০১:৫০ পি.এম
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজেই সরাসরি অংশ নিয়ে রাস্তার পাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করেন। তার এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেনের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এ সময় ইউএনও মিল্টন চন্দ্র পাল সেখানে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কাজে যোগ দেন।
অভিযান চলাকালে রাস্তার দু’পাশের ঝোপঝাড়, আগাছা, লতাপাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। এতে সড়কের দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলেও নিরাপদ পরিবেশ তৈরি হয়।
একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনও মিল্টন চন্দ্র পালের নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত। তার এমন উদ্যোগ নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
পৌর প্রশাসক (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে বাকেরগঞ্জ থেকেই পরিচ্ছন্নতার কার্যক্রমকে আরও জোরদার করতে চাই। বাকেরগঞ্জের যুবসমাজ ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতেই আমি নিজে মাঠে নেমে কাজ শুরু করেছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে আমাদের পৌরসভাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন