শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৭:০৪ পি.এম
নির্বাচনে পরাজিত হলেই জামায়াত নেতাকর্মীরা পাগলামি শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি খোকন তালুকদার বলেন, “গতকাল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন ঘিরে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে বটবাহিনী। তারা হেরে গিয়ে হয়তো কিছুদিন পাগলামি করবে। আমরা জানি, তারা যখন হেরে যায়, তখন পাগলামি করে।”
জামায়াত নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি জামায়াতের নেতাদের বলব, পাগলামিরও যেন একটা সীমাবদ্ধতা থাকে। সেই সীমা লঙ্ঘন করলে বাংলাদেশের মানুষের তোপের মুখে পড়তে হবে।”
নদীভাঙন প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর নির্দেশনা রয়েছে, জরুরি ভিত্তিতে যেখানে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধে কাজ করতে হবে। তাঁরা যেভাবে তথ্য দিয়ে ডিও লেটার পাঠাচ্ছেন, সরকার গুরুত্বের সঙ্গে সেসব এলাকায় নদীভাঙন প্রতিরোধে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৩৬ পিস ইয়াবা ও ১ কেজি ৩৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১৩ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইলের অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারসংক্রান্ত এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩৬ পিস ইয়াবা ও ১ কেজি ৩৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
টাঙ্গাইল জেলা পুলিশ বলেছে—
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও প্রতীক্ষিত মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতার বদল হবে না, তবে ট্রাম্পের দেশ শাসনের মেয়াদের বাকি দুই বছর কিভাবে চলবে, তা অনেকটাই নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের ওপর। যদি ডেমোক্র্যাটরা কংগ্রেসে নিয়ন্ত্রণ ফিরে পায়, তবে ট্রাম্পের জন্য সামনে খারাপ দিন অপেক্ষা করছে।
নির্বাচনের সকল প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া এতে বাধা সৃষ্টি করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিনে একটি বৃষ্টিবহুল ঝড় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসতে পারে, যা ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ লড়াইগুলোতে ভোটারদের উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আগামী মঙ্গলবার গ্রেট লেকস এবং আপার মিডওয়েস্টের কিছু অংশ থেকে শুরু করে পশ্চিম উপসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে; তবে ঠিক কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বিঘ্নসৃষ্টিকারী ভারি বৃষ্টিপাত হবে, তা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
আবহাওয়া বদলাতে পারে, তবে আপাতত মনে হচ্ছে আইওয়া, কানসাস, মিশিগান, টেক্সাস এবং এমনকি ওহাইওর কিছু অংশও এই ভেজা আবহাওয়ার মুখোমুখি হতে পারে।
মিডওয়েস্ট এবং সমভূমি অঞ্চলে বৃষ্টির সাথে দমকা হাওয়াও বইতে পারে। ঝড়ের দক্ষিণ প্রান্তে; টেক্সাস থেকে শুরু করে লোয়ার-মিসিসিপি উপত্যকা পর্যন্ত; তীব্র বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এই আবহাওয়া উক্ত রাজ্যগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোর ভোটারদের উপস্থিতির ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর বা নিয়ামক হয়ে উঠতে পারে।
ঝড়ের প্রভাবের বাইরে থাকা পূর্ব উপকূল এবং পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এর একমাত্র ব্যতিক্রম হতে পারে দক্ষিণ-পূর্বের উপকূলীয় অঞ্চলগুলো, যেখানে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাকে এখনই পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে অতিরিক্ত গরম কাপড় বা জ্যাকেট জড়িয়ে বের হওয়ার প্রয়োজন হবে না। দেশের পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১৫ ডিগ্রি ফারেনহাইট বেশি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বা শীতল থাকতে পারে।
গবেষণা এবং অতীতের নির্বাচনের ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, নির্বাচনের দিনে বৃষ্টি, ঝড় বা তীব্র শীতের মতো প্রতিকূল আবহাওয়া মূলত ভোটারদের উপস্থিতি কমিয়ে দেয়, যা পরোক্ষভাবে নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কট্টর দলীয় সমর্থকেরা আবহাওয়া যতই খারাপ হোক না কেন ভোট দিতে আসেন। কিন্তু যারা নির্দিষ্ট কোনো দলের সমর্থক নন বা শেষ মুহূর্তে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন তারা খারাপ আবহাওয়ায় ঘরের বাইরে বের হতে চান না। ফলে মিশিগান বা টেক্সাসের মত হাড্ডাহাড্ডি লড়াইয়ের রাজ্যগুলোতে এই ধরনের ভোটারদের অনুপস্থিতি পুরো ফলাফল বদলে দিতে পারে।
একাধিক গবেষণায় দেখা গেছে, বৃষ্টি বা খারাপ আবহাওয়া সাধারণত ডেমোক্র্যাটদের তুলনায় রিপাবলিকানদের কিছুটা সুবিধা দেয়। এর কারণ হলো—ডেমোক্র্যাটদের বড় একটি ভোটার গোষ্ঠী হলো তরুণ, কম আয়ের মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়, যাদের নিজস্ব গাড়ি বা যাতায়াতের সহজ সুবিধা কম থাকে। ফলে বৃষ্টি হলে তাদের ভোটকেন্দ্রে আসার হার কমে যায়। অন্যদিকে, রিপাবলিকান ভোটারদের একটি বড় অংশ গ্রামীণ ও বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও তাদের ভোট দেওয়ার প্রবণতা ও নিজস্ব যাতায়াত ব্যবস্থা তুলনামূলকভাবে ভালো থাকে। তবে নানা জরিপে দেখা গেছে, এবার রিপাবলিকানদের মধ্যে ভোট দেয়ার আগ্রহ তুলনামূলকভাবে কম। সে তুলনায় কংগ্রেসের দখল নিতে মরিয়া ডেমোক্র্যাটরা ভোট দিতে বেশি আগ্রহী।
তবে যেসব রাজ্যে ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষ আগাম ভোট দিয়ে দিয়েছেন সেখানে নির্বাচনের দিনের ঝড়ের প্রভাব কিছুটা কম হতে পারে। তবে যারা নির্বাচনের দিন সশরীরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের ওপর এটি সরাসরি প্রভাব ফেলবে।
ভারী বৃষ্টি বা বজ্রঝড়ের কারণে ভোটগ্রহণের গতি ধীর হয়ে যায় এবং ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনের সৃষ্টি হতে পারে। ঝড়ের মধ্যে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তি অনেক ভোটারকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য করে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে যেখানে অনেকগুলো অঙ্গরাজ্যে (যেমন- কানসাস, আইওয়া, মেইন) প্রার্থীদের জয়ের ব্যবধান খুবই সামান্য হতে পারে, সেখানে নির্বাচনের দিনের এক পশলা ভারি বৃষ্টিও জয়-পরাজয়ের প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ২০ শতাংশ বেশি। তিনি একইসাথে দেশের আমদানি বন্দরগুলোতে শক্তিশালী বাজার সিন্ডিকেট গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের ‘পেটে লাথি মারা’ হচ্ছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার রাজধানীতে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছি। আমাদের জরিপ অনুযায়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম ২০ শতাংশ বেশি।’
তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন আমদানি পয়েন্টে যেসব নিত্যপণ্য প্রবেশ করে, সেখানে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। দেশের বাজার নিয়ন্ত্রণকারী বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের আঁতাত রয়েছে।
এনসিপির এই নেতা আরো বলেন, বাজার সিন্ডিকেটের কারণে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মেহনতি মানুষের ঘরে চরম সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষের ফলে বিথী (২৫) নামের এক তরুণী আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার মুসুল্লিবাড়ি হিজলতলা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত বিথী গুলিসাখালী ইউনিয়নের বান্দবপাড়া গ্রামের আবদুল রহিমের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজীব পরিবহনের বাসটির সঙ্গে একটি ইজিবাইকের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বিথী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল আহমেদ জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মুসুল্লিবাড়ি হিজলতলা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই মোড়ে প্রায় প্রতি মাসে দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ এই মোড়টিতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ