, স্বায়ত্তশাসিত সংস্থা, পঞ্চায়েত ও স্থানীয় সংস্থাগুলোতেও সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ