ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা কমছে: সিভিল সার্জন


খুলনায় হাম ও ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা কমছে: সিভিল সার্জন

খুলনা, ১৫ নভেম্বর, ২০২৬ : সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান জানিয়েছেন, খুলনার মধ্যে হাম ও ডেঙ্গুর সংক্রমণের ভয়াবহতা হ্রাস পাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার অব্যাহত রয়েছে। এই অভিযানকে আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আজ রোববার জেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় তিনি এসব মন্তব্য করেন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

সভায় জেলা প্রশাসক বলেছেন, সকল হাসপাতালে অগ্নিদুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। চলমান ওএমএস কার্যক্রমের মনিটরিং বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন: খুলনায় কৃষকের অধিকার নিয়ে খালি থালা হাতে মানববন্ধন

তিনি আরও উল্লেখ করেন, দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য মনোযোগী হতে হবে।

তিনি বলেন, প্রত্যেক জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটি গঠন করা এবং চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালীন গত মাসে ৩৯টি মোবাইল কোর্ট এবং ১৩৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২ লাখ মিটার জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় মোট তিন লাখ ৪৭ হাজার ৩৩২টি কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে অ্যাপসের মাধ্যমে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ দলীয় জোটের ২১ নভেম্বরের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


১১ দলীয় জোটের ২১ নভেম্বরের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

আগামী ২১ নভেম্বর সিলেটের দিকে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে এই তথ্য প্রকাশ করেন জোটের মুখপাত্র ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ সময় হামিদুর রহমান আযাদ মন্তব্য করেন, সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আতাত করেছে। তিনি বলেন, "সারাদেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার তা দমনে ব্যর্থ। ইচ্ছা করেই তারা এমনটি করছে।" এর মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এটি প্রমাণ করে যে, সরকার গোপনে পতিত আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে।

তিনি আরও বলেন, "দণ্ডপ্রাপ্ত আসামিরা জামাই আদরে আপ্যায়িত হচ্ছে। এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে।"

হামিদুর রহমান আযাদ আরও উল্লেখ করেন, সরকার উল্টো পথ চলা শুরু করেছে এবং তাদের ওপর মানুষের আস্থা নেই। তিনি বলেন, "গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে, জাতীয় ঐক্য সম্ভব নয়।"

এ সময় তিনি জানান, দাবি বাস্তবায়নে দ্রুত নতুন কর্মসূচি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারি গ্রেফতার

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে, যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক স্কোয়াড লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি'র একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের ধলগা বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ওই গাড়ি থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা মোক্তার হোসেন ও রাজ্জাক নামের দুই ব্যক্তিকে আটক করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসায় হার, বাস্তবতায় নতুন উপলব্ধি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ভালোবাসায় হার, বাস্তবতায় নতুন উপলব্ধি

প্রিয় মানুষকে না পাওয়া জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি হতে পারে, পুরো জীবনের নয়। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সম্পর্কের সমীকরণ বদলায়, বদলে যায় অগ্রাধিকারও। যে মানুষটি একসময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, একসময় সে-ই হয়ে ওঠে অতীতের একটি স্মৃতি।
বাস্তবতা হলো, পৃথিবী কারও জন্য থেমে থাকে না। ব্যক্তিগত অনুভূতি যত গভীরই হোক, জীবন তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে। কাউকে ভালোবেসে হারানো মানেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়। বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে নতুনভাবে বাস্তবতা চিনতে শেখায়।
কারণ, ভালোবাসা জীবনের একটি অংশ; কিন্তু জীবন কখনোই শুধু একটি ভালোবাসার নাম নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
 

লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা গেছে।

১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে প্রকাশ্যে এই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তারা। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। 

 

হামলাকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টানিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন তারা।

 

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।

নিষিদ্ধ দলের নেতাকর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে

 এর আগে সকালে জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা। পরে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন হামলাকারীরা।

মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের অনেকের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও দেখা যায়।

এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।

মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা দুইটার পর শহরের বিভিন্ন স্থানে তাদের অবস্থান কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%