০৫:২৭ পি.এম
মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে মন্ত্রিসভা। এই অনুমোদন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে দেয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন কার্যকর করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার বিধান রাখা হয়েছে। তবে, এই পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিধানটি সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা
এ প্রেক্ষাপটে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায়, মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে আইনটির খসড়া প্রস্তুত করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটিতে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন