০১:৩৮ এম
গোপালগঞ্জের পর এবার ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, মহাসড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের সময় উত্তেজনা সৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩০) নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণের ফলে তিনি নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।
অন্যদিকে, এর আগে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। পুখুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা শেষে তারা ভাঙ্গার দিকে ফিরছিলেন। এ সময় হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির দাবি, হামিরদী বাসস্ট্যান্ডের দুই পাশ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজু মোল্লা মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে পড়ে যান। তার কাছাকাছি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ডান পায়ের চামড়া ঝলসে যাওয়ার চিহ্ন দেখা গেছে। তবে বিস্ফোরণ, হামলা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রাজুর বাবা আক্তার মোল্লা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘রাজু আমাকে সব সময় বলত, বিরোধীপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর নজর রাখছে। আমি ওকে সাবধানে চলাচল করতে বলেছিলাম। কিন্তু ও বাঁচতে পারল না। আমার সংসার অন্ধকার করে দিয়ে চলে গেল। আমি ওর হত্যার বিচার চাই।’
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘আমাদের উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা ককটেল বিস্ফোরণে মারা গেছেন। পুখুরিয়া বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে ভাঙ্গার দিকে ফেরার পথে হামিরদী বাসস্ট্যান্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি মারা যান।’
তবে রাজুর মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তাসনিরুল ইসলাম বলেন, ‘কিভাবে রাজু মোল্লার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জরুরি বিভাগে তাকে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
আরও পড়ুন: মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
এ ঘটনার খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজুর মরদেহ দেখতে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে ফেরার পথে রাজুকে একা পেয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। শিবচরসহ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সংগ্রহ করে তারা হামলা চালায়। হঠাৎ করে তারা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায়।’
রাত সাড়ে ১১টা পর্যন্ত এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলা ও মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন