মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৮ এম
গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রনজিত বকশি সূর্য (৬৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
গ্রেপ্তার হওয়া রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির পুত্র।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব জানিয়েছেন, বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পাশাপাশি মার্কিন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বিশ্ববাজারের স্বর্ণের দামে বড় ধরনের প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মূল্যবান ধাতুটির দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ হ্রাস পেয়ে ৪ হাজার ৪৩৭.১০ ডলারে নেমে আসে। আগের সেশনে এটি ১৯ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৫.৩০ ডলারে উঠেছে।
স্বর্ণের বাজারে চাপ তৈরির প্রধান কারণ হিসেবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক কঠোর অবস্থানের ইঙ্গিতকে দেখা হচ্ছে। জ্যাকসন হোলে দেওয়া বক্তব্যে তিনি মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফেরার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস না থাকলে ফেডকে আরও পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন। এর ফলস্বরূপ, গত শুক্রবার স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে যায়।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে বৃদ্ধির সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন। সুদের হার বৃদ্ধির ফলে সাধারণত স্বর্ণের প্রতি আকর্ষণ কমে যায়, কারণ সুদবিহীন এই ধাতুর তুলনায় সুদ পাওয়া যায় এমন সম্পদ বিনিয়োগকারীদের কাছে অধিক আকর্ষণীয় হয়ে ওঠে।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কা বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রভাবে তেলের দামও টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৯১ ডলারের ওপরে উঠেছে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়তে পারে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ানোর পথে গেলে স্বর্ণের ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে।
এদিকে, স্বর্ণ ছাড়াও অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে ৬৬.৩৪ ডলারে, প্লাটিনাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩.০৩ ডলারে এবং প্যালাডিয়াম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫৬.৭৫ ডলারে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল ছাত্র অনুমেষ রোড এক্সিডেন্টে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন।
স্কুল ছাত্র অনিমেষের অসুস্থতার খবর শোনে বিভিন্ন ফলমূল নিয়ে তাকে দেখতে ছুটে যান তারুণ্যের শক্তি সংগঠনের একদল স্বেচ্ছাসেবী।
এমনকি তার চিকিৎসার জন্য পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় সংগঠটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জুলফিকার আলী, জিয়াউর রহমান ও সভাপতি দুলাল হাসান, সেক্রেটারি রাহিমুল ইসলাম ও সদস্য বাবলু উপস্থিত ছিলেন।
তার উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তার পিতামাতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় আড়াই বছর ধরে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদটি শূন্য রয়েছে।
২০২৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এ পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়টি এখনো এ পদে নিয়োগ থেকে বঞ্চিত।
শুধু উপ-উপাচার্য নয়, দীর্ঘদিন শূন্য থাকার পর নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হলেও নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ দুটি পদ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২০ সালের ১০ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে চার বছরের জন্য বেরোবির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২০ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রায় আড়াই বছর ধরে পদটি শূন্য রয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১২(১) ধারায় বলা হয়েছে, আচার্য প্রয়োজনবোধে তাঁর নির্ধারিত শর্তে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় উপ-উপাচার্য পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাচার্যের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, একাডেমিক কার্যক্রমের তদারকি, বিভিন্ন নীতিনির্ধারণী কমিটির সমন্বয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উপ-উপাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় এসব দায়িত্বের বড় একটি অংশ উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এদিকে প্রায় দুই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি।
বেরোবির সর্বশেষ ট্রেজারার ছিলেন অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। তিনি ২০২৪ সালের ১৭ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় দুই বছর পদটি শূন্য ছিল। দীর্ঘ অপেক্ষার পর নতুন ট্রেজারার নিয়োগ হলেও তাঁর যোগদান না করায় বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, উপ-উপাচার্য ও ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ দুটি পদ। একটি পদ দীর্ঘদিন শূন্য থাকা এবং অন্য পদে নিয়োগের পরও দায়িত্ব গ্রহণ না হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি করছে। দ্রুত উপ-উপাচার্য নিয়োগ এবং নতুন ট্রেজারারের দায়িত্ব গ্রহণ নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করছেন তারা।
যোগদানের বিষয়ে নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, এক মাসে আগে যেমন ছিল এখনো তেমনি আছে। আর এ বিষয়ে আমার কাছে নতুন কোন তথ্য নাই। এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা হয়তো সঠিক তথ্য দিতে পারবেন।”
এ বিষয়ে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “প্রো-ভিসির নিয়োগের বিষয়ে এখনো কোনো আপডেট নেই। এ নিয়োগ আমার হাতে নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে। আর ট্রেজারারের জন্য আমরা চেয়েছিলাম এবং নিয়োগও পেয়েছিলাম। তবে বিভিন্ন কারণে সে এখনো যোগদান করতে পারে নাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইন্দোনেশিয়ার জঙ্গল ও পিটল্যান্ডে চলমান দাবানলের কারণে উৎপন্ন ধোঁয়ার ফলে মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের বিভিন্ন অঞ্চলে বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। এই ভয়াবহ বায়ুদূষণের ফলে শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে, দেশটির স্বাধীনতা দিবসের বেশ কিছু বহিরাঙ্গন আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারাওয়াকের ছয়টি এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। মালয়েশিয়ার এয়ার পলিউট্যান্ট ইনডেক্সে ১০০-এর বেশি স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। তবে রাজ্যের রাজধানী কুচিংয়ে সূচক ৪০৭ এবং কালিমানতান সীমান্তবর্তী সেরিয়ানে ৪০৮-এ পৌঁছে যায়।
ইন্দোনেশিয়ার অংশের বোর্নিও দ্বীপ, যা কালিমানতান নামে পরিচিত, সেখানকার দাবানলের ধোঁয়া আগস্ট মাসজুড়ে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের আকাশে ছড়িয়ে পড়েছে। এই ধোঁয়ার প্রভাব পড়েছে মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চল, ব্রুনেই ও সিঙ্গাপুরেও।
২০১৫ সালের পর এটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ভয়াবহ ধোঁয়াশা পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই বছর ইন্দোনেশিয়ার দাবানলের বিষাক্ত ধোঁয়ায় কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং পাঁচ লাখের বেশি মানুষ শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগেছিলেন।
কুচিংয়ের ৩৩ বছর বয়সী বাসিন্দা মিয়া এমিলিয়া হাসান জানান, "চারদিকে ধোঁয়ার গন্ধ এবং ঘন কুয়াশার মতো পরিবেশ।" তিনি উল্লেখ করেন যে, এক মাসের বেশি সময় ধরে তিনি নীল আকাশ দেখতে পাননি। তার ১০ মাস বয়সী মেয়ে সম্প্রতি ফুসফুসের সংক্রমণের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। কিন্তু ধোঁয়ায় শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হচ্ছে এবং কাশি ও বমিতে ভুগছে। শ্বাস নিতে না পারায় দুইবার তাকে জরুরি বিভাগে নিতে হয়েছে।
বাড়ছে হাঁপানি ও শ্বাসযন্ত্রের রোগ
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৩ থেকে ২৯ আগস্টের সপ্তাহে দেশে হাঁপানির রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১১ জনে। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল মাত্র ২১৯। একই সময়ে চোখের প্রদাহ বা কনজাংটিভাইটিসের ঘটনার সংখ্যা ১৪৬ থেকে বেড়ে ৭২০-এ পৌঁছেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ মাত্রার আন্তঃসীমান্ত ধোঁয়াশা সতর্কতা জারি করেছে। দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং বাড়তে থাকা দাবানলের হটস্পটের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বায়ুদূষণের কারণে সারাওয়াকে সোমবার স্বাধীনতা দিবসের বহিরাঙ্গন অনুষ্ঠান বাতিল করা হয়। সূচক ৫০০ ছাড়িয়ে গেলে স্থানীয় জরুরি অবস্থা জারি করার এবং সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন রাজ্যের উপপ্রধানমন্ত্রী ডগলাস উগাহ এমবাস। তখন শুধু জরুরি পরিষেবা চালু থাকবে।
দূষণের প্রভাব শিক্ষা ও খেলাধুলাতেও পড়েছে। বায়ুর মানের সূচক ১০০ ছাড়ালে স্কুলের বাইরের কার্যক্রম বন্ধ রাখার নিয়ম রয়েছে। ২০০ ছাড়ালে স্কুল বন্ধ করতে হয়। গত ২০ ও ২১ আগস্ট কুচিং ও আশপাশের প্রায় ৬০০ স্কুল বন্ধ ছিল। এতে প্রায় দুই লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়। ২৮ আগস্ট সারাওয়াকে আরও ৩০টি স্কুল বন্ধ করা হয়।
কালিমানতানে ভয়াবহ দাবানল
ধোঁয়াশার মূল উৎস ইন্দোনেশিয়া। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী দান্তে সাকসোনো হারবুওনো জানিয়েছেন, জুলাই ও আগস্টে প্রায় ১৩ হাজার ৫০০ মানুষ শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা নিয়েছেন। বোর্নিও ও সুমাত্রা দ্বীপে প্রায় ৫৫ লাখ মানুষ সরাসরি ধোঁয়ার সংস্পর্শে এসেছেন।
ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বোর্নিও ও সুমাত্রায় দুই লাখ হেক্টরের বেশি জমি আগুনে পুড়েছে। শুধু জুলাই মাসেই পুড়েছে প্রায় ৯৫ হাজার হেক্টর।
বিশ্লেষকদের মতে, এসব আগুনের বড় একটি অংশ ইচ্ছাকৃতভাবে লাগানো হয়। পাম তেল, কৃষি এবং কাগজশিল্পের জন্য জমি পরিষ্কার করতে বন ও কার্বনসমৃদ্ধ পিটল্যান্ডে আগুন দেওয়া হয়। আইনত নিষিদ্ধ হলেও এই চর্চা পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক দাবানলের ঘটনায় ৭২ জনকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ।
‘সুপার এল নিনো’র আশঙ্কা
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, চলতি দাবানলের মৌসুম দীর্ঘ হতে পারে। মালয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হেলেনা ভার্কি জানান, শক্তিশালী এল নিনোর কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবহাওয়া আরও উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। ফলে যেকোনো আগুনের আঞ্চলিক প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
মালয়েশিয়ার বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী জয়প্রকাশ মুরলিথারানের মতে, পরিস্থিতির সবচেয়ে খারাপ পর্যায় এখনও সামনে আসতে পারে। পিটের আগুন মাটির নিচে সপ্তাহের পর সপ্তাহ জ্বলতে পারে এবং বৃষ্টি না হওয়া পর্যন্ত আবারও জ্বলে উঠতে পারে।
তিনি জানান, বৃষ্টি না আসা পর্যন্ত মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের দিকে পর্যাপ্ত বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ