১০:২৬ পি.এম
পাবনার বেড়া উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দিনভর চলতে থাকে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষের তীব্রতা কিছুটা কমলেও, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে, যেকোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার দুপুর থেকে উপজেলার বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আহতদের নাম-পরিচয় ও সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ট্যাটা, বল্লম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
আরও পড়ুন: শান্ত ভাণ্ডারিয়াকে অশান্ত করতে দেব না
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, বর্তমানে সংঘর্ষের তীব্রতা কিছুটা কমেছে। সংঘর্ষের খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা থামানোর চেষ্টা করছে। আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার প্রেক্ষিতে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এ সময় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাচ্ছিল শিশু, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ
সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরাও ভাঙচুর করা হয়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন