১২:৫৪ এম
রাজধানীর আদাবর থানার মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) এবং মো. ইয়াছিন (২৫)।
আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আদাবর থানাধীন ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন