১০:২৭ পি.এম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৩ জনকে আটক করেছে, যাদের কাছে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট ছিল।
শাহজালাল বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় শনিবার (২১ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং মো. শাওন (৩৯)।
আরও পড়ুন: বিদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। পরে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে আটক এক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর উদ্ধারকৃত বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পেস্টগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন সাড়ে ৭ কেজি, যা প্রায় ৬৪৩ ভরি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে শরীরের সঙ্গে লুকিয়ে বহন করা হচ্ছিল।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রথম ব্যক্তি সৌদি আরবে নিয়মিত আসা-যাওয়া করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসেন। তিনি ২ ও ৩ নম্বর আটক ব্যক্তিসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সম্মিলিতভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।
আরও পড়ুন: গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন