ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাহুলের আহ্বান, সব ছাত্রসংগঠনকে ‘দিল্লি চলো’ পদযাত্রায় যোগ দিতে বললেন


রাহুলের আহ্বান, সব ছাত্রসংগঠনকে ‘দিল্লি চলো’ পদযাত্রায় যোগ দিতে বললেন

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আগামী রবিবারের ‘দিল্লি চলো’ পদযাত্রায় যোগ দেওয়ার জন্য সব ছাত্রসংগঠনকে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান, যা কথিত ভোট চুরি ও ভোটগ্রহণে অনিয়মের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ দেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই ‘দিল্লি চলো’ পদযাত্রার আয়োজন করেছে। তারা দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করার পরিকল্পনা করেছে। রাহুলের কর্মসূচিকে ইতোমধ্যে ‘ককরোচরা’ সমর্থন জানিয়েছে। তিনি সবাইকে পুলিশ বা লাঠিপেটার ভয় না পেয়ে এগিয়ে আসার আহ্বান জানান। রাহুল বলেন, ‘বিজেপির আর ওসব করার সাহস হবে না।’

‘ইন্ডিয়া’ দিল্লিতে ধারাবাহিক বিক্ষোভ-প্রতিবাদ চালিয়ে যাচ্ছে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে। একই দাবিতে ককরোচ জনতা পার্টিরও সমান্তরাল কর্মসূচি চলছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা, দ্য টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন: নব্য স্বৈরাচার পতিত স্বৈরাচারের ফেরা ঠেকাতে পারবে না: নাহিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষস্থানে নিজেকে দেখতে চান অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


শীর্ষস্থানে নিজেকে দেখতে চান অভিনেত্রী

আজ একই দিনে একক নাটকে অভিষেক ঘটছে এবং প্রথম ধারাবাহিক ‘পরম্পরা’ শেষ হচ্ছে। নিশ্চয়ই দোটানায় আছেন?

একদিকে আনন্দ অনুভব করা হচ্ছে, অন্যদিকে কষ্টও অনুভব হচ্ছে। ‘পরম্পরা’র স্মৃতি আজীবন মনে থাকবে। প্রথম দিন যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, তখন প্রচণ্ড নার্ভাস অনুভব করছিলাম। চারপাশে ভারী লাইট, বড় ক্যামেরা, এবং প্রোডাকশনে শত শত মানুষ ছিল। এক্সপ্রেশন কী দেব, সংলাপ কিভাবে বলব, কিছুই বুঝতে পারছিলাম না। আমার বেশিরভাগ দৃশ্যগুলো ছিল ডলি জহুর ও সুষমা সরকারের সঙ্গে। তাঁরা দুজনই আমাকে হাতে ধরে শিখিয়েছেন। তাঁদের প্রতি ঋণ কখনো শোধ করতে পারব না। তাছাড়া ইউনিটের সবাই অনেক সাহায্য করেছেন। এখনো সবাই আমাকে সাহস দেন এবং সহযোগিতা করেন। এ কারণেই আমার পথচলাটা সহজ হচ্ছে। অন্যদিকে আজ এনটিভিতে আমার অভিনীত প্রথম একক নাটক ‘আয়না’ প্রচারিত হবে। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। পরিচালনা করেছেন মুরাদ পারভেজ ভাই। আমি অপেক্ষা করছি একক নাটকে দর্শক আমাকে কতটা গ্রহণ করে সেটা দেখার জন্য।

মুরাদ পারভেজের পরিচালনায় আরো কয়েকটি নাটক করেছি।

হ্যাঁ, ‘চাঁদের কপালে চাঁদ’ এবং ‘চেনা গল্প’ নামের দুটি নাটক আমি এর মধ্যে করেছি। এই নাটক দুটিতেও তানভীর আমার সহশিল্পী। এ দুটিও এনটিভিতে প্রচারিত হবে। তাছাড়া আগামী মাসে সাতটা নাটক নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছি আমরা। সেখানে মুরাদ পারভেজ ভাইয়ের পরিচালনা থাকবে। আরো দুজন পরিচালক আছেন এই প্রজেক্টগুলোতে, তাঁরা হলেন রুদ্র বিপ্লব ও ধ্রুব আহমেদ।

পড়াশোনার পাশাপাশি এত নাটকে কাজ করছেন। সব সামলাতে পারছেন কি?

একটু কষ্ট তো হচ্ছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী। বুঝতেই পারছেন পড়ার চাপ কত বেশি! তবুও আমি চেষ্টা করছি অভিনয় এবং পড়াশোনা সমান তালে এগিয়ে নিতে।

‘দীপ্ত স্টার হান্ট’ থেকে এসেছেন। সেই পথচলাটা কেমন ছিল?

কাকতালীয়ভাবে আমি এই রিয়ালিটিতে যুক্ত হয়েছিলাম। একদিন আমার এক বন্ধু ফেসবুকে স্টার হান্টের বিজ্ঞাপন দেখে। সে আমাকে ফোর্স করে অংশ নেওয়ার জন্য। আমি ভাবলাম, এক দিনের ব্যাপার। যাব, অডিশন দেব এবং বাদ পড়ে যাব। নির্ধারিত দিনে গেলাম। প্রতিযোগী দেখলাম ছয়-সাত শ হবে। তিনটা অডিশন হলো। প্রথমটা দেওয়ার পর দ্বিতীয়টায় ডাক পড়ল। অবাক হলাম, একি! টিকে গেলাম? দ্বিতীয়টা দেওয়ার পর আবার তৃতীয়টায় ডাক পড়ল। সেটায়ও টিকে গেলাম। এবার কী করব? বাসায় ভয়ে ভয়ে ঘটনাটা বললাম। পরিবার মনে করল তিনটা অডিশনে টিকেছে তো কী হয়েছে! এবার বাদ পড়ে যাবে। আমিও পরে বাদ পড়ার প্রস্তুতি নিয়ে গেলাম। হায় হায়! দেখি সেরা ৪০ থেকে সেরা ২০-এ টিকে গেলাম। এবার একটু সিরিয়াস হলাম। পরে সেরা ৫-এ গিয়ে বাদ পড়লাম। তখন মন খারাপ হয়েছিল খানিকটা।

আপনি তো ঢাকা পদাতিকেও ছিলেন...

মাত্র ছয় মাস দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তখন কিছু ওয়ার্কশপও করেছিলাম। সৈয়দ জামিল স্যারের একটা ওয়ার্কশপ খুব কাজে লেগেছে। পরে পড়াশোনার চাপে আর নিয়মিত হতে পারিনি।

ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান?

অবশ্যই আমি শীর্ষস্থানে যেতে চাই। আমি যখন কোনো কাজ সিরিয়াসভাবে নেই, সেটি করে দেখাই। এখন চ্যালেঞ্জ হচ্ছে কত দিনে অভিনেত্রী হিসেবে শীর্ষস্থানে যেতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬’ আয়োজন করা হয়েছে, যা গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম বয়াতির ৯৭তম জন্মবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।

আজ বিকেল ৩টায় টিএসসির পায়রা চত্বরে এই আয়োজনটি সাংস্কৃতিক সংগঠন হারিকেনের উদ্যোগে সম্পন্ন হবে। স্মরণোৎসবে আবদুল হালিম বয়াতির জীবন, সংগীতসাধনা ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করবেন আলোকচিত্রী ও গবেষক নাসির আলী মামুন, লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. তপন বাগচী এবং ড. সাইমন জাকারিয়া।

এছাড়া, হালিম বয়াতির স্মৃতিচারণা করবেন তাঁর শিষ্য লাল মিয়া বয়াতি ও নজরুল বয়াতি এবং তাঁর পুত্র নিশানে হালিম।

স্মরণোৎসবে সংগীত পরিবেশন করবেন আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, সৈয়দ আশিকুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বগা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, মারুফ মৃণ্ময়, খোকন চিশতি, সোহাগ প্রামাণিক, জয়িতা অপা, সানজিদা প্রমি, ইমরান হোসাইন, অভিবাদন দাস, নবীন কিশোর গোস্বামী, নাজমূল সরকার নিহাত, রহমান জনি, মনিরুজ্জামান খান ও মাহাবুব খালাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন নগরবাউল জেমস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৯ এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবেন নগরবাউল জেমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের [জবি] ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ নভেম্বর ক্যাম্পাসে একটি দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিশেষ দিনে শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে নগরবাউল জেমসের কনসার্ট।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জেমসের পরিবেশনা অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রথম পর্বে, সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হবে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪০ এম


পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের গুলিতে শ্রমিক লীগ ও বিএনপি নেতা নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় গুরুতর আহত শিশুর বাবারও মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবদলকর্মী।

এছাড়া বরিশালের হিজলা উপজেলার মেঘনায় গুলিতে মৃত্যু হয়েছে এক জেলের। গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন এক বৃদ্ধ। ঝালকাঠির রাজাপুরে এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে পাওয়া গেছে একজনের লাশ। ময়মনসিংহের ধোবাউড়ায় একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পাবনা : পাবনার সদর উপজেলায় শ্রমিক লীগ ও বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন এবং শ্রমিক লীগ নেতা ও হাটের ইজারাদার আব্দুস সালাম হাজি। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম সহযোগীদের নিয়ে হাটে নিজের অফিসরুমে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাঁদের ওপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড। আমরা আরো তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে।’

ময়মনসিংহ : ধোবাউড়ায় শেখ হোসেন আলী ওরফে হোসেন নামের একজন বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় বাঁশঝাড়ের ভেতরে একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। হোসেন আলী একই গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, হোসেন আলী আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছয় বছরের শিশুকন্যা তওবাকে হত্যার ঘটনায় গুরুতর আহত তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার বিকেলে ইটভাটার কাছে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ জীবন নামের এক যুবদলকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলকে ১ নম্বর আসামি করে ১৫ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেছেন নিহতের মা কামরুন নাহার।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘গত মঙ্গলবার রাতে জীবনকে মারধর করে ছুরিকাঘাত করা হয়। তাঁকে চমেক হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়েছে।’

এদিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী সরকারি পুকুরপার এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, ‘মরদেহে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় আক্তার হাওলাদার (৪০) নামের এক জেলেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল হিজলার মেমোনিয়া ইউনিয়নের চর মেমোনিয়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১টায় তাঁর মৃত্যু হয়। হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, আক্তার অন্যান্য জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় তাঁদের ট্রলারে অন্য আরেক ট্রলার থেকে গুলি করা হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হন।

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে গতকাল মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ফজরের নামাজের পরপরই উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে নুরে আলম (৩১) নামের এক যুবককে দুর্বৃত্তরা বাসা থেকে তুলে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কতবেলতলা এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নুরে আলমের ভাতিজি ময়না আক্তার জানান, বুধবার রাত ৩টার দিকে মুখোশ পরা সাত-আটজন লোক চাপাতি দেখিয়ে তাঁদের ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, নুরে আলমকে রাস্তায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। রাস্তায় রক্ত লেগে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%