ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি


নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। নমুনার ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

গতকাল রোববার বেলা আড়াইটার দিকে এই তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানে তদন্তের স্বার্থে সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে বিলম্ব হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য তথ্য-উপাত্তের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

আরও পড়ুন: মাদারীপুরে কবির মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এর আগে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। কমিটির প্রধান হিসেবে আহমেদ মাহবুব-উল-ইসলামকে নিযুক্ত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ এনে দৌলতপুর থানায় একটি মামলা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে মেয়ের সামনে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


ময়মনসিংহে মেয়ের সামনে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যা

ময়মনসিংহ নগরের একটি ছোট্ট মেয়ের সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান (৩৫) প্রাণ হারিয়েছেন।

এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে।

স্বজনদের তথ্য অনুযায়ী, সুরুজ জামান রোববার সন্ধ্যায় তার চার বছরের মেয়ে আদিবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন। তিনি মেয়ের জন্য জুতা কিনে বাড়িতে ফিরছিলেন। যখন তিনি মজিদ মার্কেট সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছান, প্রতিবেশী মেহেদীসহ কয়েকজন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমান কাউসার বলেন, ‘যারা মারছে তারা আওয়ামী লীগ-যুবলীগ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা বালুর ব্যবসা করতো। বিএনপি ক্ষমতায় আসার পর এখন আমার ভাই বালু ব্যবসা করে দেখে প্রতিহিংসায় ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।’

নিহতের স্ত্রী আঁখি আক্তার আহাজারি করতে করতে বলেন, "আমার জন্য জুতা কিনে এনেছিল আমার স্বামী। তা দেখে মেয়ে তাকেও জুতা কেনার বায়না করে। মেয়েকে জুতা কিনে দেয়ার জন্য মোটরসাইকেলে বের হয়। ফিরে আসার সময় আমার মেয়ের সামনেই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।"

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান জানান, নিহত জামান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপি নেতার মামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


গোপালগঞ্জে বিএনপি নেতার মামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ মামলাটি করেন। তিনি টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।

আজ রোববার দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর গত শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ এম


শেরপুরে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের প্রায় ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলাটি শেরপুর থানায় দায়ের করেন গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা। এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিদের পৃষ্ঠপোষকতায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি চলন্ত ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া নাশকতার ওই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় দুর্বৃত্তরা একটি চলন্ত বস্তাবোঝাই ভ্যানে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ভ্যানটি উদ্ধার করে।

শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন জানান, মহাসড়কে নাশকতার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা মিলবে কি এবার?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ এম


দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা মিলবে কি এবার?

বাংলাদেশের কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষকে নদীভাঙনের কারণে ১০, ১২, ১৫, এমনকি ২০ বার পর্যন্ত বাস্তুচ্যুত হতে হচ্ছে। জলবায়ু অর্থায়নের নামে নতুন করে ঋণের বোঝা চাপানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি প্রশ্ন তুলেছেন, পরবর্তী দুর্যোগের আগেই বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় অর্থ ও সহায়তা পৌঁছাবে কি না এবং সেই অর্থ আবার পরিশোধ করতে হবে কি না।

তুরস্কের আন্তালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর একটি সাইড ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব প্রশ্ন করেন। শনিবার সম্মেলনের যুব দিবস উপলক্ষে ‘জলবায়ু অর্থায়নের ২৫ বছর: অগ্রগতি, ঘাটতি ও রূপান্তরমূলক সমাধান’ শীর্ষক নীতিগত সংলাপের আয়োজন করে চেঞ্জ ইনিশিয়েটিভ ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ওয়াইপিএসএ)।

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কপ-৩১ প্রতিনিধি দলের প্রধান এবং জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনি এলাকার নদীভাঙনপ্রবণ চরাঞ্চলের মানুষের দুর্ভোগ তুলে ধরে তিনি বলেন, এসব এলাকার অনেক পরিবারকে জীবনে ১০, ১২, ১৫, এমনকি ২০ বার পর্যন্ত বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

তিনি বলেন, ‘ভাবুন তো, এসব মানুষকে বলা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্ব আরও বেশি জলবায়ু অর্থায়ন সংগ্রহে সম্মত হয়েছে। কিন্তু আমরা তো প্রতিদিনই দুর্যোগের মুখোমুখি হচ্ছি। আমাদের জানতে হবে, পরবর্তী ঝড়ের আগেই আমাদের কাছে কী পৌঁছাবে? আর সেই অর্থ কি আমাদের আবার পরিশোধ করতে হবে?’

কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান নির্ধারণে দুটি প্রশ্নকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে আরও দরিদ্র হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

বক্তব্যে জামায়াতের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন সালেহী। এগুলো হলো—অর্থ ছাড়ের সুস্পষ্ট সময়সূচিসহ সমন্বিত অনুদানভিত্তিক অর্থায়ন প্যাকেজ, সহনশীলতা তৈরির উৎস হিসেবে ঋণ মওকুফ, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে জ্বালানি রূপান্তর, ‘লিভিং রিভার রেজিলিয়েন্স ডেল্টা ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে প্রকৃতির অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু আলোচনায় জবাবদিহি নিশ্চিত করা।

সংলাপের শুরুতে চেঞ্জ ইনিশিয়েটিভের জুনিয়র রিসার্চ অ্যানালিস্ট নাজিফা আলম তোরসা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির মুখোমুখি দেশগুলোকে একদিকে নিজেদের জনগণকে সুরক্ষা দিতে হচ্ছে, অন্যদিকে ঋণ পরিশোধের চাপও বহন করতে হচ্ছে।

সংলাপে সভাপতিত্ব করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান। তিনি বলেন, জলবায়ু অর্থায়নে অর্থের অভাবই একমাত্র সমস্যা নয়; বরং অর্থদাতা দেশ ও প্রতিষ্ঠানগুলোর অনুদান দিতে অনাগ্রহ বড় বাধা। তাঁর মতে, জলবায়ু অর্থায়নের নামে বর্তমানে পরিকল্পিতভাবে ঋণনির্ভরতা তৈরি করা হচ্ছে।

চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ কো-অর্ডিনেটর মোফাজ্জল হোসাইন তথ্য-উপাত্ত উপস্থাপন করে বলেন, বিপুল অর্থ সংগ্রহের উদ্যোগ থাকলেও গ্রহের পরিবেশগত সীমা ক্রমেই অতিক্রম হচ্ছে। জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ছাড়া জলবায়ু কার্যক্রম কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না। ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহের ওপরও গুরুত্ব দেন তিনি।

সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি থেকে অর্জিত মুনাফার ওপর কর আরোপ করে বছরে প্রায় ৬০ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব। এ ছাড়া বিলিয়নিয়ারদের সম্পদের ওপর ন্যূনতম ২ শতাংশ কর এবং জাতীয় প্রতিরক্ষা বাজেটের ১ শতাংশ ‘ক্লাইমেট-সিকিউরিটি কন্ট্রিবিউশন’ হিসেবে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫ সালের রেকর্ড সামরিক ব্যয়ের ভিত্তিতে এ খাত থেকে বছরে প্রায় ২৯ বিলিয়ন ডলার সংগ্রহের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।

এম. জাকির হোসেন খান বলেন, বিমান পরিবহন, নৌপরিবহন, প্লাস্টিক ও আর্থিক লেনদেনের পাশাপাশি ক্রিপ্টো মাইনিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার থেকেও জলবায়ু অর্থায়নের জন্য অর্থ সংগ্রহের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

জলবায়ু অর্থায়নের অসম ব্যয়ের বিষয়টি তুলে ধরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও ভি২০ সচিবালয়ের পশ্চিম ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রকল্পপ্রধান মুহাম্মদ হাসিব খান বলেন, ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ১৫ থেকে ১৮ শতাংশ সুদে ঋণ নিতে হচ্ছে। বিপরীতে ধনী অর্থনীতিগুলো মাত্র ২ থেকে ৩ শতাংশ সুদে অর্থায়ন পাচ্ছে। এ ব্যবস্থাকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, একটি স্কুল ৪০ বছর ধরে জনগোষ্ঠীর সেবা দিলেও সেটি নির্মাণের ঋণ অনেক সময় তিন থেকে চার বছরের মধ্যে পরিশোধ করতে হয়।

তিনি ভি২০, ওপেক ফান্ড এবং ১৬টি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে নেওয়া ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি কমপ্যাক্ট’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এ উদ্যোগে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের সুযোগসহ সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।

জলবায়ু অর্থায়নবিষয়ক বাংলাদেশের প্রধান আলোচক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ বলেন, জলবায়ু অর্থায়নের কোনো সর্বসম্মত সংজ্ঞা এখনো নির্ধারিত হয়নি। পাশাপাশি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসি) অধীন তহবিলগুলোও প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না।

তিনি জানান, চলতি বছর অভিযোজন তহবিল ১৬০টি দেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার চাইলেও পেয়েছে মাত্র ৩০০ মিলিয়ন ডলার। জলবায়ু অর্থায়ন নতুন ও অতিরিক্ত হতে হবে, একই অর্থের দ্বৈত হিসাব করা যাবে না, বাজারভিত্তিক ঋণ দেওয়া যাবে না এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অগ্রাধিকার দিতে হবে—এমন চারটি নীতির ওপর গুরুত্ব দেন তিনি।

সংলাপে আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবিও ওঠে। বাংলাদেশ আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যবিষয়ক নেটওয়ার্কের সচিবালয় মালেয়া ফাউন্ডেশনের মিথুন টপ্পো এমন অনুদানভিত্তিক অর্থায়নব্যবস্থার আহ্বান জানান, যেখানে ‘ফ্রি, প্রাইর অ্যান্ড ইনফর্মড কনসেন্ট’ বা অবাধ, পূর্বানুমতিমূলক ও অবহিত সম্মতির নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনায় পার্বত্য চট্টগ্রামের বাইরের আদিবাসী জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোরামের প্রতিনিধি ও বলিভিয়ার আয়মারা নারী ওয়ারা রুইজ বলেন, ‘২৫ বছর একটি পূর্ণ জীবনকাল। আমরা আর অপেক্ষা করতে চাই না।’

অন্যদিকে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ক্যানসা) বাংলাদেশের প্রতিনিধি মো. শাহজাহান বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই সরকারি তহবিল থেকে আসতে হবে এবং তা অনুদানভিত্তিক হতে হবে। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থবিরতার বিপরীতে বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টিও তিনি তুলে ধরেন।

সংলাপে বক্তারা একমত হন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণনির্ভর অর্থায়ন নয়, বরং সহজ শর্তে অনুদান, ঋণ মওকুফ এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%