বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:২৭ পি.এম
বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ মার্কিন ডলারে (১৪ কোটি ৪৮ লাখ পাউন্ড) বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক এই নিলাম অনুষ্ঠিত হয়, যা নাৎসি আমলের বিতর্কিত ইতিহাস নিয়ে সৃষ্ট আইনি জটিলতা নিরসনের পরপরই হয়।
গত বুধবার নিউইয়র্কে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘সদবিস’ (Sotheby's) এই নিলামের আয়োজন করে। ১৮৯০ সালে ভ্যান গঘের জীবনের শেষ দুই মাসে আঁকা ‘শাতেনিয়ে অঁ ফ্লুর’ (চেস্টনাট ট্রিস ইন ব্লসম) নামের এই তৈলচিত্রটি শিল্পীর আগের সব নিলাম রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০২২ সালে ভ্যান গঘের একটি চিত্রকর্ম সর্বোচ্চ ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
নিলামের আগে চিত্রকর্মটির আনুমানিক মূল্য ১৮ কোটি ডলার ধরা হয়েছিল। ‘ব্ল্যাকিয়ার-আরিয়েতা কালেকশন’-এর অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়। তবে নিলামে চিত্রকর্মটি কে কিনেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সদবিস জানিয়েছে, ভ্যান গঘের জীবনের শেষ সময়ের আঁকা চিত্রকর্মগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম, যা ব্যক্তিগত সংগ্রহে রয়েছে।
নিলামের মাত্র কয়েক ঘণ্টা আগে চিত্রকর্মটির মালিকানা ও ইতিহাস নিয়ে দীর্ঘদিনের একটি বিতর্কের অবসান ঘটে। চিত্রকর্মটির বর্তমান মালিক ব্ল্যাকিয়ার-আরিয়েতা পরিবার এবং এর পূর্বতন জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ফিশার পরিবারের উত্তরাধিকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি বাহিনীর উত্থানের সময় চরম আর্থিক চাপে পড়ে আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছিল তাদের পরিবার। নাৎসি শাসনের কারণে ফিশার পরিবারের প্রকাশনা ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল।
নিলাম শুরুর আগে এক বিবৃতিতে সদবিস জানায়, নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে উভয় পরিবার একটি পারস্পরিক সন্তোষজনক সমাধানে পৌঁছেছে। তাদের চুক্তির ভিত্তিতেই চিত্রকর্মটি নিলামে তোলা হয়েছে।
উল্লেখ্য, ১৯০৯ সালে জার্মানির বিখ্যাত প্রকাশক স্যামুয়েল ফিশার চিত্রকর্মটি সংগ্রহ করেছিলেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর এটি পরিবারের উত্তরাধিকারীদের কাছে যায়। পরবর্তীতে আমস্টারডাম ও প্যারিস হয়ে চারজন মালিকের হাত বদলের পর ১৯৭৫ সালে ব্ল্যাকিয়ার পরিবার এটি কিনে নেয় এবং অর্ধশতাব্দীরও বেশি সময় নিজেদের সংগ্রহে রাখে। সূত্র: বিবিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেমোক্র্যাটরা দায়িত্ব গ্রহণের পূর্বে ফেডারেল বিচারকদের শূন্য পদগুলো পূরণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এ উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিচারকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তাড়াহুড়া করছিল প্রশাসন। তবে শেষ মুহূর্তে টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন ট্রাম্পের মনোনীত এক বিচারকের মনোনয়ন আটকে দিয়েছেন। কর্নিন স্পষ্টভাবে জানিয়েছেন, টেক্সাসের জন্য বিচারক পদে টেক্সাসের বাইরের কারো মনোনয়ন গ্রহণ করা সম্ভব নয়। সিএনএনের একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প টি এলিয়ট গেইজারকে টেক্সাসের ফেডারেল বিচারক পদের জন্য মনোনয়ন দিয়েছিলেন। গেইজার, যিনি বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, মূলত ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা।
টেক্সাসের বিদায়ী সিনেটর জন কর্নিন বুধবার সিএনএনকে জানান, টি. এলিয়ট গেইজারের মনোনয়ন বিবেচনার জন্য তিনি সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ‘ব্লু স্লিপ’ ফেরত দেননি। এর মাধ্যমে তিনি নিজ অঙ্গরাজ্যের বিচারক পদে মনোনীত ব্যক্তিকে আটকে দেওয়ার সিনেটের প্রচলিত প্রথাটি প্রয়োগ করেছেন।
গেইজার বর্তমানে বিচার বিভাগের ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ গ্রহণের পর নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে পড়ার আশঙ্কায় চলতি মাসের শুরুর দিকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
টেক্সাস-ভিত্তিক এই পদটির জন্য টেক্সাসের বাইরের কাউকে মনোনীত করার কারণে কর্নিন এই মনোনয়নে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো বিচারিক অভিজ্ঞতা নেই এবং যথাযথ যাচাই-বাছাই করা হয়নি; টেক্সাসের বাইরের এমন কাউকে আমার ওপর চাপিয়ে দেওয়া আমি কিছুতেই মেনে নেব না। তাই আমরা হোয়াইট হাউসকে একটি বিকল্প নাম দিয়েছি, এবং আমি আশা করছি তারা এর সুযোগ নেবে, কারণ আমিও চাই না পদটি শূন্য পড়ে থাকুক।’ কর্নিন এর আগে এই পদের জন্য বিচার বিভাগের সাবেক প্রসিকিউটর স্টিভ ফাহির নাম প্রস্তাব করেছিলেন।
কর্নিনের এই পদক্ষেপের ফলে ট্রাম্পের মনোনীত শেষ ব্যাচের বিচারকদের নিয়ে বুধবার অনুষ্ঠিত জুডিশিয়ারি কমিটির শুনানিতে গেইজার উপস্থিত হতে পারেননি। তিন ঘণ্টার ওই শুনানিতে ট্রাম্প মনোনীত সাতজনকে কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। মূলত ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্প প্রশাসনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রায় দেওয়ার সক্ষমতা তাদের আছে কিনা, তা যাচাই করতে চেয়েছিলেন।
নর্থ ক্যারোলাইনার মিডল ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক পদে মনোনীত ফিলিপ অবার্টকে উদ্দেশ করে কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, ‘সবাই যাতে বিষয়টি বুঝে, আমি এই প্রশ্নটি করছি মূলত আপনার স্বাধীনতা বা নিরপেক্ষতা পরীক্ষা করার জন্য।’
কমিটির কয়েকজন সদস্য মনোনীত ব্যক্তিদের ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন। ব্লুমেন্থাল সরাসরি জানতে চান, প্যানেলে উপস্থিত কেউ সেদিন ক্যাপিটল হিলে ‘হামলা’ হয়েছিল বলে স্বীকার করতে রাজি আছেন কিনা।
তবে মনোনীত ব্যক্তিদের কেউই এর উত্তর না দেওয়ায় তিনি বলেন, ‘এটি একটি দুঃখজনক দিন।’ এ ছাড়া মনোনীত ব্যক্তিদের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দেওয়ার মানসিকতা নিয়েও বারবার প্রশ্ন করা হয়।
বুধবারের শুনানি শেষে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এই বিচারিক পদগুলো পূরণে রিপাবলিকানদের তাড়াহুড়োর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘এটি আরো একটি দুঃখজনক দিন, আরো একটি হতাশাজনক এবং করুণ প্রচেষ্টা; যেখানে মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলোর দীর্ঘস্থায়ী শক্তির বিনিময়ে স্বল্পমেয়াদি রাজনৈতিক ফায়দা খুঁজছে।’
এর জবাবে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর এবং প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া ২২ জন ফেডারেল বিচারকের কথা উল্লেখ করে পাল্টা যুক্তি দেন।
গেইজার সাম্প্রতিক মাসগুলোতে ‘অফিস অফ লিগ্যাল কাউন্সেল’ থেকে বেশ কয়েকটি আইনি মতামত দিয়েছেন, যার অনেকগুলোই বিতর্কের জন্ম দিয়েছে। অক্টোবরের শুরুতে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, মাদক কার্টেল এবং সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি দীর্ঘ তালিকার বিরুদ্ধে প্রাণঘাতী হামলার ন্যায্যতা দিয়ে ট্রাম্প প্রশাসন একটি গোপন আইনি মতামত তৈরি করেছে। ওই মতামতে যুক্তি দেওয়া হয়েছিল যে, তারা আমেরিকানদের জন্য হুমকি সৃষ্টি করায় এই হামলাগুলো অনুমোদিত। পরবর্তীতে তিনি কংগ্রেসের নির্বাচিত কয়েকজন সদস্যকে বলেন যে, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব প্রাণঘাতী হামলা চালিয়ে যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগাছায় দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ২০ জন সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া, জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রটির জন্য ২ মেট্রিক টন চালের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।
পীরগাছার দেবী চৌধুরাণী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র সমাজে অবহেলিত, পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন এবং যাঁদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, এমন প্রবীণদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জীবনের শেষ সময়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানিয়েছেন, অসহায় প্রবীণদের হাতে সামান্য উপহার তুলে দেওয়ার পর তাঁদের মুখের তৃপ্তির হাসি ও কৃতজ্ঞতার চাহনি এ ধরনের মানবিক কাজে অনুপ্রেরণা জোগায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ