ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার


টঙ্গীতে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরমান হোসেন (২৩), আওয়ামী লীগ কর্মী গোলাপ (৪২), রাকিব (১৮) এবং সুমন (১৮)।

আরও পড়ুন: বাকেরগঞ্জের নিয়ামতিতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কার, পরিদর্শনে সোহেল ফরাজী

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাদাম বালুর মাঠের দক্ষিণ পাশে একটি টিনশেড বাড়ি থেকে আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এরপর সোমবার মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। পাশাপাশি, কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বৈধ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শিগগিরই অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে বাংলাদেশের রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। তিনি সরকারের আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যের প্রসঙ্গ তুলে ধরে বিপুলসংখ্যক জনশক্তি পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

মিলার নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ বাড়ানো এবং অতিরিক্ত ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের বৈধ উপায়ে ইউরোপে প্রবেশের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বৈধ অভিবাসন ব্যবস্থা জোরদারে কাজ করবে ইইউ।

এছাড়া, বাংলাদেশে ‘ইউরোপিয়ান ট্রেইনিং ফাউন্ডেশন’ কার্যক্রম সম্প্রসারণ এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে ইইউর সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।

সাক্ষাতে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইনে ট্রেড ইউনিয়ন বা দল গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্যতা, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন ইইউ রাষ্ট্রদূত।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানান, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক পরিদর্শক কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করবে।

এ সময় ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমের কথা তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নকে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরা হল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরা হল

লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এ বাংলাদেশ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের ২৬টি অফশোর ব্লক নিয়ে চলমান বিডিং রাউন্ডে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে ‘মিনিস্টেরিয়াল অ্যাড্রেস’-এ এসব বিষয় তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উল্লেখ করেন, দেশের দ্রুত বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়ানোর জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

চলমান বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সামিটে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন। তিনি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতিগুলো তুলে ধরেন।

উপস্থাপনায় বাংলাদেশের তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি)-২০২৬ প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তগুলোও তুলে ধরা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা করার এবং চলমান বিডিং রাউন্ডে অংশগ্রহণের জন্য সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নেওয়ার পর একজনকে হত্যা করে ফরিদপুরের বোয়ালমারীতে লাশ ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. মাসুদুর রহমান মাসুদ (৪০) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর ক্যাম্পের এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এর আগে সোমবার বিকেলে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর এলাকার মো. রুস্তম আলীর ছেলে।

মামলার নথি ও এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়িক কাজে যাওয়ার সময় ইব্রাহীম (৩৫) এবং তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এনার্জি পাম্পের পাশে একটি খাবারের হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন। খাবার খেয়ে হোটেল থেকে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে করে ৭-৮ জন সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইব্রাহীম ও হোসেনকে জোর করে গাড়িতে তুলে নেয়।

পরে তাঁদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে পিকআপচালক হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়া হলেও ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

এসআরবির প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, অপহরণের পর ইব্রাহীমকে মারধর করে মালামাল ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাকী রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় নিহত ইব্রাহীমের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে ঝিনাইদহের পোড়াহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সায়িদুর রহমান জানান, এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্প থেকে মো. মাসুদুর রহমান নামে হত্যা মামলার এক আসামিকে থানায় আনা হয়েছে। বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ : পশ্চিম মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে।

দুজন স্থানীয় ত্রাণকর্মী মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত থেকে এই তথ্য জানিয়েছেন।

সোমবার দুপুরে রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার এবং নদী তীরবর্তী বাণিজ্যিক এলাকায় এই হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে হামলার পর প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেছেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৫৮ জন আহত হয়েছেন।’

তিনি আরও উল্লেখ করেছেন, হামলার পর আগুনে কয়েকটি লাশ পুড়ে যাওয়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক স্থানীয় স্বেচ্ছাসেবকও জানিয়েছেন, বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%